জাতীয়

রেইনবো নেশন গড়ে বৈষম্যহীন বাংলাদেশ নির্মাণই সরকারের লক্ষ্য: পার্বত্যমন্ত্রী

আপডেট: সেপ্টে ২৬, ২০২৬ : ০৫:৩২ এএম ৬ ০
রেইনবো নেশন গড়ে বৈষম্যহীন বাংলাদেশ নির্মাণই সরকারের লক্ষ্য: পার্বত্যমন্ত্রী

বাংলাদেশের সব ধর্ম, বর্ণ, ভাষা ও জাতিসত্তার মানুষের সমন্বয়ে বৈষম্যহীন ও সৌহার্দ্যপূর্ণ সমাজ গঠনে সরকার অঙ্গীকারবদ্ধ বলে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী সাচিং প্রু।

শুক্রবার কক্সবাজারে ‘রাখাইন বুড্ডিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’-এর ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সম্মাননা ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সরকারের এক তথ্যবিবরণীতে এ তথ্য জানানো হয়েছে।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত ‘রেইনবো নেশন’ বা রংধনু জাতির মূল দর্শন হলো, সব সম্প্রদায়ের মানুষ পারস্পরিক মেলবন্ধন ও সহমর্মিতা বজায় রেখে বৈষম্যহীনভাবে একটি সুন্দর বাংলাদেশ গড়ে তুলবে।

আন্তঃসম্পর্ক উন্নয়ন, পারস্পরিক ভ্রাতৃত্ববোধ, শ্রদ্ধা ও ন্যায়বিচার প্রতিষ্ঠাই সরকারের মূল কাজ বলে উল্লেখ করেন তিনি।

কক্সবাজারকে মাদকমুক্ত করার আহ্বান

পার্বত্য অঞ্চল ও কক্সবাজারের পর্যটন সম্ভাবনার কথা তুলে ধরে সাচিং প্রু বলেন, পর্যটন নগরী কক্সবাজারকে আরও পরিচ্ছন্ন ও দৃষ্টিনন্দন করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

পার্বত্য চট্টগ্রামসহ সমগ্র কক্সবাজারকে মাদকমুক্ত করার জন্য তিনি সবার সহযোগিতা কামনা করেন।

রাখাইন সম্প্রদায়ের অবদানের স্বীকৃতি

রাখাইন সম্প্রদায়ের উন্নয়ন ও দেশের অগ্রগতিতে তাদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন পার্বত্যমন্ত্রী। তিনি আশা প্রকাশ করেন, রাখাইন সম্প্রদায় নিজেদের পথরেখা তৈরি করে দেশের সার্বিক উন্নয়নে অবদান রাখবে।

একই সঙ্গে সম্প্রদায়টির কর্ম ও অর্জন বিভিন্ন প্ল্যাটফর্মের মাধ্যমে জাতির সামনে তুলে ধরার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে রাখাইন সম্প্রদায়ের চিকিৎসক, প্রকৌশলী, সিভিল ও পুলিশ ক্যাডারসহ বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান রাখা জীবিত ও মরণোত্তর ৩৮ জন বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা স্মারক দেওয়া হয়।

আলোচনা সভা শেষে রাখাইন সম্প্রদায়ের শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন মন্ত্রী।

রাখাইন বুড্ডিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি মং হলা চিংয়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফর রহমান কাজল এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামীম আরা বেগম স্বপ্না।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!