নদীর তীর রক্ষা প্রকল্পের কাজ নির্ধারিত সময়ের মধ্যে শেষ না করলে কিংবা কোনো অনিয়ম পাওয়া গেলে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের টেন্ডার বাতিলসহ প্রতিষ্ঠানটিকে কালো তালিকাভুক্ত করা হবে বলে জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
শুক্রবার লক্ষ্মীপুরের ভবানীগঞ্জ ইউনিয়নের পিয়ারাপুর শহীদ মাজহারুল মুনির উচ্চবিদ্যালয়ে নদীর তীর প্রতিরক্ষা কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সরকারের এক তথ্যবিবরণীতে এ তথ্য জানানো হয়েছে।
মন্ত্রী বলেন, সততা বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে নদীর তীর রক্ষার কাজ সম্পন্ন করতে হবে। প্রকল্পের কাজে কোনো ধরনের অনিয়ম ও দুর্নীতি যাতে না হয়, সে বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সতর্ক থাকতে হবে।
২০ থেকে ৩০ বছর ভাঙন থেকে সুরক্ষার আশা
পানিসম্পদমন্ত্রী বলেন, রহমতখালী ও ওয়াপদা খালের পানির চাপ এবং তীরভাঙনে দীর্ঘদিন ধরে এলাকার মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছেন। বর্ষা ও বন্যার সময় জলাবদ্ধতার কারণে বাড়িঘর ও উঠানে পানি জমে যায়।
এ সমস্যা সমাধানে বাংলাদেশ সাসটেইনেবল রিকভারি ইমার্জেন্সি প্রিপেয়ার্ডনেস অ্যান্ড রেসপন্স প্রকল্পের আওতায় স্যান্ড-সিমেন্ট-জিওব্যাগ পদ্ধতিতে তীর সংরক্ষণের কাজ শুরু হয়েছে।
তিনি বলেন, বালু ও সিমেন্ট দিয়ে তৈরি জিওব্যাগ খালের পাড়ে নিচ থেকে ওপর পর্যন্ত স্থাপন করা হবে। পানির চাপ মোকাবিলায় এ প্রযুক্তি কার্যকর ভূমিকা রাখবে।
এতে আগামী ২০ থেকে ৩০ বছর এলাকার মানুষ নদীভাঙন থেকে সুরক্ষা পাবেন বলে আশা প্রকাশ করেন মন্ত্রী।
৩০০ কোটি টাকার নতুন প্রকল্প
শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেন, বিশ্বব্যাংকের সঙ্গে আলোচনার পর মান্দারী ও দিঘলী থেকে মজুচৌধুরীর হাট পর্যন্ত প্রয়োজনীয় এলাকায় ব্লক দিয়ে স্থায়ী তীর সংরক্ষণের জন্য ৩০০ কোটি টাকার একটি নতুন প্রকল্প নেওয়া হয়েছে।
প্রকল্পটির কাজ শিগগিরই শুরু হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যাঁরা
অনুষ্ঠানে পানি উন্নয়ন বোর্ডের বি-স্ট্রং প্রকল্পের পরিচালক মোহাম্মদ সামিউল হক, ফেনী সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী নাহিদ উজ জামান খানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ ছাড়া জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাসিবুর রহমান, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহসভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপিসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
No comments yet. Be the first to comment!