জাতীয়

আইন শিক্ষায় ব্যবহারিক দক্ষতা বাড়াতে ZUMS-এ মুট কোর্ট চালু

আপডেট: সেপ্টে ২৬, ২০২৬ : ১১:২৫ এএম ৮ ০
আইন শিক্ষায় ব্যবহারিক দক্ষতা বাড়াতে ZUMS-এ মুট কোর্ট চালু
ZUMS-এর আইন বিভাগে মুট কোর্ট উদ্বোধন করেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ড. কামাল হোসেন। ছবি: সংগৃহীত

আইন বিভাগের শিক্ষার্থীদের আদালতের বাস্তব কার্যক্রম সম্পর্কে ধারণা দেওয়া এবং পেশাগত দক্ষতা উন্নয়নের উদ্দেশ্যে জেডএনআরএফ ইউনিভার্সিটি অব ম্যানেজমেন্ট সায়েন্সেসে (ZUMS) মুট কোর্টের যাত্রা শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের আয়োজনে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ড. কামাল হোসেন।

অনুষ্ঠানে ড. কামাল হোসেন আনুষ্ঠানিকভাবে মুট কোর্টের উদ্বোধন করেন। তিনি সংবিধান প্রণয়ন কমিটির চেয়ারম্যান এবং সাবেক আইন, জ্বালানি ও পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।

বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে যোগ দেন বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্টের (ব্লাস্ট) সম্মানসূচক নির্বাহী পরিচালক ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার সারা হোসেন।

এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের ভাইস চেয়ারম্যান নার্গিস রফিকা রহমান, উপাচার্য অধ্যাপক ড. এম. জুবায়দুর রহমান, কোষাধ্যক্ষ ব্যারিস্টার শফিকুর রহমান এবং স্কুল অব হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সেসের ডিন ও আইন বিভাগের চেয়ারপারসন সীমা হায়দার চৌধুরী অনুষ্ঠানে অংশ নেন।

উদ্বোধনী আয়োজনের অংশ হিসেবে শিক্ষক, অতিথি ও শিক্ষার্থীরা বক্তব্য দেন। শিক্ষার্থীদের সঙ্গে ব্যারিস্টার সারা হোসেনের প্রশ্নোত্তর পর্বও অনুষ্ঠিত হয়। পাশাপাশি ‘শ্যাডো ট্রায়াল’ নামের একটি মক ট্রায়াল প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার দেওয়া হয়। বিজয়ীদের হাতে ক্রেস্ট তুলে দেন ড. কামাল হোসেন।

আইন বিভাগের কার্যক্রমের প্রশংসা করে ড. কামাল হোসেন জানান, বিভাগটি নিয়ে শুরু থেকেই তাঁর প্রত্যাশা ছিল। শিক্ষক ও শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টায় বিভাগের অগ্রগতি দেখতে পেরে তিনি সন্তোষ প্রকাশ করেন।

প্রশ্নোত্তর পর্বে ব্যারিস্টার সারা হোসেন শিক্ষার্থীদের সামনে আইন পেশার বিভিন্ন বাস্তব অভিজ্ঞতা তুলে ধরেন। নারী আইনজীবীদের প্রসঙ্গে তিনি বলেন, অতীতে আদালতের কর্মপরিবেশ তাদের জন্য বেশ কঠিন ছিল, তবে ধীরে ধীরে ইতিবাচক পরিবর্তন আসছে।

আইনশিক্ষাকে শুধু পাঠ্যবই ও শ্রেণিকক্ষের মধ্যে সীমাবদ্ধ না রেখে বাস্তব অভিজ্ঞতার সঙ্গে যুক্ত করার পরামর্শ দেন তিনি। পেশাগত জীবনে সম্ভাব্য পরিস্থিতি সম্পর্কে আগে থেকে ধারণা থাকলে নতুন আইনজীবীদের প্রস্তুতি আরও কার্যকর হবে বলে তিনি উল্লেখ করেন।

আইন বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, মুট কোর্টে শিক্ষার্থীরা বিচারিক প্রক্রিয়ার অনুশীলন, আইনি গবেষণা, মামলার যুক্তি প্রস্তুত, বক্তব্য উপস্থাপন এবং পেশাগত শিষ্টাচারের মতো বিষয়গুলো বাস্তবধর্মী পরিবেশে শেখার সুযোগ পাবেন।

তাদের প্রত্যাশা, এ উদ্যোগ আইন বিভাগের শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়ানোর পাশাপাশি ভবিষ্যতে আদালত ও অন্যান্য আইন পেশায় কাজ করার জন্য প্রয়োজনীয় ব্যবহারিক প্রস্তুতি গড়ে তুলতে সহায়তা করবে।

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!