দেশের উন্নয়নে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান।
গতকাল রোববার টাঙ্গাইলের বাসাইলে উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত মিছিল ও প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। আহমেদ আযম খান বলেন, সংসদে বিরোধী দলকে তাঁরা বারবার গঠনমূলক রাজনীতি করার আহ্বান জানিয়েছেন। বিরোধিতার খাতিরে বিরোধিতা এবং জ্বালাও-পোড়াওয়ের রাজনীতি না করে জাতীয় সংসদে নিজেদের বক্তব্য তুলে ধরার আহ্বান জানান তিনি।
বিরোধী দলের উদ্দেশে মন্ত্রী বলেন, তাঁদের যত কথা আছে, তা জাতীয় সংসদে বলা উচিত। আলোচনা, ভুলত্রুটি ও সমাধানের কেন্দ্রবিন্দু জাতীয় সংসদ হলে সংসদীয় রাজনীতি আরও প্রতিষ্ঠিত হবে বলে মন্তব্য করেন তিনি। মন্ত্রী বলেন, সরকার গঠনের পর প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশকে একটি গণতান্ত্রিক ও সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তোলার ঘোষণা দিয়েছেন। তাঁর সহকর্মী হিসেবে সরকারের অন্যরাও কাজ করে যাচ্ছেন বলে জানান তিনি।
সমাবেশে বাসাইল উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীর সভাপতিত্ব করেন। বক্তব্য দেন টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, সাবেক যুগ্ম সম্পাদক আবুল কাশেম মিয়া, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নূরনবী আবু হায়াত খান নবু, সাবেক সভাপতি এনামুল করিম অটল, বাসাইল পৌর বিএনপির সভাপতি আক্তারুজ্জামান তুহিন ও সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ পিন্টু প্রমুখ।
এর আগে একই কর্মসূচিতে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে মিছিল করা হয়।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!