তরুণ সাংবাদিকদের কর্মদক্ষতা অর্জন ও পেশাগত দায়িত্বশীলতার মাধ্যমে সাংবাদিকতার জগতে নিজেদের উজ্জ্বল অবস্থান তৈরি করার আহ্বান জানিয়েছেন একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট সাংবাদিক, বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক গাজীউল হাসান খান।
নিজের জন্মদিন উপলক্ষে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। গাজীউল হাসান খানের জন্মদিন উপলক্ষে সোমবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকা (সিজেএফডি) এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। সংবর্ধনার জবাবে তিনি জন্মদিনে এমন আয়োজন করায় সংগঠনের নেতৃবৃন্দের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
সিজেএফডির সভাপতি সাঈদ আহমেদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সাধারণ সম্পাদক খুরশীদ আলম।
অনুষ্ঠানে বাসসের প্রধান বার্তা সম্পাদক (বাংলা) মুরসালিন নোমানী, প্রধান প্রতিবেদক (বাংলা) দিদারুল আলম দিদার, সিজেএফডির সাবেক সভাপতি মো. সাজ্জাদ হোসেন, সাবেক সহসভাপতি এম এস দোহা, বর্তমান সহসভাপতি সালাম ফারুক ও নাসরিন সুলতানা, যুগ্ম সাধারণ সম্পাদক মনির আহমাদ জারিফ, শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক কাজী দীন মোহাম্মদ বেলাল, দপ্তর সম্পাদক আশিকুর রহমান, সমাজকল্যাণ সম্পাদক হাবিবুর রহমান বাবু, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক আহমেদ আজম, ইভেন্ট ও আপ্যায়ন সম্পাদক মাহমুদুল হাসান বিপ্লব সিকদার, নির্বাহী সদস্য আব্দুর ওদুদ ও কমল চৌধুরী উপস্থিত ছিলেন।
সাংবাদিকতায় গাজীউল হাসান খানের অবদান
গাজীউল হাসান খানের কর্মময় জীবনের ওপর আলোকপাত করে খুরশীদ আলম বলেন, তাঁর দীর্ঘ সাংবাদিকতা জীবন দেশের সাংবাদিকতা অঙ্গনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। পেশাগত অভিজ্ঞতা, মুক্তিযুদ্ধের চেতনার প্রতি দায়বদ্ধতা এবং সমসাময়িক বিভিন্ন বিষয়ে বিশ্লেষণধর্মী লেখালেখি নতুন প্রজন্মের সাংবাদিকদের জন্য অনুপ্রেরণার উৎস।
মুরসালিন নোমানী বলেন, গাজীউল হাসান খানের মতো একজন প্রবীণ সাংবাদিক ও মুক্তিযোদ্ধার জন্মদিন উদ্যাপন শুধু ব্যক্তিগত শুভেচ্ছা জানানোর আয়োজন নয়; বরং সাংবাদিকতার দীর্ঘ ঐতিহ্য ও অভিজ্ঞতা নতুন প্রজন্মের কাছে তুলে ধরারও একটি সুযোগ।
বাসসের প্রধান প্রতিবেদক দিদারুল আলম বলেন, গাজীউল হাসান খানের কর্মময় জীবন সাংবাদিকদের পেশাগত দায়িত্ববোধ, দেশপ্রেম ও সত্যনিষ্ঠ সাংবাদিকতার ক্ষেত্রে অনুপ্রেরণা জোগায়।
মুক্তিযুদ্ধ থেকে সাংবাদিকতা
১৯৪৬ সালের ২৮ সেপ্টেম্বর কুমিল্লায় জন্মগ্রহণ করেন গাজীউল হাসান খান। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর ও সাংবাদিকতায় উচ্চতর শিক্ষা গ্রহণের পর তিনি এ পেশায় যুক্ত হন। ১৯৭০ সালে ইস্টার্ন নিউজ এজেন্সিতে প্রতিবেদক হিসেবে তাঁর সাংবাদিকতা জীবনের সূচনা হয়।
মুক্তিযুদ্ধের সময় স্বাধীনতার পক্ষে সক্রিয় ভূমিকা পালন করেন তিনি। এ সময় স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কার্যক্রমের সঙ্গেও যুক্ত ছিলেন।
দীর্ঘ সাংবাদিকতা জীবনে দেশে ও বিদেশে কাজ করেছেন গাজীউল হাসান খান। লন্ডনে অবস্থানকালে সাংবাদিকতা ও সম্পাদনার পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের মধ্যে বাংলা ভাষা ও সংস্কৃতি চর্চায় ভূমিকা রাখেন। সেখানে ‘দেশবার্তা’ প্রকাশনার সঙ্গেও যুক্ত ছিলেন তিনি।
লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে উচ্চতর শিক্ষা গ্রহণের পাশাপাশি বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে কাজ করেন গাজীউল হাসান খান।
১৯৯৩ সালে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাসে প্রেস ও তথ্যবিষয়ক মন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি। পরে দেশে ফিরে ২০০৪ সালে বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
সাংবাদিকতায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ২০০৬ সালে বাংলাদেশ সরকার তাঁকে একুশে পদকে ভূষিত করে। এরপরও কলাম লেখা ও বিশ্লেষণধর্মী সাংবাদিকতার সঙ্গে যুক্ত রয়েছেন তিনি। দেশের বিভিন্ন জাতীয় দৈনিকে দেশ-বিদেশের রাজনীতি, সমাজ, রাষ্ট্র ও সমসাময়িক নানা বিষয়ে তাঁর লেখা প্রকাশিত হয়েছে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!