জাতীয়

এক বছরে বেড়েছে বাংলাদেশের রপ্তানি আয়

আপডেট: অক্টো ০৪, ২০২৬ : ০৬:১২ এএম ৫ ০
এক বছরে বেড়েছে বাংলাদেশের রপ্তানি আয়

তৈরি পোশাক খাতের রপ্তানি বাড়ায় এক বছরের ব্যবধানে বাংলাদেশের পণ্য রপ্তানি আয় বেড়েছে। চলতি বছরের সেপ্টেম্বরে বাংলাদেশ রপ্তানি থেকে ৩৯৩ কোটি ডলার আয় করেছে, যা গত বছরের একই মাসের তুলনায় ৮ দশমিক ৫৪ শতাংশ বেশি।

বৃহস্পতিবার রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) প্রকাশিত তথ্যে এ চিত্র উঠে এসেছে। ইপিবির তথ্য অনুযায়ী, গত বছরের সেপ্টেম্বরে বাংলাদেশের রপ্তানি আয় ছিল প্রায় ৩৬২ কোটি ডলার। এক বছরের ব্যবধানে তা বেড়ে চলতি বছরের সেপ্টেম্বরে ৩৯৩ কোটি ডলারে দাঁড়িয়েছে।

তবে বছরভিত্তিক হিসাবে রপ্তানি আয় বাড়লেও মাসভিত্তিক হিসাবে সেপ্টেম্বরে আয় কমেছে। চলতি বছরের আগস্টে যে পরিমাণ রপ্তানি আয় হয়েছিল, সেপ্টেম্বরে তার তুলনায় আয় কমেছে ১১ দশমিক ১১ শতাংশ।

ইপিবির কর্মকর্তারা বলছেন, মাসভিত্তিক কিছুটা কমলেও বিশ্ববাজারে পণ্য রপ্তানিতে বাংলাদেশের প্রতিযোগিতামূলক অবস্থান এখনো রয়েছে। বিশেষ করে তৈরি পোশাক খাতের রপ্তানিতে ইতিবাচক প্রবৃদ্ধি দেখা যাচ্ছে।

চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম তিন মাসে, অর্থাৎ জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশের পণ্য রপ্তানি আয় গত বছরের একই সময়ের তুলনায় ৬ দশমিক ৩৪ শতাংশ বেড়েছে। এ সময়ে মোট রপ্তানি আয় হয়েছে ১৩ দশমিক ০৯ বিলিয়ন ডলার।

রপ্তানি আয়ের প্রধান খাত তৈরি পোশাকেও প্রবৃদ্ধি হয়েছে। এক বছরের ব্যবধানে সেপ্টেম্বরে তৈরি পোশাক রপ্তানি থেকে আয় ৮ দশমিক ৫ শতাংশ বেড়ে ৩ দশমিক ০৮ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।

এ ছাড়া চলতি অর্থবছরের প্রথম তিন মাসে তৈরি পোশাক খাতে রপ্তানি আয় গত বছরের একই সময়ের তুলনায় ৬ দশমিক ১০ শতাংশ বেড়ে ১০ দশমিক ৫৭ বিলিয়ন ডলারে পৌঁছেছে।

সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, বৈশ্বিক বাজারে বাংলাদেশের তৈরি পোশাকের চাহিদা ও রপ্তানি সক্ষমতা ধরে রাখতে পারলে সামগ্রিক রপ্তানি আয়ে ইতিবাচক প্রবৃদ্ধি অব্যাহত থাকতে পারে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!