জাতীয়

উন্নয়ন অগ্রাধিকারের সঙ্গে জাতিসংঘের কার্যক্রম সমন্বয়ের আহ্বান বাংলাদেশের

আপডেট: অক্টো ০৭, ২০২৬ : ০৪:২৬ এএম ৬ ০
উন্নয়ন অগ্রাধিকারের সঙ্গে জাতিসংঘের কার্যক্রম সমন্বয়ের আহ্বান বাংলাদেশের

বাংলাদেশের উন্নয়ন ও সংস্কারের অগ্রাধিকারের সঙ্গে জাতিসংঘের বিভিন্ন সংস্থার কার্যক্রম আরও ঘনিষ্ঠভাবে সমন্বয়ের আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। একই সঙ্গে জাতিসংঘের সংস্থাগুলোর মধ্যে কার্যকর সমন্বয় বাড়ানোর ওপরও গুরুত্ব দিয়েছেন তিনি।

মঙ্গলবার ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে জাতিসংঘের ভারপ্রাপ্ত আবাসিক সমন্বয়কারী ক্যারল ফ্লোর-স্মেরেচনিয়াকের সঙ্গে বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী এসব কথা বলেন। পরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বৈঠকে হুমায়ুন কবির বলেন, জাতিসংঘের সঙ্গে বাংলাদেশের দীর্ঘদিনের অংশীদারত্বকে সরকার অত্যন্ত গুরুত্ব দেয়। অভিন্ন অগ্রাধিকার ও জাতীয় উন্নয়নের লক্ষ্য সামনে রেখে এই সহযোগিতা আরও জোরদার করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ।

বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকার বাস্তবায়নে জাতিসংঘ কান্ট্রি টিমের নেতৃত্ব দেওয়ায় ক্যারল ফ্লোর-স্মেরেচনিয়াকের প্রশংসা করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

বৈঠকে সম্প্রতি অনুষ্ঠিত জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের উচ্চপর্যায়ের কর্মসূচিগুলো নিয়েও আলোচনা হয়। এ সময় প্রধানমন্ত্রীর বিভিন্ন কর্মসূচির কথা তুলে ধরেন হুমায়ুন কবির। এর মধ্যে জাতিসংঘের মহাসচিবের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের বিষয়টিও উল্লেখ করেন তিনি।

বাংলাদেশের সংস্কার ও উন্নয়নের জন্য প্রণীত ২০২৬-২০৩১ মেয়াদের পাঁচ বছর মেয়াদি কৌশলগত কাঠামোর সঙ্গে জাতিসংঘের বিভিন্ন সংস্থার কর্মসূচি আরও কার্যকরভাবে সমন্বয়ের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

রোহিঙ্গা প্রত্যাবাসনে জোর

বৈঠকে রোহিঙ্গা সংকট নিয়েও আলোচনা হয়। হুমায়ুন কবির রোহিঙ্গাদের জন্য জাতিসংঘের মানবিক সহায়তার প্রশংসা করেন। একই সঙ্গে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের মিয়ানমারে নিজ ভূমিতে দ্রুত ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে জাতিসংঘের অব্যাহত সহযোগিতা কামনা করেন।

তিনি বলেন, সম্মানজনকভাবে রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনই এই সংকটের একমাত্র স্থায়ী সমাধান।

জাতিসংঘের ভারপ্রাপ্ত আবাসিক সমন্বয়কারী ক্যারল ফ্লোর-স্মেরেচনিয়াক বাংলাদেশ সরকারের সহযোগিতার প্রশংসা করেন। তিনি বলেন, বৈশ্বিক ও আঞ্চলিক বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে জাতিসংঘের কান্ট্রি টিম প্রস্তুত রয়েছে।

বাংলাদেশের সঙ্গে জাতিসংঘের অংশীদারত্ব আরও গভীর করার প্রস্তুতির কথাও তিনি পুনর্ব্যক্ত করেন।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!