জাতীয়

সেবামূলক সরকারি প্রতিষ্ঠানে চালু হবে ‘মিট দ্য প্রেস’: জহির উদ্দিন স্বপন

আপডেট: অক্টো ০৭, ২০২৬ : ০৪:২৮ এএম ৫ ০
সেবামূলক সরকারি প্রতিষ্ঠানে চালু হবে ‘মিট দ্য প্রেস’: জহির উদ্দিন স্বপন

সরকারের আওতাধীন সব জনসেবা বিভাগ ও দপ্তরে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে নিয়মিত ‘মিট দ্য প্রেস’ আয়োজন করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জহির উদ্দিন স্বপন।

মঙ্গলবার বরিশালের গৌরনদী উপজেলায় সরকারি ও প্রাতিষ্ঠানিক পুকুর এবং উন্মুক্ত জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ কর্মসূচির উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে।

জহির উদ্দিন স্বপন বলেন, জনগণের কাছে সরকারি তথ্য সহজে পৌঁছে দেওয়া এবং সরকারি সেবার গতি বাড়াতে জনসেবা সংশ্লিষ্ট বিভাগ ও দপ্তরগুলোতে নিয়মিত ‘মিট দ্য প্রেস’ আয়োজন করা হবে।

তিনি বলেন, “প্রশাসন ও সংবাদমাধ্যমের সমন্বয়ে জনগণের কাছে বস্তুনিষ্ঠ তথ্য পৌঁছে দেওয়াই এই উদ্যোগের লক্ষ্য।”

গৌরনদীর মৎস্য খাত সম্প্রসারণের উদ্যোগ

গৌরনদীর মৎস্য খাতের উন্নয়ন নিয়েও কথা বলেন জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, উপজেলার সরকারি মৎস্য হ্যাচারির সক্ষমতা বাড়ানো হবে। সেখানে মাছের রেণু থেকে উন্নতমানের পোনা উৎপাদনের উদ্যোগ নেওয়া হবে।

তার মতে, এতে স্থানীয় মানুষের পোনার চাহিদা পূরণের পাশাপাশি জেলা ও জাতীয় পর্যায়েও মৎস্য খাতে ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব হবে।

পোনা অবমুক্তকরণ কর্মসূচিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইব্রাহীম সভাপতিত্ব করেন। এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা মানিক মল্লিক, বরিশাল জেলা উত্তর বিএনপির সদস্যসচিব মো. মিজানুর রহমান খান মুকুল, উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সরোবর আলম বিপ্লব, সদস্যসচিব শরিফ জহির সাজ্জাদ হান্নান এবং পৌর বিএনপির আহ্বায়ক জাকির হোসেন শরীফসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

২০২৬-২৭ অর্থবছরের রাজস্ব বাজেটের আওতায় গৌরনদীর বিভিন্ন সরকারি পুকুর ও উন্মুক্ত জলাশয়ে এসব পোনা অবমুক্ত করা হয়।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!