দেশি-বিদেশি বিনিয়োগ বাড়াতে স্থিতিশীল, প্রতিযোগিতামূলক ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে টয়োটা তুশো করপোরেশনের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন। প্রতিনিধিদলের নেতৃত্ব দেন প্রতিষ্ঠানটির ভাইস চেয়ারম্যান ইচিরো কাশিতানি।
প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব শাহাদাৎ স্বাধীন বৈঠকের বিষয়ে সাংবাদিকদের জানান। বৈঠকে বাংলাদেশে টয়োটার গাড়ি উৎপাদন কারখানা স্থাপনের পরিকল্পনা তুলে ধরে প্রতিনিধিদল। এ ধরনের বিনিয়োগের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি, শিল্পায়ন বাড়ানো, প্রযুক্তি স্থানান্তর এবং স্থানীয়ভাবে দক্ষ জনবল তৈরিতে অবদান রাখার আগ্রহের কথাও জানায় তারা।
টয়োটা বাংলাদেশে তাদের কার্যক্রম আরও সম্প্রসারণ, নতুন বিনিয়োগের সম্ভাবনা এবং দীর্ঘমেয়াদি ব্যবসায়িক পরিকল্পনা নিয়েও প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে।
টয়োটার বিনিয়োগের আগ্রহকে স্বাগত জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, বিদেশি বিনিয়োগকারীদের জন্য প্রয়োজনীয় নীতি সহায়তা, অবকাঠামোগত সুবিধা ও অন্যান্য সুযোগ-সুবিধা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
বর্জ্য থেকে বিদ্যুৎ ও নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগের আহ্বান
বৈঠকে বাংলাদেশে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন এবং নবায়নযোগ্য জ্বালানি খাতের সম্ভাবনার কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। এসব খাতে টয়োটা তুশো করপোরেশন বিনিয়োগে আগ্রহী হলে সরকার প্রয়োজনীয় সহযোগিতা দেবে বলে জানান তিনি।
বৈঠকে টয়োটা পক্ষ জানায়, বাংলাদেশে তাদের ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক আরও সম্প্রসারণের কাজ চলছে। দেশের সব বিভাগীয় পর্যায়ে নেটওয়ার্ক পৌঁছে দিয়ে বিভিন্ন অঞ্চলে টয়োটার সেবা ও কার্যক্রম আরও সহজলভ্য করার পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির।
২০২৭ সালে হাইব্রিড গাড়ি উৎপাদনের উদ্যোগ
টয়োটা পক্ষ জানায়, ২০২৭ সালে বাংলাদেশের একটি অর্থনৈতিক অঞ্চলে হাইব্রিড ইলেকট্রিক ভেহিকেল (এইচইভি) উৎপাদনের জন্য শিল্প স্থাপনের কাজ শুরু করার পরিকল্পনা রয়েছে। ‘বাংলাদেশের সঙ্গে, বাংলাদেশের জন্য’—এই দর্শনকে সামনে রেখে নেওয়া উদ্যোগটি ২০২৯ সালের মধ্যে পূর্ণাঙ্গ উৎপাদনে যাওয়ার লক্ষ্য রয়েছে।
মানবসম্পদ উন্নয়নেও বাংলাদেশে অবদান রাখার আগ্রহের কথা জানিয়েছে টয়োটা। বিশেষ করে তরুণদের কারিগরি ও পেশাগত প্রশিক্ষণ, দক্ষতা উন্নয়ন এবং ভবিষ্যৎ শিল্পের উপযোগী জনবল তৈরিতে সম্ভাব্য উদ্যোগ নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়।
বৈঠকে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, প্রধানমন্ত্রীর বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ এবং প্রধানমন্ত্রীর এশিয়া-প্যাসিফিক অঞ্চলের বৈদেশিক কর্মসংস্থানবিষয়ক বিশেষ সহকারী মো. শাকিরুল ইসলাম খানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
টয়োটা তুশো করপোরেশনের মোবিলিটি ডিভিশনের সিইও শিগেরু হারাদা, টয়োটা বাংলাদেশ লিমিটেডের প্রেসিডেন্ট প্রেমমিত সিংসহ প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারাও বৈঠকে অংশ নেন।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!