এয়ারবাসের সঙ্গে ১০টি উড়োজাহাজ কেনার চুক্তি করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। নতুন এই চুক্তির ফলে রাষ্ট্রীয় পতাকাবাহী এয়ারলাইনসটির দীর্ঘমেয়াদি উড়োজাহাজ কেনার পরিকল্পনায় মোট উড়োজাহাজের সংখ্যা দাঁড়িয়েছে ৩৫টিতে।
চুক্তির আওতায় চারটি এ৩৫০-৯০০ ওয়াইডবডি এবং ছয়টি এ৩২১নিও ন্যারোবডি উড়োজাহাজ কেনা হবে। এসব উড়োজাহাজ যুক্ত হলে বিমানের বহরে প্রথমবারের মতো এয়ারবাসের উড়োজাহাজ যুক্ত হবে।
গতকাল মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনের উৎসব হলে ‘স্প্রেডিং আওয়ার উইংস টুগেদার’ শীর্ষক অনুষ্ঠানে এ চুক্তি সই হয়।
চুক্তিতে এয়ারবাস ইন্ডিয়া ও সাউথ এশিয়ার প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক জার্গেন ওয়েস্টারমায়ার এবং বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান রুমী এ হোসেন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সই করেন। অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।
এ ছাড়া অনুষ্ঠানে ইনভেস্ট বাংলাদেশের নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব ফাহমিদা আখতার এবং বিমান বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সোহেল আহমেদ উপস্থিত ছিলেন।
দীর্ঘ ও আঞ্চলিক রুটে ব্যবহৃত হবে
এয়ারবাসের চারটি এ৩৫০-৯০০ উড়োজাহাজ দীর্ঘপাল্লার আন্তর্জাতিক রুটে ব্যবহারের জন্য নির্ধারণ করা হয়েছে। আর ছয়টি এ৩২১নিও ব্যবহার করা হবে আঞ্চলিক ও মধ্যমপাল্লার রুটে।
নতুন উড়োজাহাজগুলো বহরে যুক্ত হলে ধীরে ধীরে বোয়িং ও এয়ারবাস—দুই নির্মাতার উড়োজাহাজ নিয়ে মিশ্র বহরের দিকে এগোবে বিমান। আগামী দশকে উড়োজাহাজের সক্ষমতা ও রুট নেটওয়ার্ক সম্প্রসারণের প্রস্তুতির অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
২৫টি বোয়িং কেনার পরিকল্পনা
এয়ারবাসের ১০টি উড়োজাহাজের পাশাপাশি বিমানের দীর্ঘমেয়াদি বহর সম্প্রসারণ কর্মসূচিতে রয়েছে ২৫টি বোয়িং উড়োজাহাজ।
এর আগে বিমান ১৪টি বোয়িং উড়োজাহাজ কেনার বিষয়ে সম্মত হয়েছিল। এর মধ্যে ছিল আটটি ৭৮৭-১০ ড্রিমলাইনার, দুটি ৭৮৭-৯ ড্রিমলাইনার এবং চারটি ৭৩৭-৮ উড়োজাহাজ।
পরবর্তী সময়ে এই কর্মসূচিতে আরও ১১টি বোয়িং উড়োজাহাজ যুক্ত করা হয়। এর মধ্যে পাঁচটি ৭৮৭-১০ এবং ছয়টি ৭৩৭-৮ উড়োজাহাজ রয়েছে। ফলে পরিকল্পিত বোয়িং উড়োজাহাজের সংখ্যা দাঁড়িয়েছে ২৫টিতে।
এয়ারবাসের ১০টি উড়োজাহাজ যুক্ত হওয়ায় বিমানের দীর্ঘমেয়াদি উড়োজাহাজ কেনার পরিকল্পনায় এখন মোট ৩৫টি উড়োজাহাজ রয়েছে। এর মধ্যে ১৯টি ওয়াইডবডি এবং ১৬টি ন্যারোবডি উড়োজাহাজ।
লিজ নেওয়ার কথাও ভাবছে বিমান
পরিকল্পিত নতুন উড়োজাহাজগুলো বহরে যুক্ত হওয়ার আগ পর্যন্ত স্বল্পমেয়াদি সক্ষমতার চাহিদা পূরণে উড়োজাহাজ লিজ নেওয়ার বিষয়টিও বিবেচনা করছে বিমান।
নতুন উড়োজাহাজের মাধ্যমে দীর্ঘপাল্লা, আঞ্চলিক এবং স্বল্প ও মধ্যমপাল্লার বিভিন্ন রুটে প্রয়োজন অনুযায়ী উড়োজাহাজ পরিচালনার সক্ষমতা বাড়বে বলে আশা করছে রাষ্ট্রীয় পতাকাবাহী এয়ারলাইনসটি।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!