রংপুর মহানগরীর অবকাঠামোগত উন্নয়নে ১ হাজার ৮১৩ কোটি ২৮ লাখ টাকার দুটি প্রকল্প অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। এর মধ্যে সিটি এলাকার অবকাঠামো উন্নয়নে ১ হাজার ৬০২ কোটি ৭৯ লাখ টাকা এবং ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কারে ২১০ কোটি ৪৯ লাখ টাকা ব্যয় করা হবে।
আজ মঙ্গলবার অনুষ্ঠিত একনেক সভায় প্রকল্প দুটি অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী। প্রকল্প অনুমোদনের পর রংপুর সিটি করপোরেশনের (আরপিসিসি) প্রশাসক অ্যাডভোকেট মাহফুজ উন নবী ডন বাসসকে দেওয়া প্রতিক্রিয়ায় প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানান।
তিনি বলেন, ‘আলহামদুলিল্লাহ—রংপুরের উন্নয়নে এটি একটি ঐতিহাসিক মাইলফলক।’
আরপিসিসি প্রশাসক বলেন, প্রকল্প দুটি বাস্তবায়িত হলে রংপুর মহানগরীর দীর্ঘদিনের অবকাঠামোগত সমস্যা সমাধান, সড়ক যোগাযোগব্যবস্থার উন্নয়ন এবং নাগরিক সেবার মান বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর মাধ্যমে রংপুর সিটি করপোরেশনকে আধুনিক, পরিচ্ছন্ন, সুপরিকল্পিত ও নাগরিকবান্ধব শহরে রূপান্তরের পথ আরও সহজ হবে।
রংপুরের মানুষের উন্নয়ন ও এ অঞ্চলের অগ্রগতির জন্য বড় অঙ্কের প্রকল্প অনুমোদন দেওয়ায় নগরবাসীর পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান তিনি।
মাহফুজ উন নবী ডন বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় প্রকল্পগুলোর সুষ্ঠু বাস্তবায়নের মাধ্যমে রংপুর মহানগরীর উন্নয়নে নতুন অধ্যায়ের সূচনা হবে বলে তিনি আশা করেন।
রংপুরকে দেশের অন্যতম সেরা মহানগরীতে রূপান্তরের প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, প্রকল্পের বরাদ্দ করা অর্থ ব্যবহারে শতভাগ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে। উন্নয়নকাজে নগরবাসীর সহযোগিতাও কামনা করেন তিনি।
এদিকে রংপুর মহানগরীর জন্য বড় অঙ্কের অর্থ বরাদ্দের খবরে স্থানীয় মানুষের মধ্যে আনন্দ দেখা গেছে। নগরবাসীর অনেকে এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।
রিকশাচালক মমতাজ হোসেন বলেন, ‘আগের কোনো সরকার রংপুর শহরের উন্নয়নকে এভাবে অগ্রাধিকার দেয়নি। সড়ক মেরামতসহ সার্বিক উন্নয়নের এই উদ্যোগ নেওয়ায় আমি খুশি।’
কলেজছাত্র মুহাইমেনুল ইসলাম বলেন, ১ হাজার ৮১৩ কোটি ২৮ লাখ টাকার দুটি প্রকল্প অনুমোদনের মাধ্যমে রংপুরের উন্নয়নে সরকারের আগ্রহের বিষয়টি স্পষ্ট হয়েছে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!