জাতীয়

রোহিঙ্গা সংকট সমাধানে কার্যকর আন্তর্জাতিক সহায়তার আহ্বান শামা ওবায়েদের

আপডেট: অক্টো ০৮, ২০২৬ : ০৫:৫৩ এএম ৪ ০
রোহিঙ্গা সংকট সমাধানে কার্যকর আন্তর্জাতিক সহায়তার আহ্বান শামা ওবায়েদের

রোহিঙ্গা সংকট সমাধানে কার্যকর ও নির্ভরযোগ্য আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেছেন, বাংলাদেশ অনির্দিষ্টকাল এই সংকটের বোঝা বহন করতে পারে না।

আজ বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ‘অনিশ্চিত প্রত্যাবর্তন: প্রত্যাবাসনের পথে বাধা নিয়ে রোহিঙ্গাদের বক্তব্য’ শীর্ষক জাতীয় নীতি অবহিতকরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধবিজ্ঞান বিভাগ ও ক্রিমিনোলজি রিসার্চ ফোরাম এ অনুষ্ঠানের আয়োজন করে।

সমাধান মিয়ানমারেই

শামা ওবায়েদ ইসলাম বলেন, রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই নিহিত। আন্তর্জাতিক সম্প্রদায়ের শুধু সমর্থনের কথা না বলে বাস্তব ও কার্যকর সহায়তা নিয়ে এগিয়ে আসা উচিত।

অপরাধবিজ্ঞান বিভাগের গবেষণার কথা উল্লেখ করে তিনি বলেন, রোহিঙ্গারা মিয়ানমারকে নিজেদের আবাসভূমি হিসেবে অস্বীকার করছে না। তবে যে পরিস্থিতির কারণে তারা দেশটি ছেড়ে পালিয়ে এসেছে, সেই পরিস্থিতিতে তারা ফিরে যেতে রাজি নয়।

প্রতিমন্ত্রী বলেন, গ্রহণযোগ্য প্রত্যাবাসনের জন্য স্বীকৃতি ও পরিচয়, জমি ও সম্পত্তির অধিকার, নিরাপত্তা এবং বিশ্বাসযোগ্য নিশ্চয়তার মাধ্যমে আস্থা তৈরি করা জরুরি।

‘প্রত্যাবাসন একটি আস্থার বিষয়’ উল্লেখ করে তিনি বলেন, রোহিঙ্গারা ‘দয়া নয়, অধিকার’ চাইছে।

পাঁচটি অগ্রাধিকারের কথা

৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদে প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া ভাষণের কথাও স্মরণ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। ওই ভাষণে প্রধানমন্ত্রী আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে পাঁচটি জরুরি অগ্রাধিকার তুলে ধরেছিলেন।

এর মধ্যে ছিল টেকসই প্রত্যাবাসনের জন্য বিশ্বাসযোগ্য রূপরেখা প্রণয়ন, সহিংসতার অবসান, ন্যায়বিচার ও জবাবদিহি নিশ্চিত করা এবং আন্তঃদেশীয় অপরাধের বিরুদ্ধে আরও জোরালো পদক্ষেপ নেওয়া।

রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের দিকনির্দেশনা দিতে জাতীয় কৌশল প্রণয়ন কমিটি গঠনের বিষয়টিও তুলে ধরেন শামা ওবায়েদ।

তিনি সতর্ক করে বলেন, কক্সবাজারে ক্রমবর্ধমান অপরাধ ও নিরাপত্তাহীনতাকে স্থানীয় জনগোষ্ঠীর জন্য ‘নতুন স্বাভাবিক পরিস্থিতি’ হয়ে উঠতে দেওয়া যায় না।

৮১৬ রোহিঙ্গার ওপর জরিপ

অনুষ্ঠানে এর আগে গবেষক দলের পক্ষ থেকে গবেষণার ফলাফল উপস্থাপন করা হয়। গবেষণায় কক্সবাজারের উখিয়ার ১৭টি রোহিঙ্গা শিবিরে ৮১৬ জনের ওপর জরিপ চালানো হয়েছে।

এ ছাড়া প্রত্যাবাসন প্রক্রিয়ার সঙ্গে জড়িত বিভিন্ন অংশীজনের ৭২টি একান্ত সাক্ষাৎকার নেওয়া হয়েছে।

অনুষ্ঠান শেষে অপরাধবিজ্ঞান বিভাগ আয়োজিত রচনা প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!