জাতীয়

আজ বিশ্ব ডাক দিবস, সপ্তাহজুড়ে নানা আয়োজন

আপডেট: অক্টো ০৯, ২০২৬ : ০৪:৫৮ এএম ৪ ০
আজ বিশ্ব ডাক দিবস, সপ্তাহজুড়ে নানা আয়োজন

আজ ৯ অক্টোবর, বিশ্ব ডাক দিবস। ‘সমন্বিত ডাক নেটওয়ার্ক, সীমাহীন সম্ভাবনা’ প্রতিপাদ্য সামনে রেখে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিবসটি পালিত হচ্ছে। এ উপলক্ষে আজ থেকে ১৫ অক্টোবর পর্যন্ত দেশজুড়ে পালিত হবে ‘ডাকসেবা সপ্তাহ’। এ উপলক্ষে নানা কর্মসূচি হাতে নিয়েছে ডাক অধিদপ্তর।

বিশ্ব ডাক দিবস উপলক্ষে আজ সকালে রাজধানীর আগারগাঁওয়ে ডাক ভবনে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। ডাক অধিদপ্তরের মহাপরিচালক কাজী আসাদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব বিলকিস জাহান রিমি।

দিবসটি উপলক্ষে আজ ও আগামীকাল ডাক বিভাগের সব পর্যায়ের কার্যালয়ে সাধারণ ডাকসেবা চালু থাকবে। তবে সঞ্চয় ব্যাংকের কার্যক্রম এর আওতামুক্ত রাখা হয়েছে।

ডাকসেবা সপ্তাহ উপলক্ষে কক্সবাজার সমুদ্রসৈকতে বিশেষ চিঠি উৎসবের আয়োজন করা হয়েছে। এ ছাড়া দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চিঠি উৎসব, ডাকটিকিট সংগ্রহ ও প্রদর্শনী (ফিলাটেলিক প্রদর্শনী) এবং ডাকসেবা বিষয়ক মেলার আয়োজন করা হয়েছে।

ডাক বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, আধুনিক প্রযুক্তি ও বিস্তৃত নেটওয়ার্ক কাজে লাগিয়ে জনগণের দোরগোড়ায় দ্রুত ও সাশ্রয়ী সেবা পৌঁছে দেওয়াই এসব আয়োজনের মূল লক্ষ্য।

ঐতিহ্যবাহী ডাকসেবার পাশাপাশি বাংলাদেশ ডাক বিভাগকে আধুনিক, প্রযুক্তিনির্ভর, দক্ষ ও জনবান্ধব লজিস্টিকস সেবা প্রতিষ্ঠানে রূপান্তরের লক্ষ্যে কাজ চলছে।

যেভাবে শুরু বিশ্ব ডাক দিবস

মানুষের দৈনন্দিন জীবন, ব্যবসা-বাণিজ্য ও আর্থসামাজিক উন্নয়নে ডাক ব্যবস্থার অবদান সম্পর্কে জনসচেতনতা বাড়াতে প্রতিবছর ৯ অক্টোবর বিশ্ব ডাক দিবস পালন করা হয়।

১৮৭৪ সালের ৯ অক্টোবর ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়ন (ইউপিইউ) প্রতিষ্ঠিত হয়। এ ঐতিহাসিক দিনকে স্মরণীয় করে রাখতে ১৯৬৯ সালে জাপানের টোকিওতে অনুষ্ঠিত ইউপিইউ কংগ্রেসে ৯ অক্টোবরকে বিশ্ব ডাক দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!