জাতীয়

দেড় বছরের মধ্যে দেশজুড়ে সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা চালু হবে: পরিবেশমন্ত্রী

আপডেট: অক্টো ১০, ২০২৬ : ০৫:১৩ এএম ৪ ০
দেড় বছরের মধ্যে দেশজুড়ে সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা চালু হবে: পরিবেশমন্ত্রী

পরিবেশদূষণ রোধে আগামী এক থেকে দেড় বছরের মধ্যে দেশজুড়ে সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা গড়ে তোলা হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। রাজধানী থেকে এ কার্যক্রম শুরু করে পর্যায়ক্রমে সারা দেশে সম্প্রসারণ করা হবে বলে জানান তিনি।

শুক্রবার (৯ অক্টোবর) গাজীপুরের শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক পরিদর্শন শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এসব কথা বলেন।

বর্জ্য সংকট নিরসনে সরকারের উদ্যোগের কথা তুলে ধরে আবদুল আউয়াল মিন্টু বলেন, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের ময়লা-আবর্জনা প্রক্রিয়াজাত করতে সাভারের আমিনবাজারে প্ল্যান্ট নির্মাণের কাজ চলছে। আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার এ উদ্যোগ পর্যায়ক্রমে সারা দেশে ছড়িয়ে দেওয়া হবে।

সাফারি পার্কের সমস্যা সমাধানের আশ্বাস

সাফারি পার্কের প্রশাসনিক ও অবকাঠামোগত বিভিন্ন জটিলতা নিরসনের আশ্বাস দিয়েছেন পরিবেশমন্ত্রী। তিনি বলেন, সরেজমিনে পার্কের সার্বিক পরিস্থিতি পরিদর্শনের পাশাপাশি কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে আলোচনা হয়েছে। চিহ্নিত অব্যবস্থাপনা ও সমস্যাগুলো শিগগিরই দূর করা হবে।

বনের জমির মালিকদের ভোগান্তির বিষয়েও কথা বলেন মন্ত্রী। তিনি বলেন, রাস্তার সীমাবদ্ধতার কারণে অনেক জমির মালিক বনের ভেতরে নিজেদের জমিতে যেতে সমস্যায় পড়ছেন। এ সমস্যা সমাধানে চলতি মাসেই অংশীজনদের নিয়ে বৈঠক করে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।

এ ছাড়া বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান ও রিসোর্টের দখলে থাকা বনের জমি উদ্ধারে আইনি প্রক্রিয়া ও মামলা পরিচালনা করা হচ্ছে বলে জানান তিনি।

এর আগে পরিবেশ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে নিয়ে গাজীপুরের ভাওয়াল জাতীয় উদ্যান পরিদর্শন করেন আবদুল আউয়াল মিন্টু।

এ সময় গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক এস এম রফিকুল ইসলাম, প্রধান বন সংরক্ষক আমির হোসেন, ঢাকা বিভাগীয় বন কর্মকর্তা বশিরুল আল মামুন এবং সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেক রহমানসহ স্থানীয় বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!