জাতীয়

দুই বহুপক্ষীয় ফোরামে যোগ দিতে বাকু ও বাগদাদ সফরে যাচ্ছেন হুমায়ুন কবির

আপডেট: অক্টো ১০, ২০২৬ : ০৬:২৮ এএম ৪ ০
দুই বহুপক্ষীয় ফোরামে যোগ দিতে বাকু ও বাগদাদ সফরে যাচ্ছেন হুমায়ুন কবির

দুটি গুরুত্বপূর্ণ বহুপক্ষীয় ফোরামে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দিতে সরকারি সফরে আজারবাইজান ও ইরাক যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। চলতি সপ্তাহে আজারবাইজানের রাজধানী বাকুতে এশিয়ায় নিরাপত্তা ও সহযোগিতা বিষয়ক সম্মেলন (সিআইসিএ) এবং আগামী সপ্তাহে ইরাকের রাজধানী বাগদাদে ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) পররাষ্ট্রমন্ত্রীদের ৫২তম অধিবেশনে অংশ নেবেন তিনি।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, আগামী ১৫ অক্টোবর বাকুতে সিআইসিএর সপ্তম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে সদস্য ও পর্যবেক্ষক রাষ্ট্রগুলোর রাষ্ট্র ও সরকারপ্রধান এবং বিভিন্ন পর্যবেক্ষক ও সহযোগী সংস্থার প্রতিনিধিরা অংশ নেবেন। সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

সম্মেলনের ফাঁকে কয়েকটি দেশের প্রতিনিধিদের সঙ্গে তাঁর দ্বিপক্ষীয় বৈঠক ও সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে।

এদিকে আগামী ১৭ ও ১৮ অক্টোবর বাগদাদে অনুষ্ঠিত হবে ওআইসির পররাষ্ট্রমন্ত্রীদের ৫২তম অধিবেশন। এতে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন হুমায়ুন কবির। অধিবেশনের ফাঁকে ইরাকসহ ওআইসির কয়েকটি সদস্যদেশের মন্ত্রী, উপমন্ত্রী ও প্রতিনিধিদলের সদস্যদের সঙ্গে তাঁর বৈঠক হতে পারে।

ঢাকার একটি কূটনৈতিক সূত্রের বরাতে জানা গেছে, সিআইসিএর সম্মেলনে যোগ দিতে আগামী ১৪ অক্টোবর ঢাকা থেকে বাকুর উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর। সম্মেলন শেষে ১৬ অক্টোবর বাকু থেকে বাগদাদ যাবেন তিনি।

সিআইসিএ সম্মেলনে গুরুত্ব পাবে আঞ্চলিক সহযোগিতা

সিআইসিএর ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, আঞ্চলিক নেতাদের একত্র করে সংলাপ, পারস্পরিক আস্থা ও গঠনমূলক সহযোগিতার বিষয়ে যৌথ অঙ্গীকার পুনর্ব্যক্ত করার সুযোগ তৈরি করবে এবারের শীর্ষ সম্মেলন।

শান্তি, নিরাপত্তা, স্থিতিশীলতা ও টেকসই উন্নয়ন এগিয়ে নেওয়ার পাশাপাশি আস্থা তৈরির উদ্যোগ জোরদার এবং অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোতে বহুপক্ষীয় সহযোগিতা বাড়ানোর ক্ষেত্রে সম্মেলনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

ফিলিস্তিন ইস্যুতে গুরুত্বপূর্ণ ওআইসি অধিবেশন

মধ্যপ্রাচ্যের পরিস্থিতি, বিশেষ করে ফিলিস্তিন ইস্যুতে এবারের ওআইসি পররাষ্ট্রমন্ত্রীদের অধিবেশনকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। ইতিমধ্যে অধিবেশনের জন্য ‘বাগদাদ ঘোষণা’র খসড়া তৈরির কাজ শুরু করেছে সংস্থাটি।

সম্প্রতি ইরাকের পররাষ্ট্রমন্ত্রী ফুয়াদ হোসেন বলেছেন, বাগদাদে ওআইসির ৫২তম অধিবেশন আয়োজন ইরাক ও সংস্থাটির সদস্যদেশগুলোর জন্য তাৎপর্যপূর্ণ। আঞ্চলিক ও আন্তর্জাতিক—উভয় ক্ষেত্রেই এই সম্মেলনের গুরুত্ব রয়েছে বলে উল্লেখ করেন তিনি।

ফুয়াদ হোসেনের মতে, মন্ত্রী পর্যায়ের বৈঠক অংশগ্রহণকারী প্রতিনিধিদলগুলোকে ইরাকের পরিস্থিতির বিভিন্ন দিক সম্পর্কে জানার সুযোগ করে দেবে। পাশাপাশি পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোতে ইসলামি দেশগুলোর মধ্যে যোগাযোগ ও সমন্বয় আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করেন তিনি।


আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!