কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের শয্যাসংখ্যা এক হাজারে উন্নীত করার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। তিনি বলেন, মেডিকেল কলেজ ও হাসপাতালগুলোতে প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম সরবরাহ এবং সংকট নিরসনে অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার।
গতকাল শনিবার (১০ অক্টোবর) কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের নতুন অডিটোরিয়ামে ২৯তম ব্যাচের ইন্টার্ন সমাপনী অনুষ্ঠান ও পুনর্মিলনী-২০২৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে অনুষ্ঠানে যোগ দেন মন্ত্রী।
মোহাম্মদ আমিন উর রশিদ বলেন, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম বরাদ্দের বিষয়ে স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে দ্রুত আলোচনা করবেন তিনি। হাসপাতালের বিদ্যমান সমস্যাগুলো সমাধানে সর্বোচ্চ চেষ্টা করা হবে।
সরকারি মেডিকেল কলেজগুলোতে চিকিৎসা সরঞ্জাম সরবরাহের পাশাপাশি সেগুলোর যথাযথ রক্ষণাবেক্ষণ নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন মন্ত্রী। তিনি বলেন, মূল্যবান চিকিৎসা সরঞ্জাম যেন অবহেলায় নষ্ট না হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের যত্নবান হতে হবে। বেসরকারি হাসপাতাল ও চিকিৎসকদের চেম্বারের মতো সরকারি প্রতিষ্ঠানের যন্ত্রপাতিও নির্ধারিত কার্যকাল পর্যন্ত সচল রাখতে হবে।
চিকিৎসকদের মানবিক হওয়ার আহ্বান
চিকিৎসকদের রোগীদের প্রতি আরও আন্তরিক ও মানবিক হওয়ার আহ্বান জানিয়ে কৃষিমন্ত্রী বলেন, রোগীরা চিকিৎসকের কাছে গেলে তাঁদের যথেষ্ট সময় দিতে হবে এবং সমস্যাগুলো গুরুত্ব দিয়ে শুনতে হবে। এতে চিকিৎসক ও রোগীর মধ্যে আস্থা তৈরি হবে এবং রোগীরা মানসিক স্বস্তি পাবেন।
তিনি বলেন, শুধু ওষুধ দিলেই হবে না, কীভাবে সুস্থ থাকা যায়, সে বিষয়েও রোগীদের সচেতন করতে হবে। বিশেষ করে নিরাপদ ও পুষ্টিকর খাবার গ্রহণের গুরুত্ব সম্পর্কে মানুষকে পরামর্শ দিতে হবে। খাদ্যাভ্যাস ও জীবনযাপনে ইতিবাচক পরিবর্তনের মাধ্যমে অনেক রোগের ঝুঁকি কমানো সম্ভব।
নতুন চিকিৎসকদের উদ্দেশে মোহাম্মদ আমিন উর রশিদ বলেন, রোগীদের প্রতি আন্তরিকতা, দায়িত্বশীলতা ও মানবিক আচরণের মাধ্যমে মানুষের আস্থা অর্জন করতে হবে। মানুষের কল্যাণ ও সমাজের উন্নয়নে কাজ করার পাশাপাশি আগামী প্রজন্মের জন্য সুন্দর পৃথিবী গড়ে তুলতে সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে।
কুমিল্লা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. মাছুম হাছানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক মো. ইউসুফ মোল্লা টিপু। এ সময় কুমিল্লা মেডিকেল কলেজের চিকিৎসক ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!