খেলাধুলার মাধ্যমে শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশ নিশ্চিত করে সুস্থ প্রজন্ম গড়ে তুলতে চান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। তিনি বলেছেন, খেলাধুলা ও সংস্কৃতিচর্চার প্রসারের মাধ্যমে মাদক, জুয়া, বাল্যবিবাহসহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধেও ভূমিকা রাখা সম্ভব।
রোববার লালমনিরহাট জেলা স্টেডিয়ামে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ‘ডিসি কিশোর গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।
আসাদুল হাবিব দুলু বলেন, দীর্ঘদিন অবহেলিত ও কার্যত অচল অবস্থায় থাকা স্টেডিয়ামটি নতুন করে সাজানো হয়েছে। শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশের সুযোগ তৈরি করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। একসময় এ স্টেডিয়ামে জমজমাট ক্রীড়া আয়োজন হতো। এবারের টুর্নামেন্টে বেশ কয়েকটি ক্লাব অংশ নেওয়ায় তিনি সংশ্লিষ্ট ক্লাব কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।
মন্ত্রী আশা প্রকাশ করেন, এসব ক্লাবের মাধ্যমে শিশু-কিশোরেরা সুস্থভাবে বেড়ে ওঠার পাশাপাশি নিজেদের প্রতিভা বিকাশের সুযোগ পাবে। এখান থেকেই প্রতিভাবান খেলোয়াড়েরা ভবিষ্যতে প্রতিষ্ঠিত হতে পারবে।
সামাজিক অপরাধ প্রতিরোধে খেলাধুলা
ত্রাণমন্ত্রী বলেন, ‘আলোকিত লালমনিরহাট’ একটি সামাজিক আন্দোলন। এ আন্দোলনের মাধ্যমে মাদক, জুয়া, ক্যাসিনো ও বাল্যবিবাহসহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধের চেষ্টা চলছে। খেলাধুলাও এ আন্দোলনের একটি অংশ। খেলাধুলা ও সংস্কৃতিচর্চার প্রসারে তিনি বিভিন্নভাবে সহযোগিতা করে যাচ্ছেন।
অনুষ্ঠানে লালমনিরহাট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের পরিবেশিত ডিসপ্লের প্রশংসা করেন মন্ত্রী।
টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে বড়বাড়ী বসুন্ধরা ক্রীড়া চক্র ২-০ গোলে মর্নিং স্টার ফুটবল একাডেমিকে পরাজিত করে। এবারের প্রতিযোগিতায় মোট ১৬টি দল অংশ নিচ্ছে।
টুর্নামেন্টের সভাপতি ও লালমনিরহাটের জেলা প্রশাসক মুহা. রাশেদুল হক প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ত্রাণমন্ত্রীর সহধর্মিণী ও জেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি লায়লা হাবিব, জেলা পুলিশ সুপার মো. আসাদুজ্জামান, জেলা পরিষদের প্রশাসক এ কে এম মমিনুল হক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোনীতা দাস এবং জেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব আব্দুল হাকিম।
এ ছাড়া স্থানীয় বিএনপির নেতাকর্মী, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং স্কুল-কলেজের শিক্ষার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!