সৌদি আরবের রাজধানী রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে হামলাকে আন্তর্জাতিক আইন, মৌলিক মানবাধিকার ও মানবিক মূল্যবোধের চরম লঙ্ঘন বলে মন্তব্য করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।
এ ঘটনায় নিহত ব্যক্তিদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে আহত ব্যক্তিদের বিনা মূল্যে চিকিৎসা এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য পর্যাপ্ত আর্থিক ক্ষতিপূরণ নিশ্চিত করার দাবি জানিয়েছে সংগঠনটি।
সোমবার (১২ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় হেফাজতে ইসলামের আমির শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব শায়েখ সাজিদুর রহমান এসব দাবি জানান।
শোকবার্তায় হেফাজতের নেতারা বলেন, আন্তর্জাতিক বিমানবন্দরের মতো সম্পূর্ণ বেসামরিক স্থাপনায় এ ধরনের হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এটি আন্তর্জাতিক আইন, মৌলিক মানবাধিকার ও মানবিক মূল্যবোধের চরম লঙ্ঘন। নিরীহ মানুষের ওপর এ ধরনের হামলা বিশ্ববিবেককে গভীরভাবে নাড়া দিয়েছে।
বার্তায় তাঁরা হামলায় নিহত দুই বাংলাদেশিসহ সব নিহত ব্যক্তির রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। পাশাপাশি আহত ব্যক্তিদের দ্রুত সুস্থতা কামনা করেন।
ক্ষতিপূরণ ও চিকিৎসার দাবি
হেফাজতের নেতারা বলেন, হামলায় হতাহত ব্যক্তিদের মানবিক দিক বিবেচনায় নিয়ে নিহত বাংলাদেশিসহ সব ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য পর্যাপ্ত আর্থিক ক্ষতিপূরণ নিশ্চিত করতে হবে। এ জন্য সৌদি সরকার ও সংশ্লিষ্ট আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রতি আহ্বান জানান তাঁরা। একই সঙ্গে আহত ব্যক্তিদের সম্পূর্ণ বিনা মূল্যে আধুনিক চিকিৎসাসেবা এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে জরুরি মানবিক সহায়তা দেওয়ার দাবি জানান।
নিহত বাংলাদেশিদের মরদেহ পরিবারের ইচ্ছা অনুযায়ী দ্রুত দেশে ফিরিয়ে এনে সম্মানের সঙ্গে দাফন অথবা প্রবাসেই যথাযথ মর্যাদায় দাফনের ব্যবস্থা নিশ্চিত করার আহ্বান জানান তাঁরা।
নিহত ব্যক্তিদের পরিবারগুলো যাতে আইনগত পাওনা ও ক্ষতিপূরণ যথাযথভাবে পায়, সে জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়কে দ্রুত ও কার্যকর কূটনৈতিক পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানান হেফাজতের নেতারা।
শোকবার্তায় আরও বলা হয়, আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষা এবং বিমানবন্দরসহ বেসামরিক স্থাপনায় এ ধরনের হামলা বন্ধে জাতিসংঘ, ইসলামী সহযোগিতা সংস্থা (ওআইসি) ও আন্তর্জাতিক সম্প্রদায়কে কঠোর ও দৃশ্যমান পদক্ষেপ নিতে হবে।
বার্তার শেষে মহান আল্লাহর কাছে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের তাওফিক কামনা করা হয়। একই সঙ্গে মধ্যপ্রাচ্যসহ সারা বিশ্বে স্থায়ী শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার জন্য দোয়া করেন হেফাজতের নেতারা।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!