জাতীয়

২০ হাজার কিলোমিটার খাল খননে নেদারল্যান্ডসের সহযোগিতা চায় বাংলাদেশ

আপডেট: অক্টো ১৩, ২০২৬ : ০৫:০০ এএম ৬ ০
২০ হাজার কিলোমিটার খাল খননে নেদারল্যান্ডসের সহযোগিতা চায় বাংলাদেশ

বাংলাদেশে ডাচ বিনিয়োগ বাড়ানো, ২০ হাজার কিলোমিটার খাল খনন ও পুনঃখনন, ব্লু ইকোনমি এবং তিস্তা ও পদ্মা মহাপরিকল্পনা বাস্তবায়নে নেদারল্যান্ডসের সঙ্গে সহযোগিতা জোরদার করতে আলোচনা করেছে সরকার। এ ছাড়া কৃষি, খাদ্য নিরাপত্তা, নবায়নযোগ্য জ্বালানি, শিক্ষা ও কর্মসংস্থান নিয়েও দুই দেশের প্রতিনিধিদের মধ্যে কথা হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিনের সঙ্গে সাক্ষাৎ করেন নেদারল্যান্ডস সরকারের আন্তর্জাতিক সহযোগিতাবিষয়ক ভাইস মিনিস্টার স্টিভেন কোলেট। এ সময় এসব বিষয়ে আলোচনা হয়।

বৈঠকে বাংলাদেশের গণতান্ত্রিক ধারায় ফিরে আসা, নতুন সরকারের দায়িত্ব গ্রহণ এবং চলমান সংস্কার কার্যক্রম নিয়েও আলোচনা হয়। বাংলাদেশের গণতান্ত্রিক সরকার দায়িত্ব নেওয়ায় নেদারল্যান্ডসের পক্ষ থেকে অভিনন্দন ও শুভকামনা জানানো হয়।

বিনিয়োগ ও বাণিজ্য বাড়ানোর আলোচনা

বৈঠকে বাংলাদেশে ডাচ বিনিয়োগ বাড়াতে ব্যবসাবান্ধব পরিবেশ ও নীতিগত সহায়তা নিশ্চিত করার বিষয়টি গুরুত্ব পায়। কৃষি, বস্ত্রশিল্প, মানবসম্পদের দক্ষতা উন্নয়ন, খাদ্য নিরাপত্তা, খাদ্য প্রক্রিয়াজাতকরণ এবং সামগ্রিক অর্থনৈতিক সহযোগিতা নিয়েও আলোচনা করেন দুই দেশের প্রতিনিধিরা।

এ সময় বাংলাদেশ থেকে নেদারল্যান্ডসে আম রপ্তানি এবং বাংলাদেশে ডাচ আলুর জাত সফলভাবে ব্যবহারের বিষয়টি উঠে আসে।

ব্লু ইকোনমি ও জাহাজ নির্মাণশিল্পে সহযোগিতা বাড়ানোর পাশাপাশি নেদারল্যান্ডসের কারখানায় বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থানের সম্ভাবনা নিয়েও আলোচনা হয়। মাহদী আমিন প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা ডাচ প্রতিনিধিদলের সামনে তুলে ধরেন।

তিস্তা ও পদ্মা মহাপরিকল্পনায় প্রযুক্তিগত সহায়তা

নদী ও খাল সংস্কারের অংশ হিসেবে ২০ হাজার কিলোমিটার খাল খনন ও পুনঃখননের পরিকল্পনা বাস্তবায়নে নেদারল্যান্ডসের আধুনিক প্রযুক্তি ও বিশেষজ্ঞ সহায়তার ওপর গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি তিস্তা ব্যারেজ ও পদ্মা মহাপরিকল্পনা নিয়েও আলোচনা হয়।

শিক্ষা ও কর্মসংস্থান খাতের উন্নয়নে শিক্ষক প্রশিক্ষণ, যুগোপযোগী পাঠ্যক্রম প্রণয়ন, শিল্পপ্রতিষ্ঠান ও উচ্চশিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় এবং বৃত্তিমূলক শিক্ষার প্রসারের বিষয়েও ডাচ প্রতিনিধিদলকে অবহিত করেন মাহদী আমিন। বহুভাষিক শিক্ষা কার্যক্রমের আওতায় তৃতীয় ভাষা হিসেবে ডাচ ভাষা অন্তর্ভুক্তির উদ্যোগের কথাও তুলে ধরা হয়।

নবায়নযোগ্য জ্বালানি ও পরিবেশ সুরক্ষা

পরিবেশ সুরক্ষা ও জ্বালানি খাতে সহযোগিতার প্রসঙ্গে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন এবং সৌরবিদ্যুৎসহ নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর পরিকল্পনা তুলে ধরা হয়। আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানোর জাতীয় পরিকল্পনার কথাও জানানো হয়।

এ ছাড়া প্রান্তিক নারীদের অর্থনৈতিক ক্ষমতায়নে ‘ফ্যামিলি কার্ড’ এবং কৃষকদের সুরক্ষায় ‘কৃষক কার্ড’ চালুর উদ্যোগ নিয়ে আলোচনা হয়।

বৈঠকে মাহদী আমিন বলেন, বর্তমান সরকার গণতন্ত্র, বাক্‌স্বাধীনতা ও মানবাধিকার সুরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। সংসদে প্রাণবন্ত আলোচনা, বিরোধী দলের মতপ্রকাশের সুযোগ, বিচার বিভাগের স্বাধীনতা এবং সংসদীয় কমিটির মাধ্যমে প্রাতিষ্ঠানিক জবাবদিহি নিশ্চিত করার অগ্রগতির বিষয়গুলোও বৈঠকে আলোচিত হয়।

সাক্ষাৎকালে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত জোরিস ভ্যান বোমেল এবং টেকসই উন্নয়নবিষয়ক রাষ্ট্রদূত ওয়াম্পি লিবন উপস্থিত ছিলেন।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!