সৌদি আরবে বিমানবন্দরে হামলায় ক্ষতিগ্রস্ত বাংলাদেশি প্রবাসীদের সার্বক্ষণিক খোঁজখবর রাখা হচ্ছে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী। এ ঘটনায় দুজন বাংলাদেশি মারা গেছেন এবং আহত ব্যক্তিরা স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানান তিনি।
মঙ্গলবার (১৩ অক্টোবর) নারায়ণগঞ্জের বন্দরে শ্রম কল্যাণ কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন মন্ত্রী। আরিফুল হক চৌধুরী বলেন, ‘ঘটনাটি ঘটার সঙ্গে সঙ্গেই আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং শ্রম উইং সার্বক্ষণিক খোঁজখবর রাখছে। এই মর্মান্তিক ঘটনায় আমাদের দুজন প্রবাসী নাগরিক মৃত্যুবরণ করেছেন এবং অনেকেই আহত হয়ে স্থানীয় কয়েকটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।’
আহত ব্যক্তিদের চিকিৎসার বিষয়ে নিয়মিত খোঁজ নেওয়া হচ্ছে জানিয়ে মন্ত্রী বলেন, তিনি নিজেও আহত একজনের বাবার সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলে সমবেদনা জানিয়েছেন এবং সহায়তার আশ্বাস দিয়েছেন।
সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশিদের সতর্ক থাকার পরামর্শ দিয়ে মন্ত্রী বলেন, বর্তমান পরিস্থিতিতে প্রবাসীদের সাবধানে থাকতে হবে এবং নিরাপদ আশ্রয়ে অবস্থান করতে হবে। জরুরি প্রয়োজনে বাংলাদেশ দূতাবাসের সংশ্লিষ্ট নম্বরগুলোতে যোগাযোগ করারও আহ্বান জানান তিনি।
বিমানবন্দরে প্রবাসীদের হয়রানি নিয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, প্রবাসীদের যেকোনো সমস্যা সমাধানে সরকার আন্তরিক ও প্রতিশ্রুতিবদ্ধ। বিমানবন্দরে হয়রানির বিষয়ে সুনির্দিষ্ট অভিযোগ থাকলে তা নিষ্পত্তির জন্য minister.expat@gmail.com ঠিকানায় ই-মেইল পাঠানোর অনুরোধ জানান তিনি।
৭ নভেম্বর চালু হচ্ছে মহিলা হোস্টেল ও হাসপাতাল
এদিন নারায়ণগঞ্জের শ্রমজীবী নারীদের আবাসন ও চিকিৎসাসুবিধা নিশ্চিত করতে শ্রম কল্যাণ কেন্দ্রের মহিলা হোস্টেল এবং পাঁচ শয্যার হাসপাতাল পরিদর্শন করেন মন্ত্রী।
তিনি বলেন, নারায়ণগঞ্জের শ্রমজীবী নারীরা যাতে নির্বিঘ্নে ও নিরাপদে কাজ করতে পারেন, সে জন্য আবাসন ও চিকিৎসাসুবিধা নিশ্চিত করা প্রয়োজন। এ লক্ষ্যেই মহিলা হোস্টেল ও পাঁচ শয্যার হাসপাতালটি সরেজমিনে পরিদর্শন করেছেন তিনি।
মন্ত্রী আরও বলেন, এলাকার মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে আগামী ৭ নভেম্বর মহিলা হোস্টেল ও পাঁচ শয্যার হাসপাতালের কার্যক্রম পুনরায় আনুষ্ঠানিকভাবে চালু করার লক্ষ্য নিয়ে কাজ চলছে।
পরিদর্শনকালে নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আবুল কালাম, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রহমান তরফদার, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক মো. ফরহাদ সিদ্দিক, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) মহাপরিচালক জামিল আহমেদ, শ্রম অধিদপ্তরের মহাপরিচালক মো. আবদুছ সামাদ আল আজাদসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!