বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বাণিজ্যবিষয়ক সম্পাদক ও ঢাকা-৪ এবং ঢাকা-৫ আসনের সাবেক সংসদ সদস্য তানভীর আহমেদ রবিনের বাবা আলহাজ সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
আজ বুধবার (১৪ অক্টোবর) এক শোকবার্তায় তিনি মরহুমের শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান। শোকবার্তায় রুহুল কবির রিজভী বলেন, সালাহউদ্দিন আহমেদের মতো একজন অভিজ্ঞ রাজনীতিবিদের চলে যাওয়া অত্যন্ত বেদনাদায়ক। তিনি সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের নীতি ও আদর্শে বিশ্বাসী ছিলেন। রাজনীতিবিদ হিসেবে জনসম্পৃক্ত সালাহউদ্দিন আহমেদ দলীয় নীতি ও আদর্শ থেকে কখনো বিচ্যুত হননি। গণতন্ত্রের প্রতি তাঁর ছিল অবিচল আস্থা।
রিজভী আরও বলেন, বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নেতৃত্বে গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে সালাহউদ্দিন আহমেদ প্রশংসনীয় ভূমিকা পালন করেছেন। জনপ্রতিনিধি হিসেবে এলাকার উন্নয়নে অবদানের জন্য তিনি এলাকাবাসীর কাছে স্মরণীয় হয়ে থাকবেন।
বিনয়ী, সদালাপী ও মানবিক গুণাবলিসম্পন্ন সালাহউদ্দিন আহমেদ সবার কাছে গ্রহণযোগ্য রাজনীতিবিদ ছিলেন বলেও উল্লেখ করেন রিজভী।
শোকবার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্য, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের এই শোক কাটিয়ে ওঠার শক্তি দিতে মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন।
উল্লেখ্য, বুধবার রাত ৮টা ১০ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সালাহউদ্দিন আহমেদ মারা যান। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!