জাতীয়

ইতালিতে কর্মী পাঠাতে নভেম্বরে ঢাকায় বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি

আপডেট: অক্টো ১৪, ২০২৬ : ০৫:১৫ এএম ৫ ০
ইতালিতে কর্মী পাঠাতে নভেম্বরে ঢাকায় বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি

ইতালীয় ভাষা ও কারিগরি দক্ষতার প্রশিক্ষণ দিয়ে নিয়মিত ও বৈধ পথে বাংলাদেশি কর্মী পাঠানোর লক্ষ্যে আগামী নভেম্বর মাসে ঢাকায় বিশেষ কর্মসূচি আয়োজন করতে যাচ্ছে ইতালি দূতাবাস। এ কর্মসূচির আওতায় ইতালিতে কাজ করতে আগ্রহীদের ভাষা, দেশটির সংস্কৃতি ও সামাজিক রীতিনীতি এবং প্রয়োজনীয় ব্যবহারিক ও কারিগরি প্রশিক্ষণ দেওয়া হবে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ তথ্য জানান বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত অ্যান্টোনিও আলেসান্দ্রো।

সাক্ষাৎকালে ইতালির রাষ্ট্রদূত জানান, বাংলাদেশ থেকে দক্ষ ও প্রশিক্ষিত কর্মী নেওয়ার উদ্দেশ্যে আগামী মাসেই ঢাকায় এ বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি শুরু করতে যাচ্ছে ইতালি সরকার। প্রশিক্ষণ সফলভাবে সম্পন্নকারীদের জন্য পরবর্তী সময়ে ইতালিতে কর্মসংস্থানের সুযোগ তৈরির পরিকল্পনা রয়েছে।

ইতালির এ উদ্যোগকে স্বাগত জানিয়ে মাহদী আমিন বলেন, আন্তর্জাতিক শ্রমবাজারে দক্ষ জনশক্তি পাঠানো এবং দেশের তরুণদের তৃতীয় ভাষা শেখার সুযোগ নিশ্চিত করা প্রধানমন্ত্রী তারেক রহমানের অগ্রাধিকারগুলোর অন্যতম।

তিনি আশা প্রকাশ করেন, এ ধরনের প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে দক্ষ মানবসম্পদ তৈরি হবে এবং বাংলাদেশ ও ইতালির অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার হবে।

বৈধ অভিবাসন ও শিক্ষার্থী ভিসা নিয়ে আলোচনা

বৈঠকে বাংলাদেশি কর্মীদের জন্য বৈধ অভিবাসনের সুযোগ বাড়ানো এবং অনিয়মিত পথে বিদেশ যাওয়া নিরুৎসাহিত করার বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ইতালির ভিসা পাওয়ার সুযোগ ও আবেদনপ্রক্রিয়া আরও সহজ করার বিষয়টিও গুরুত্ব পায়।

এ সময় ইতালির রাষ্ট্রদূত জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের দায়িত্বশীল ও প্রশংসনীয় ভূমিকার প্রশংসা করেন। দুই দেশের পারস্পরিক অংশীদারত্বের কথা উল্লেখ করে তিনি বিভিন্ন সমস্যা, চ্যালেঞ্জ ও নতুন সম্ভাবনা মোকাবিলায় একসঙ্গে কাজ করার প্রত্যয় জানান।

বৈঠকে দুই দেশের জনগণের মধ্যে ঘনিষ্ঠ যোগাযোগের বিষয়টিও উঠে আসে। বর্তমানে প্রায় আড়াই লাখ বাংলাদেশি ইতালিতে বসবাস করছেন বলে উল্লেখ করা হয়। তাঁদের পাঠানো রেমিট্যান্স বাংলাদেশের বৈদেশিক মুদ্রা অর্জনে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

সাক্ষাৎকালে ঢাকায় ইতালি দূতাবাসের ডেপুটি হেড অব মিশন ফেদেরিকো জাম্পারেলি উপস্থিত ছিলেন।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!