জাতীয়

নভেম্বরে জাতীয় গ্রিডে বিদ্যুৎ দিতে প্রস্তুত হচ্ছে রূপপুর কেন্দ্র

আপডেট: অক্টো ১৫, ২০২৬ : ০৫:৪৪ এএম ৬ ০
নভেম্বরে জাতীয় গ্রিডে বিদ্যুৎ দিতে প্রস্তুত হচ্ছে রূপপুর কেন্দ্র

নভেম্বরের মধ্যে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরুর লক্ষ্যে প্রস্তুতি এগিয়ে চলছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে। ইতিমধ্যে প্রকল্পটির প্রাথমিক ফিজিক্যাল ও ক্রিটিক্যালিটি পরীক্ষা শুরু হয়েছে। অন্যদিকে, কেন্দ্রটির দ্বিতীয় ইউনিটের ফুয়েল লোডিং বা জ্বালানি স্থাপনের প্রক্রিয়া আগামী বছরের জুনের মধ্যে সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

বুধবার (১৪ অক্টোবর) জাতীয় সংসদ ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠকে প্রকল্পটির অগ্রগতি ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয়। বৈঠকে উপস্থাপিত তথ্যে এসব বিষয় জানানো হয়।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলুর সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে জানানো হয়, রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি করপোরেশন রোসাটমের সঙ্গে ফলপ্রসূ আলোচনার ভিত্তিতে নির্ধারিত সময়ের মধ্যে বিদ্যুৎ সরবরাহ শুরুর বিষয়ে আশাবাদী সংশ্লিষ্টরা।

নিরাপত্তায় আন্তর্জাতিক মান অনুসরণের দাবি

বৈঠকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রযুক্তিগত সক্ষমতা ও নিরাপত্তাব্যবস্থা নিয়েও আলোচনা হয়। সংশ্লিষ্টরা জানান, এটি তৃতীয় প্রজন্মের আধুনিক পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে এবং বিশেষজ্ঞদের কঠোর তত্ত্বাবধানে প্রকল্পের প্রতিটি ধাপ বাস্তবায়ন করা হচ্ছে।

আন্তর্জাতিক জ্বালানি বিশেষজ্ঞদের মূল্যায়নেও প্রকল্পটি সঠিক পথে রয়েছে বলে বৈঠকে উল্লেখ করা হয়।

নিউক্লিয়ার মেডিসিন ও গবেষণা জাহাজ নির্মাণ

বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি দেশের স্বাস্থ্য ও গবেষণা খাতেও বিজ্ঞান ও প্রযুক্তির ব্যবহার সম্প্রসারণের উদ্যোগ চলছে বলে বৈঠকে জানানো হয়। এর মধ্যে রয়েছে জেলা পর্যায়ে নিউক্লিয়ার মেডিসিনের সুবিধা সম্প্রসারণ এবং দেশের প্রথম গবেষণা জাহাজ নির্মাণ।

ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে বিজ্ঞান ও উদ্ভাবনচর্চা বাড়াতে স্কুল ও কলেজ পর্যায়ে জাঁকজমকপূর্ণ বিজ্ঞান মেলা আয়োজনের সুপারিশ করেন কমিটির সদস্যরা। দেশীয় উদ্ভাবনকে বাণিজ্যিকভাবে কাজে লাগিয়ে রপ্তানি বাড়ানো এবং বৈদেশিক মুদ্রা অর্জনের জন্য কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপরও গুরুত্ব দেওয়া হয়।

বৈঠকে কমিটির সদস্য বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনামসহ কমিটির সদস্য এ জেড এম রেজওয়ানুল হক, মো. আনোয়ারুল ইসলাম, মোহাম্মদ ফাহিম চৌধুরী, কে এম বাবর, সানসিলা জেবরিন, সালাহ উদ্দিন, মারদিয়া মমতাজ ও মো. আব্দুল গফুর উপস্থিত ছিলেন।

এ ছাড়া বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন, মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট দপ্তর-সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জাতীয় সংসদ সচিবালয়ের কর্মকর্তারা বৈঠকে অংশ নেন।

বৈঠকের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করা হয়। পরে সভাপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, মহান মুক্তিযুদ্ধের শহীদ এবং ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে নিহত ব্যক্তিদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। এরপর সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের পরিচিতি এবং পাওয়ার পয়েন্ট উপস্থাপনার মাধ্যমে মন্ত্রণালয়ের কার্যক্রম তুলে ধরা হয়।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!