দেশের বস্ত্রশিল্পের চাহিদা মেটাতে স্থানীয়ভাবে তুলার উৎপাদন বাড়ানোর পরিকল্পনা নিয়েছে সরকার। ২০৫০ সালের মধ্যে দেশে আঁশ তুলার উৎপাদন ১৯ লাখ বেলে উন্নীত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে তুলা উন্নয়ন বোর্ড (সিডিবি)। এ জন্য তুলা চাষের জমি বাড়িয়ে দুই লাখ হেক্টরে উন্নীত করার পরিকল্পনা করা হয়েছে।
বর্তমানে দেশে বছরে তুলার চাহিদা প্রায় ১৬ লাখ বেল। এর বিপরীতে স্থানীয় উৎপাদন দিয়ে চাহিদার মাত্র ১৮ থেকে ২০ শতাংশ পূরণ হচ্ছে। ফলে তুলা ও সুতা আমদানির ওপর নির্ভর করতে হচ্ছে দেশের বস্ত্রশিল্পকে।
তুলা উন্নয়ন বোর্ডের নির্বাহী পরিচালক মো. রেজাউল আমিন বলেন, দেশের ৫০টিরও বেশি জেলায় তুলার উৎপাদন বাড়াতে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হয়েছে।
পরিকল্পনা অনুযায়ী, ২০৩০ সালের মধ্যে পাঁচ লাখ বেল, ২০৪০ সালের মধ্যে ১০ লাখ বেল এবং ২০৫০ সালের মধ্যে ১৯ লাখ বেল আঁশ তুলা উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
৩৯ জেলায় তুলা চাষ
বর্তমানে দেশের ৩৯টি জেলার ১৩২টি উপজেলায় উফশী ও পাহাড়ি—দুই ধরনের তুলা চাষ হচ্ছে। এর মধ্যে ৬৯ শতাংশ জমিতে উফশী এবং ৩১ শতাংশ জমিতে পাহাড়ি তুলা চাষ করা হয়। প্রায় ৪৮ হাজার হেক্টর জমিতে তুলা চাষ করে বছরে প্রায় ২ লাখ ২৪ হাজার বেল আঁশ তুলা উৎপাদিত হচ্ছে।
তুলা চাষ সম্প্রসারণের পরিকল্পনায় রয়েছে মৌলভীবাজার, হবিগঞ্জ, কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী, লক্ষ্মীপুর, বরিশাল, ভোলা, বরগুনা, চট্টগ্রাম, ফেনী, কক্সবাজার ও নীলফামারী জেলা।
এ ছাড়া উঁচু চরাঞ্চল, বরেন্দ্র অঞ্চল, উপযোগী পাহাড়ি জমি, তুলনামূলক কম উর্বর ও কম উৎপাদনশীল জমি, লবণাক্ততা ও খরাপ্রবণ এলাকায় তুলা চাষ বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে। বিভিন্ন ফলের বাগান এবং সবজি, ডাল ও মসলার সঙ্গে আন্তঃফসল হিসেবেও তুলা চাষ সম্প্রসারণ করা হবে। এ কর্মসূচিতে সরকারি খাসজমিও অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে।
তুলা আমদানিতে ব্যয় ৮০ হাজার কোটি টাকা
দেশে তুলার উৎপাদন বাড়ানোর বিষয়টি সরকারের নীতিনির্ধারণী পর্যায়েও গুরুত্ব পেয়েছে। গত ১৩ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর সঙ্গে কৃষি মন্ত্রণালয়ের মতবিনিময় সভায় দেশের তুলা উৎপাদনের সম্ভাবনা পর্যালোচনা করে বিস্তারিত পরিকল্পনা জমা দিতে তুলা উন্নয়ন বোর্ডকে নির্দেশ দেওয়া হয়।
এরপর গত ১৬ সেপ্টেম্বর কৃষি মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির প্রথম সভায়ও স্থানীয়ভাবে তুলার উৎপাদন বাড়ানো এবং বিপুল আমদানি ব্যয় কমাতে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়ার সুপারিশ করা হয়।
তুলা উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে বিদেশ থেকে ৭৩ লাখ বেল কাঁচা তুলা ও সুতা আমদানিতে ব্যয় হয়েছে ৮০ হাজার কোটি টাকা, যা ৬ দশমিক ৫১ বিলিয়ন মার্কিন ডলারের সমপরিমাণ।
দেশে তুলার উৎপাদন বাড়ানো গেলে আমদানিনির্ভরতা কমানোর পাশাপাশি বস্ত্রশিল্পের কাঁচামালের চাহিদা পূরণেও সহায়তা মিলবে বলে সংশ্লিষ্ট উদ্যোগের লক্ষ্য।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!