রাজনৈতিক পরিচয় বা মতাদর্শের কারণে কারও প্রতি বিরূপ মনোভাব পোষণ করা উচিত নয়। তবে রাজনীতির পরিচয় ব্যবহার করে যারা সন্ত্রাস, দখলদারত্ব, নির্যাতন ও নিপীড়ন চালিয়েছে, তাদের বিরুদ্ধে করা মামলাগুলো যথাযথ গুরুত্ব দিয়ে পরিচালনা করতে হবে।
এসব অপরাধের ক্ষেত্রে কোনো আপস করা যাবে না বলে মন্তব্য করেছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় সিলেট সার্কিট হাউসে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম আয়োজিত নবনিযুক্ত সরকারি কৌঁসুলি (পিপি) ও সরকারি আইন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, সরকারি আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে সততা, নিষ্ঠা ও পেশাগত দায়িত্বশীলতা বজায় রাখতে হবে। পিপি, জিপি, এজিপি ও এপিপিদের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিচারপ্রার্থী মানুষের অধিকাংশই আর্থিকভাবে অসচ্ছল। তাঁদের ন্যায়বিচার নিশ্চিত করতে সরকারি আইন কর্মকর্তাদের যথাযথ ভূমিকা পালন করতে হবে।
তিনি আরও বলেন, অন্যায় ও অপরাধের বিরুদ্ধে আইনি অবস্থান সুদৃঢ় রাখতে হবে, যাতে সাধারণ মানুষ ন্যায়বিচার পেতে গিয়ে হয়রানি ও দুর্ভোগের শিকার না হন।
মাদক ও অনলাইন জুয়ার মামলায় গুরুত্ব দিতে হবে
মাদক ও অনলাইন জুয়াকে সমাজের জন্য ভয়াবহ সমস্যা হিসেবে উল্লেখ করে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, বিশেষ করে তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করা এবং অনলাইন জুয়ার বিস্তার রোধ করা জরুরি। এসব অপরাধের মামলাগুলো সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পরিচালনা করতে হবে।
আইনের ফাঁকফোকর ব্যবহার করে অপরাধীরা যাতে সহজে জামিন পেয়ে আবার অপরাধে জড়াতে না পারে, সে বিষয়ে সরকারি আইন কর্মকর্তাদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
মন্ত্রী বলেন, মাদকাসক্তি শুধু একজন ব্যক্তির সমস্যা নয়; এটি তাঁর পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্যও মারাত্মক ক্ষতিকর। সমাজে সংঘটিত অপরাধের উল্লেখযোগ্য অংশের সঙ্গে মাদকের সম্পৃক্ততা রয়েছে।
অন্যদিকে অনলাইন জুয়ার সবচেয়ে বড় ভুক্তভোগী নিম্ন আয়ের শ্রমজীবী মানুষ। অনলাইন জুয়ার কারণে অনেকে সারাদিনের উপার্জন হারাচ্ছেন। এর নেতিবাচক প্রভাব পড়ছে তাঁদের পরিবারে, বিশেষ করে স্ত্রী ও সন্তানদের ওপর। এ কারণে মাদক ও অনলাইন জুয়াসংক্রান্ত মামলাগুলো পরিচালনায় সরকারি আইন কর্মকর্তাদের বিশেষ সতর্কতা ও সক্রিয় ভূমিকা প্রয়োজন।
সিলেট জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহ্বায়ক অ্যাডভোকেট শাহ আশরাফুল ইসলাম আশরাফের সভাপতিত্বে সভায় সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, সিলেটের জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন, জালালাবাদ গ্যাসের পরিচালক বদরুজ্জামান সেলিম, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন ও সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী উপস্থিত ছিলেন।
এ ছাড়া সিলেট জেলা পিপি আশিক উদ্দিন, পিপি মমিনুল ইসলাম মমিনসহ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতারা সভায় অংশ নেন।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!