ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশের (আইইবি) ঢাকা কেন্দ্রের ২০২৭–২০২৮ মেয়াদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন অধ্যাপক প্রকৌশলী ড. মনিরুল ইসলাম। তিনি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজির (আইইউবিএটি) সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ও চেয়ারম্যান।
গত ১২ নভেম্বর ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আইইবির নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে প্রকৌশলীদের প্রত্যক্ষ অংশগ্রহণ ও সমর্থনে তিনি ঢাকা কেন্দ্রের চেয়ারম্যান নির্বাচিত হন। আগামী দুই বছর এ দায়িত্ব পালন করবেন তিনি।
ড. মনিরুল ইসলাম দীর্ঘদিন ধরে প্রকৌশল শিক্ষা, গবেষণা ও পেশাগত উন্নয়নে কাজ করছেন। আইইউবিএটির সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ও চেয়ারম্যান হিসেবে তিনি বিভাগের শিক্ষা কার্যক্রম পরিচালনা, শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা বিকাশে ভূমিকা রাখছেন।
তিনি দীর্ঘদিন আইইউবিএটির কলেজ অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির ডিন হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তাঁর নেতৃত্বে বিশ্ববিদ্যালয়টির চারটি প্রকৌশল বিভাগ—সিভিল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং—আউটকাম বেজড এডুকেশন (ওবিই) পদ্ধতির ভিত্তিতে ছয় বছরের জন্য বোর্ড অব অ্যাক্রেডিটেশন ফর ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনিক্যাল এডুকেশনের (বিএইটিই) স্বীকৃতি পেয়েছে।
আইইবি দেশের প্রকৌশলীদের অন্যতম বৃহৎ পেশাজীবী সংগঠন। প্রকৌশল শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন, প্রযুক্তিগত অগ্রগতি এবং প্রকৌশলীদের পেশাগত অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় সংগঠনটি কাজ করে আসছে। রাজধানীকেন্দ্রিক বিভিন্ন উন্নয়ন উদ্যোগ, পেশাগত প্রশিক্ষণ, সেমিনার ও গবেষণা কার্যক্রমেও আইইবি ঢাকা কেন্দ্রের ভূমিকা রয়েছে।
ড. মনিরুল ইসলামের নির্বাচনে আইইউবিএটি পরিবার অভিনন্দন জানিয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছে, তাঁর নেতৃত্বে আইইবি ঢাকা কেন্দ্রের কার্যক্রম আরও গতিশীল হবে। পাশাপাশি প্রকৌশল শিক্ষার উৎকর্ষ, গবেষণা ও উদ্ভাবন এবং দেশের টেকসই উন্নয়নে প্রকৌশলীদের অংশগ্রহণ বাড়াতে তিনি ভূমিকা রাখবেন।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!