কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণকে অর্থবহ কর্মসংস্থান, উদ্যোক্তা সৃষ্টি এবং টেকসই আয়ের সুযোগে রূপ দেওয়ার ওপর গুরুত্ব দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেছেন, দেশের অর্থনৈতিক অগ্রাধিকার ও শ্রমবাজারের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে দক্ষতা উন্নয়ন কার্যক্রম পরিচালনা করতে হবে।
সোমবার (১৬ নভেম্বর) রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় ‘কিং আবদুল্লাহ বিন আবদুল আজিজ প্রোগ্রাম ফর দ্য আল্ট্রা-পুওর কমিউনিটি’র আওতায় প্রশিক্ষণার্থীদের সনদ বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রায় ১৯ হাজার প্রশিক্ষণার্থীর প্রশিক্ষণ কার্যক্রমের সাফল্য তুলে ধরা হয়।
হুমায়ুন কবির বলেন, প্রশিক্ষণ দেওয়াই শেষ কথা নয়, বরং এটি কেবল শুরু। প্রশিক্ষণপ্রাপ্ত ব্যক্তিরা যাতে উৎপাদনশীল কর্মসংস্থানে যুক্ত হতে পারেন, নিজেদের ব্যবসা গড়ে তুলতে পারেন এবং টেকসই জীবিকার ব্যবস্থা করতে পারেন, তা নিশ্চিত করাই এখন অগ্রাধিকার হওয়া উচিত।
দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগের মধ্যে ব্যবধান কমাতে প্রশিক্ষণ প্রতিষ্ঠান, সরকারি সংস্থা, নিয়োগদাতা এবং বেসরকারি খাতের মধ্যে সহযোগিতা বাড়ানোর ওপর জোর দেন তিনি। তরুণদের অর্জিত দক্ষতা কাজে লাগিয়ে উদ্যোক্তা হওয়ার পাশাপাশি অন্যদের কর্মসংস্থান সৃষ্টি এবং স্থানীয় অর্থনীতিতে অবদান রাখার আহ্বান জানান প্রতিমন্ত্রী।
তিনি বলেন, উদীয়মান অর্থনৈতিক চ্যালেঞ্জ ও শ্রমবাজারের পরিবর্তিত চাহিদা মোকাবিলায় কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষাকে সময়োপযোগী করতে হবে। তাহলেই প্রশিক্ষণের সুফল বাস্তবে পাওয়া সম্ভব হবে।
অনুষ্ঠানে কর্মসূচির অগ্রগতি তুলে ধরে মুসলিম এইড ইউকের বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর মুহসিন সিদ্দিকী জানান, ২০২০ সালের অক্টোবর থেকে ২০২৫ সালের সেপ্টেম্বর পর্যন্ত পাঁচ বছর মেয়াদি এ কর্মসূচির আওতায় ঢাকা, যশোর ও নীলফামারীতে তিনটি প্রশিক্ষণকেন্দ্রের মাধ্যমে ১৯ হাজার ৩৯১ জনকে প্রশিক্ষণের আওতায় আনা হয়। তাঁদের মধ্যে ১৯ হাজার ১২৮ জন নয়টি কারিগরি বিষয়ে প্রশিক্ষণ সম্পন্ন করেছেন।
প্রশিক্ষণের বিষয়গুলোর মধ্যে ছিল সেলাই, কম্পিউটার পরিচালনা, গ্রাফিক ডিজাইন, বৈদ্যুতিক কাজ, রেফ্রিজারেশন, অটোমোবাইল মেকানিকস, গাড়ি চালনা, মোবাইল ফোন মেরামত ও মোটরসাইকেল মেরামত।
মুহসিন সিদ্দিকী বলেন, প্রশিক্ষণার্থীদের বৃত্তি, পেশাগত পরামর্শ, নমনীয় শিক্ষার সুযোগ এবং আত্মকর্মসংস্থানে সহায়তার জন্য প্রাথমিক আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। পাশাপাশি প্রশিক্ষণপ্রাপ্ত ব্যক্তিদের কর্মসংস্থান ও টেকসই আয়ের সুযোগ তৈরিতে সরকারি সংস্থা, উন্নয়ন সহযোগী এবং বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ ও সম্পৃক্ততার উদ্যোগ নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে ইসলামী উন্নয়ন ব্যাংকের (আইএসডিবি) প্রকল্প সমন্বয় কার্যালয়ের প্রকল্প বিশেষজ্ঞ মনজুর মুর্শিদ বলেন, কোভিড-১৯ মহামারির কারণে নানা প্রতিবন্ধকতা তৈরি হলেও কর্মসূচিটি লক্ষ্য অর্জনে সফল হয়েছে। বাংলাদেশের বিপুল জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে পরিণত করতে হাতে-কলমে প্রশিক্ষণের বিকল্প নেই।
জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের (এনএসডিএ) নির্বাহী চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব ড. নাজনীন কাওশার চৌধুরী দ্রুত পরিবর্তনশীল বৈশ্বিক শ্রমবাজারে টিকে থাকতে প্রযুক্তিনির্ভর দক্ষতার পাশাপাশি বিদেশি ভাষা শেখার ওপর গুরুত্ব দেন। তিনি বলেন, দক্ষতা প্রশিক্ষণের সঙ্গে তৃতীয় একটি ভাষা শিখতে পারলে কাজের সুযোগ আরও বাড়বে।
নিয়োগদাতাদের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে দক্ষতা অর্জনের জন্য প্রশিক্ষণার্থীদের প্রতি আহ্বান জানান তিনি। চাহিদাভিত্তিক দক্ষতা উন্নয়নে বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে সরকারের সমঝোতা স্মারক স্বাক্ষরের বিষয়টিও উল্লেখ করেন।
অনুষ্ঠানে কয়েকজন প্রশিক্ষণার্থী তাঁদের অভিজ্ঞতা তুলে ধরে বলেন, বৃত্তিমূলক প্রশিক্ষণ তাঁদের জীবিকার উন্নতির নতুন সম্ভাবনা তৈরি করেছে।
মুসলিম এইড বাংলাদেশের নির্বাহী পরিচালক মাহফুজুর রহমান চৌধুরী, মুসলিম এইড ইউকের প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব হাসান এবং সংস্থাটির ট্রাস্টি সৈয়দ তোহেল আহমেদ অনুষ্ঠানে বক্তব্য দেন।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!