জাতীয়

পঞ্চগড়ে বাড়ছে শীত কাঁপছে মানুষ

আপডেট: নভে ১৮, ২০২৬ : ০৫:৫০ এএম ১৪ ০
পঞ্চগড়ে বাড়ছে শীত কাঁপছে মানুষ

রাতভর শীতের তীব্রতা, ভোরে ঘন কুয়াশায় আচ্ছাদিত রাস্তা-ঘাট। সকাল গড়ালেও কাটছেনা শীতের প্রকোপ। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মিলছে সূর্যের দেখা। এরইমধ্যে তাপমাত্রা নেমে আসে ১৫ ডিগ্রির ঘরে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণও ছিল শতভাগ। সব মিলিয়ে উত্তরাঞ্চলীয় জেলা পঞ্চগড়ে বাড়তে শুরু করেছে শীতের প্রকোপ।

বুধবার সকাল ৯টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে দিনের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এরআগে সকাল ৬টায় তাপমাত্রা ছিল ১৬ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল ১০০ শতাংশ।

গতকাল মঙ্গলবার সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১৭দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ ২৪ ঘণ্টার ব্যবধানে সর্বনিম্ন তাপমাত্রা কমেছে ১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। 

মঙ্গলবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৩ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

রাতভর শীত ও ভোরের ঘন কুয়াশায় স্বাভাবিক জীবনযাত্রায় প্রভাব পড়ে। বিশেষ করে শিশু ও বয়স্করা বেশি শীত অনুভব করছেন। ঘন কুয়াশার কারণে সড়কে যানবাহন চলাচলেও সতর্ক থাকতে হচ্ছে চালকদের। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যের দেখা মেলায় কিছুটা স্বস্তি ফিরেছে জনজীবনে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, বর্তমানে বায়ুমণ্ডলের নিম্নস্তরে অতিরিক্ত জলীয় বাষ্পের উপস্থিতি, আকাশ মেঘাচ্ছন্ন থাকা এবং বাতাসের স্থিরতার কারণে এমন আবহাওয়া বিরাজ করছে।

তিনি বলেন, রাতে ভূপৃষ্ঠ দ্রুত তাপ বিকিরণ করে ঠান্ডা হয়ে যায়। একপর্যায়ে তাপমাত্রা শিশিরাঙ্কে পৌঁছালে বাতাসের জলীয় বাষ্প ঘনীভূত হয়ে ক্ষুদ্র ক্ষুদ্র জলকণায় পরিণত হয়। এ কারণে রাত থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশা দেখা দেয়।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!