বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের মালিকানাধীন সব সম্পত্তির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান। তিনি বলেছেন, দীর্ঘদিনের অব্যবস্থাপনা ও অপরিকল্পিত ব্যবস্থাপনার কারণে যেসব সম্পত্তির অর্থনৈতিক সম্ভাবনা কাজে লাগানো যায়নি, সেগুলো আধুনিক ব্যবস্থাপনার আওতায় এনে আয়বর্ধক সম্পদে রূপান্তর করা হবে।
মঙ্গলবার রাজধানীর পোস্তগোলার করিমুল্লাবাগে ট্রাস্টের নিজস্ব জমিতে নির্মাণাধীন পারমা আয়রন মার্কেট পরিদর্শনকালে মন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, বীর মুক্তিযোদ্ধাদের কল্যাণ নিশ্চিত করতে ট্রাস্টের প্রতিটি সম্পত্তির সুষ্ঠু ও ফলপ্রসূ ব্যবহার জরুরি। এসব সম্পত্তির কার্যকর ব্যবস্থাপনার মাধ্যমে ট্রাস্টের আয় ও আর্থিক সক্ষমতা বাড়ানোর পাশাপাশি মুক্তিযোদ্ধাদের কল্যাণমূলক কার্যক্রম আরও সুসংহত করা হবে।
পরিদর্শনকালে আহমেদ আযম খান মার্কেটের নির্মাণাধীন বিভিন্ন অংশ ঘুরে দেখেন। এ সময় তিনি প্রকল্পের অগ্রগতি, নির্মাণকাজের মান ও বাস্তবায়নের বিভিন্ন দিক পর্যবেক্ষণ করেন। নির্মাণকাজে গুণগত মান বজায় রাখা এবং নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প শেষ করতে সংশ্লিষ্ট ব্যক্তিদের নির্দেশনা দেন।
চার একর জমিতে ৬২টি দোকান
বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের মালিকানাধীন প্রায় চার একর জমির ওপর নির্মাণ করা হচ্ছে পারমা আয়রন মার্কেট। চারটি শেডে মোট ৬২টি দোকান নির্মাণের পরিকল্পনা রয়েছে। এর মধ্যে তিনটি শেডের নির্মাণকাজ ইতিমধ্যে শেষ হয়েছে। বাকি একটি শেডের কাজ চলছে।
পরিদর্শন শেষে মন্ত্রী প্রকল্পসংশ্লিষ্ট কর্মকর্তা ও দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় প্রকল্পের অগ্রগতি ও বাস্তবায়নের বিভিন্ন বিষয় সম্পর্কে তিনি খোঁজখবর নেন। প্রকল্পের কাজ স্বচ্ছতা, জবাবদিহি ও পেশাদারত্বের সঙ্গে সম্পন্ন করার ওপর গুরুত্ব দেন তিনি।
এ সময় বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল্লাহ আল-মামুন, মন্ত্রীর একান্ত সচিব ও যুগ্মসচিব মো. জেহাদ উদ্দিনসহ মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় এবং বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!