জাতীয়

১ হাজার মেগাওয়াটের বেশি সৌরবিদ্যুৎ উৎপাদনে এডিবির সহযোগিতা

আপডেট: নভে ১৮, ২০২৬ : ০৬:০৪ এএম ১৩ ০
১ হাজার মেগাওয়াটের বেশি সৌরবিদ্যুৎ উৎপাদনে এডিবির সহযোগিতা

বাংলাদেশে ১ হাজার মেগাওয়াটের বেশি উৎপাদন সক্ষমতার সৌরবিদ্যুৎ ও ব্যাটারি এনার্জি স্টোরেজ প্রকল্প উন্নয়নে সহযোগিতা বাড়াচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। এ উদ্যোগের আওতায় নতুন করে পাঁচটি সৌরবিদ্যুৎ ও ব্যাটারি স্টোরেজ প্রকল্পের জন্য লেনদেন-সংক্রান্ত পরামর্শক সেবা দেবে সংস্থাটি। এসব প্রকল্পে ১ বিলিয়ন মার্কিন ডলারের বেশি বেসরকারি বিনিয়োগ আকৃষ্ট করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) এডিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এডিবির এই উদ্যোগের ধারাবাহিকতা শুরু হয়েছে ফেনীর ১৩০ মেগাওয়াট সক্ষমতার সোনাগাজী সৌরবিদ্যুৎ প্রকল্পের মাধ্যমে। নতুন পাঁচটি প্রকল্প যুক্ত হলে তিন ধাপের কর্মসূচির আওতায় মোট ছয়টি প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।

এডিবির সহযোগিতায় প্রকল্পগুলো বাস্তবায়িত হলে নবায়নযোগ্য জ্বালানির নির্ভরযোগ্য সরবরাহ বাড়বে, আমদানিনির্ভর জ্বালানির ওপর চাপ কমবে এবং দেশের জ্বালানি নিরাপত্তা জোরদার হবে।

বেসরকারি বিনিয়োগ আকর্ষণে গুরুত্ব

বাংলাদেশে এডিবির কান্ট্রি ডিরেক্টর চিংফেং ঝাং বলেন, বাংলাদেশের সামনে আরও নিরাপদ, টেকসই ও বিনিয়োগ উপযোগী জ্বালানি ভবিষ্যৎ গড়ে তোলার সুযোগ রয়েছে। লেনদেন-সংক্রান্ত পরামর্শক সেবার পরিধি বাড়ানোর মাধ্যমে একক প্রকল্পের বাইরে পরিচ্ছন্ন জ্বালানি বিনিয়োগের জন্য বড় ও সম্প্রসারণযোগ্য বাজার তৈরির লক্ষ্য নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, প্রকল্পের প্রস্তুতি, প্রতিযোগিতামূলক দরপত্র প্রক্রিয়া এবং বেসরকারি বিনিয়োগের সহায়ক পরিবেশ শক্তিশালী করার মাধ্যমে প্রয়োজনীয় মূলধন, প্রযুক্তি ও বিশেষজ্ঞ জ্ঞান সংগ্রহে বাংলাদেশকে সহায়তা করতে পারে এডিবি।

এ উদ্যোগ ২০৩০ সালের মধ্যে দেশের মোট বিদ্যুতের অন্তত ২০ শতাংশ এবং ২০৪০ সালের মধ্যে ৩০ শতাংশ নবায়নযোগ্য জ্বালানি থেকে উৎপাদনের সরকারি লক্ষ্যমাত্রা অর্জনেও ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

প্রথম প্রকল্প সোনাগাজীতে

কর্মসূচির প্রথম ধাপে ফেনীর সোনাগাজীতে ১৩০ মেগাওয়াট সক্ষমতার সৌর ফটোভোলটাইক প্রকল্প বাস্তবায়ন করা হবে। প্রকল্পটির সঙ্গে যুক্ত থাকবে ২৬ মেগাওয়াট-ঘণ্টা সক্ষমতার ব্যাটারি সংরক্ষণব্যবস্থা। চলতি বছরের মধ্যেই প্রকল্পটির দরপত্র আহ্বান করা হতে পারে।

এডিবি জানিয়েছে, সোনাগাজী প্রকল্পটি পরবর্তী দুই ধাপে বাস্তবায়িতব্য অন্য পাঁচটি প্রকল্পের কাঠামো ও দরপত্র প্রক্রিয়া নির্ধারণে দৃষ্টান্ত হিসেবে কাজ করবে। প্রথম প্রকল্পের অভিজ্ঞতা পরবর্তী প্রকল্পগুলোতে কাজে লাগানো হবে।

সম্প্রসারিত কার্যপরিধির আওতায় এডিবি ইনভেস্ট বাংলাদেশ অথরিটি ও বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে (বিপিডিবি) পাঁচটি অতিরিক্ত প্রকল্পের জন্য সরকারি মালিকানাধীন জমির উপযুক্ততা যাচাইয়ে সহায়তা করবে। পাশাপাশি প্রকল্প প্রস্তুতি, কারিগরি ও আর্থিক মূল্যায়ন, বাজার যাচাই, দরপত্রের নথি তৈরি এবং প্রতিযোগিতামূলক দরপত্র আহ্বান ও প্রকল্প বরাদ্দের পুরো প্রক্রিয়ায় পরামর্শ দেবে সংস্থাটি।

পরিচ্ছন্ন জ্বালানিতে বিনিয়োগ বাড়াতে চায় সরকার

ইনভেস্ট বাংলাদেশ অথরিটির চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন, নবায়নযোগ্য জ্বালানি প্রকল্পে বেসরকারি খাতের বিনিয়োগ ও অংশগ্রহণ বাড়াতে চায় সরকার। বিশেষ করে বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগ আকর্ষণের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

তিনি বলেন, এসব প্রকল্পের পাইপলাইন গড়ে তুলতে এডিবির সঙ্গে অংশীদারত্বকে বাংলাদেশ গুরুত্বের সঙ্গে দেখছে। দেশের পরিচ্ছন্ন জ্বালানি সক্ষমতা বাড়ানো, জ্বালানির উৎস বহুমুখীকরণ এবং দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তা জোরদারে এডিবির সঙ্গে যৌথভাবে কাজ করতে চায় সরকার।

এ বিষয়ে একটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন ইনভেস্ট বাংলাদেশ অথরিটির অতিরিক্ত সচিব মোস্তফা কামাল, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সচিব আফরোজা সুলতানা এবং বাংলাদেশে এডিবির কান্ট্রি ডিরেক্টর চিংফেং ঝাং।

১৯৬৬ সালে প্রতিষ্ঠিত এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সদস্যদেশ ৬৯টি। এর মধ্যে ৫০টি দেশ এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের। সংস্থাটি অবকাঠামো উন্নয়ন, জীবনমানের পরিবর্তন এবং পরিবেশ সুরক্ষায় অর্থায়ন ও কৌশলগত অংশীদারত্বের মাধ্যমে কাজ করে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!