রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত নৃশংসতার বিচার এবং দায়ীদের জবাবদিহি নিশ্চিতের ক্ষেত্রে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) আসন্ন রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছে বাংলাদেশ। এ রায়ের বিষয়ে বাংলাদেশের গভীর আগ্রহের কথা জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
তিনি বলেছেন, রোহিঙ্গাদের ন্যায়বিচার নিশ্চিত এবং দীর্ঘদিনের মানবিক সংকটের মূল কারণগুলো মোকাবিলায় গুরুতর মানবাধিকার লঙ্ঘন ও আন্তর্জাতিক অপরাধের জন্য দায়ীদের জবাবদিহির আওতায় আনা জরুরি।
বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে মিয়ানমারে মানবাধিকার পরিস্থিতিবিষয়ক জাতিসংঘের বিশেষ দূত কেলি অ্যান একেলস-কারির সঙ্গে বৈঠকে তিনি এসব কথা বলেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
১৯৪৮ সালের গণহত্যা কনভেনশনের আওতায় মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার করা মামলার রায় আগামীকাল ১৯ নভেম্বর ঘোষণা করার কথা রয়েছে। রায়ের আগের দিন অনুষ্ঠিত এ বৈঠকে রোহিঙ্গা সংকটের ন্যায়বিচার ও স্থায়ী সমাধানের বিষয়টি গুরুত্ব পায়।
শামা ওবায়েদ বলেন, দীর্ঘদিনের দায়মুক্তির সংস্কৃতির অবসান এবং রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানের পথ তৈরি করতে আন্তর্জাতিক জবাবদিহি ব্যবস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
মিয়ানমারের মানবাধিকার ও নিরাপত্তা পরিস্থিতির অবনতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, বিশেষ করে রাখাইন রাজ্যে অবস্থানরত রোহিঙ্গারা সহিংসতা ও নতুন করে বাস্তুচ্যুতির শিকার হচ্ছেন। তাদের সুরক্ষা, নির্বিঘ্নে মানবিক সহায়তা পৌঁছানো এবং আন্তর্জাতিক আইন মেনে চলা জরুরি।
রোহিঙ্গা প্রত্যাবাসনই স্থায়ী সমাধান
বাংলাদেশে আশ্রয় নেওয়া প্রায় ১৩ লাখ রোহিঙ্গাকে দ্রুত, নিরাপদ ও টেকসইভাবে তাঁদের পূর্বপুরুষের আবাসভূমি মিয়ানমারে ফিরিয়ে নেওয়াই সংকটের একমাত্র কার্যকর ও স্থায়ী সমাধান বলে মন্তব্য করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
তিনি বলেন, রোহিঙ্গাদের প্রত্যাবাসনের পথ তৈরি করতে সংশ্লিষ্ট সব পক্ষকে নিয়ে সমন্বিত, বাস্তবসম্মত ও কার্যকর কর্মপরিকল্পনা প্রণয়ন করতে হবে। একই সঙ্গে রোহিঙ্গাদের স্বেচ্ছায় ও মর্যাদার সঙ্গে ফিরে যাওয়ার উপযোগী পরিবেশ নিশ্চিত করতে হবে।
চলমান মানবিক সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায়ের অব্যাহত সম্পৃক্ততার ওপরও গুরুত্ব দেন তিনি।
বৈঠকে জাতিসংঘের বিশেষ দূত হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো বাংলাদেশ সফর করায় কেলি কারিকে অভিনন্দন জানান শামা ওবায়েদ। কক্সবাজারে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের সঙ্গে সাক্ষাৎকালে পাওয়া অভিজ্ঞতা এবং সফরের বিভিন্ন পর্যবেক্ষণ তুলে ধরতে তাঁকে আমন্ত্রণ জানান।
জবাবে কেলি কারি সফরকালে রোহিঙ্গা জনগোষ্ঠী ও সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনা ও মতবিনিময়ের অভিজ্ঞতা তুলে ধরেন। তিনি বর্তমান মানবিক পরিস্থিতি সম্পর্কে নিজের মূল্যায়নও জানান।
বৈঠকে আন্তর্জাতিক মানবিক সহায়তায় ক্রমবর্ধমান ঘাটতি এবং সংকটের স্থায়ী সমাধান নিয়ে দীর্ঘদিনের অনিশ্চয়তার বিষয়টি উঠে আসে। মিয়ানমারে চলমান সংঘাত ও নিরাপত্তা পরিস্থিতির অবনতির মধ্যে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের বিভিন্ন চ্যালেঞ্জ নিয়েও আলোচনা হয়।
এ সময় জাতিসংঘের বিশেষ দূতের দায়িত্ব পালনে বাংলাদেশের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন শামা ওবায়েদ।
গণহত্যা মামলার পটভূমি
২০১৯ সালের নভেম্বরে মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে মামলা করে গাম্বিয়া। দেশটির অভিযোগ, রাখাইন রাজ্যে রোহিঙ্গা মুসলিমদের বিরুদ্ধে নৃশংসতা চালিয়ে মিয়ানমার গণহত্যা সনদের বাধ্যবাধকতা লঙ্ঘন করেছে।
এরপর ২০২০ সালের জানুয়ারিতে আইসিজে অন্তর্বর্তীকালীন আদেশ দেন। ওই আদেশে মিয়ানমারকে গণহত্যা সনদে নিষিদ্ধ কর্মকাণ্ড থেকে বিরত থাকা এবং সংশ্লিষ্ট প্রমাণ সংরক্ষণের নির্দেশ দেওয়া হয়।
রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত গণহত্যার অভিযোগে দায়ীদের জবাবদিহির আওতায় আনার আন্তর্জাতিক আইনি প্রচেষ্টায় মামলাটির রায়কে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!