দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে রাজধানী ঢাকার সঙ্গে সরাসরি রেল যোগাযোগ চালু হচ্ছে পাবনার। আগামীকাল বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেল সাড়ে চারটায় পাবনা রেলওয়ে স্টেশনে এক অনুষ্ঠানের মাধ্যমে এ রেলসেবার উদ্বোধন করা হবে।
২০ নভেম্বর থেকে নিয়মিত যাত্রী নিয়ে চলাচল শুরু করবে এক জোড়া আন্তনগর ট্রেন—‘পাবনা প্রভাতী এক্সপ্রেস’ ও ‘পাবনা গোধূলি এক্সপ্রেস’। নতুন এ রেল যোগাযোগ চালুর খবরে পাবনাজুড়ে আনন্দ-উচ্ছ্বাস দেখা দিয়েছে। দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় খুশি জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। বিশেষ করে শিক্ষার্থী, ব্যবসায়ী ও চিকিৎসাসেবা নিতে ঢাকায় যাতায়াতকারী মানুষের মধ্যে এ নিয়ে আগ্রহ বেশি।
কলেজশিক্ষার্থী হাসিব রানা বাসসকে বলেন, ‘ছোটবেলা থেকে শুধু শুনে এসেছি ঢাকা-পাবনা সরাসরি রেল হবে। কথাগুলো শুনে ভেতরে কঠিন এক স্বপ্ন লালন করেছিলাম। আজ হাতে টিকিট নিয়ে মনে হচ্ছে, সেই অসম্ভব স্বপ্নটাই বাস্তবে পূরণ হচ্ছে।’
পাবনা রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মাহাবুল ইসলাম জানান, উদ্বোধনের দিনের জন্য এসি ও কেবিনের টিকিট বিক্রি বন্ধ রয়েছে। তবে ওই দিনের জন্য স্টেশনের বরাদ্দ পাওয়া নন-এসি টিকিটের প্রায় সবই বিক্রি হয়ে গেছে। উদ্বোধনী দিনের যাত্রীদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে।
রেলওয়ে সূত্রে জানা গেছে, যাত্রীদের আরামদায়ক ও নিরাপদ ভ্রমণ নিশ্চিত করতে ভারত থেকে আমদানি করা একেবারে নতুন ১২টি কোচ দিয়ে ট্রেন দুটি সাজানো হয়েছে।
নতুন সময়সূচি অনুযায়ী, ‘পাবনা প্রভাতী এক্সপ্রেস’ প্রতিদিন সকাল ৮টায় পাবনা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে। রাজধানীতে পৌঁছাবে দুপুর ২টা ১০ মিনিটে। অন্যদিকে ‘পাবনা গোধূলি এক্সপ্রেস’ প্রতিদিন বিকেল ৩টা ২৫ মিনিটে ঢাকা থেকে ছেড়ে রাত ৯টা ২০ মিনিটে পাবনায় পৌঁছাবে।
যাত্রাপথে ট্রেন দুটি ঈশ্বরদী, চাটমোহর, বড়ালব্রিজ, উল্লাপাড়া, শহীদ এম মনসুর আলী, টাঙ্গাইল, জয়দেবপুর ও ঢাকা বিমানবন্দর স্টেশনে যাত্রাবিরতি করবে।
দেড় যুগের অপেক্ষার অবসান
স্বাধীনতার পর ১৯৭৪ সালে ঈশ্বরদী-ঢালারচর রেলপথ নির্মাণের উদ্যোগ নেওয়া হলেও ঢাকার সঙ্গে পাবনার সরাসরি রেল যোগাযোগ এত দিন অধরাই ছিল। পরবর্তী সময়ে মাঝগ্রাম থেকে পাবনা হয়ে ঢালারচর পর্যন্ত আধুনিক রেলপথ নির্মিত হলেও রাজধানীতে যাতায়াতের জন্য জেলার মানুষকে নানা ভোগান্তিতে পড়তে হতো।
সড়কপথের যানজট ও দীর্ঘ যাত্রার ক্লান্তি এড়াতে ঢাকার সঙ্গে সরাসরি ট্রেন চালুর দাবি জানিয়ে আসছিলেন স্থানীয় বাসিন্দা, সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা। অবশেষে সেই দাবি বাস্তবায়িত হতে যাচ্ছে।
কলেজশিক্ষক রয়েল বিশ্বাস বলেন, পাবনাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা ছিল এই রেলসেবা। এর ফলে মানুষ কম খরচে ও নিরাপদে ঢাকায় যাতায়াত করতে পারবেন। পাশাপাশি ব্যবসা-বাণিজ্যেরও প্রসার ঘটবে।
স্থানীয় সচেতন মহল ও ব্যবসায়ীদের মতে, সরাসরি রেল যোগাযোগ চালু হলে শুধু যাতায়াতের সুবিধাই বাড়বে না, জেলার ব্যবসা-বাণিজ্য, শিক্ষা, চিকিৎসা ও সামগ্রিক অর্থনীতিতেও ইতিবাচক পরিবর্তন আসবে। বিশেষ করে রোগী ও শিক্ষার্থীরা কম খরচে সহজে রাজধানীতে যাতায়াতের সুযোগ পাবেন।
নতুন কোচে ট্রেন চালুর উদ্যোগ
রেলপথ মন্ত্রণালয়ের সচিব ফাহিমুল ইসলাম বাসসকে বলেন, ‘জোড়াতালি দিয়ে কোনো পুরোনো কোচ দিয়ে ঢাকা-পাবনা আন্তনগর ট্রেন আমি ইচ্ছা করলে এক বছর আগেও করতে পারতাম, কিন্তু করিনি। আমার ইচ্ছা ছিল, দেরি যখন হয়েছে, আমরা একদম নতুনভাবে নতুন কোচ দিয়ে এই ট্রেনটি চালু করব।’
পাবনা-৫ আসনের সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেন, সম্মিলিতভাবে পাবনার মানুষ এ রেলসেবা চেয়েছেন। বাংলাদেশের যোগাযোগব্যবস্থায় যুগান্তকারী পরিবর্তনের জন্য নেওয়া প্রকল্প এবং সরকারের পরিকল্পনার সুফল এখন পাওয়া যাচ্ছে।
রেলপথ মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, উদ্বোধনী অনুষ্ঠান সফল করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম ঢাকা-পাবনা সরাসরি আন্তনগর ট্রেন সার্ভিসের উদ্বোধন করবেন। এ উপলক্ষে পাবনা রেলওয়ে স্টেশন চত্বরে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সমাগমের প্রস্তুতি চলছে।
দীর্ঘদিনের প্রতীক্ষিত এ রেল যোগাযোগ চালু হলে রাজধানীর সঙ্গে পাবনার যোগাযোগব্যবস্থায় নতুন মাত্রা যুক্ত হবে বলে আশা করছেন স্থানীয় বাসিন্দারা।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!