জাতীয়

দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, নিরাপত্তা জোরদারের নির্দেশ

আপডেট: নভে ১৯, ২০২৬ : ০৫:৪৮ এএম ১ ০
দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, নিরাপত্তা জোরদারের নির্দেশ

দেশের বিভিন্ন স্থানে ভাঙচুর, অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ ও নাশকতামূলক কর্মকাণ্ডের পরিপ্রেক্ষিতে দেশের সব অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা জারির নির্দেশ দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। এরই মধ্যে বিমানবন্দরগুলোতে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) এ নির্দেশনা দেওয়া হয়। বেবিচকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা ও দায়িত্বশীল সূত্র ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছে। সূত্র জানায়, সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় দেশের সব বিমানবন্দর কর্তৃপক্ষকে সর্বোচ্চ নিরাপত্তা প্রটোকল অনুসরণের নির্দেশ দেওয়া হয়েছে। বিমানবন্দরের প্রবেশ ও বের হওয়ার পথে তল্লাশি জোরদার, ল্যান্ডসাইড এলাকায় নজরদারি বৃদ্ধি এবং সার্বক্ষণিক টহল বাড়াতে বলা হয়েছে। পাশাপাশি বিমানবন্দরে প্রবেশকারী সব ধরনের যানবাহনে তল্লাশি জোরদারের নির্দেশনাও দেওয়া হয়েছে।

বেবিচকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ল্যান্ডসাইড এলাকার নিরাপত্তা জোরদারে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নকে (এপিবিএন) প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। এ এলাকায় টহল ও নজরদারি বাড়ানোর পাশাপাশি যানবাহনে তল্লাশি জোরদার করতে বলা হয়েছে। বিমানবন্দর থানাকেও আশপাশের এলাকায় পুলিশের টহল বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।

এ ছাড়া দেশের যেসব বিমানবন্দরে রাতে ফ্লাইট চলাচল করে না, সেসব বিমানবন্দরেও রাতের বেলায় টহল, নজরদারি ও পর্যবেক্ষণ অব্যাহত রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে বিমানবন্দরের ল্যান্ডসাইড এলাকায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ক্যামেরার আওতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। এ বিষয়ে পুলিশের সঙ্গে বৈঠক করেছে বেবিচক। পুলিশের বিদ্যমান এআই ক্যামেরাভিত্তিক নজরদারি কার্যক্রমের আওতায় বিমানবন্দর এলাকাতেও ক্যামেরা স্থাপনের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি ল্যান্ডসাইড এলাকার নিরাপত্তার দায়িত্বে থাকা এপিবিএনও নিজস্ব ক্যামেরা স্থাপনের উদ্যোগ নিচ্ছে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!