বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মেজর জেনারেল (অব.) মো. ওয়াহিদ-উজ-জামান। গত ১৫ নভেম্বর সরকার তাঁকে এ পদে নিয়োগ দেয়। নিয়োগের পর বুধবার (১৮ নভেম্বর) তিনি দায়িত্ব বুঝে নেন।
বাংলাদেশ সেনাবাহিনীতে ৩৭ বছরের কর্মজীবনে নেতৃত্ব, প্রশাসন, ব্যবস্থাপনা এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি খাতে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন ওয়াহিদ-উজ-জামান। সেনাবাহিনীর বিভিন্ন কমান্ড, স্টাফ ও প্রশিক্ষণসংক্রান্ত দায়িত্বের পাশাপাশি তিনি সেনা সদর দপ্তরের আইটি পরিদপ্তরের পরিচালক, ৮৬ স্বতন্ত্র সিগন্যাল ব্রিগেডের কমান্ডার এবং মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) কমান্ড্যান্ট হিসেবে দায়িত্ব পালন করেন।
বিটিআরসিতেও কাজের অভিজ্ঞতা রয়েছে তাঁর। ২০১৩ থেকে ২০১৫ সাল পর্যন্ত তিনি কমিশনের স্পেকট্রাম বিভাগের মহাপরিচালক ছিলেন। এ ছাড়া জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে কঙ্গোতে যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি কর্মকর্তা এবং ক্রোয়েশিয়ায় জাতিসংঘের সামরিক পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
ওয়াহিদ-উজ-জামান ভারতের জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় থেকে ইলেকট্রনিকস অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিষয়ে প্রথম শ্রেণিতে স্নাতক ডিগ্রি অর্জন করেন। তাঁর তিনটি স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে। এর মধ্যে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস থেকে ইনফরমেশন সিস্টেম সিকিউরিটি বিষয়ে স্বর্ণপদকসহ স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন তিনি। এ ছাড়া ন্যাশনাল ডিফেন্স কোর্স, ওয়ার কোর্স ও আর্মি স্টাফ কোর্স সম্পন্ন করেছেন।
তথ্যপ্রযুক্তি, সাইবার নিরাপত্তা ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ে বিশেষ দক্ষতা রয়েছে নতুন এই চেয়ারম্যানের। বাংলাদেশ সেনাবাহিনীর জন্য নিরাপদ যোগাযোগব্যবস্থা ও সফটওয়্যার উন্নয়ন, এমআইএসটিতে সাইবার জিম প্রতিষ্ঠা এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ার ও সাইবার নিরাপত্তাসংক্রান্ত নীতিমালা প্রণয়নে ভূমিকা রেখেছেন তিনি। পেশাগত দক্ষতা ও অবদানের স্বীকৃতি হিসেবে দুইবার বিশিষ্ট সেবা পদক (বিএসপি) পেয়েছেন।
এদিকে বিটিআরসির বিদায়ী চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মো. এমদাদ-উল-বারীর সম্মানে আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বেলা দুইটায় কমিশনের সম্মেলনকক্ষে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। নতুন চেয়ারম্যান ওয়াহিদ-উজ-জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে কমিশনের বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত থাকবেন।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!