জাতীয়

সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে সমুচিত জবাব দিতে হবে: প্রধানমন্ত্রী

আপডেট: নভে ২০, ২০২৬ : ০৫:৩৭ এএম ৯ ০
সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে সমুচিত জবাব দিতে হবে: প্রধানমন্ত্রী

দেশের গণতন্ত্র, মানুষের ভোটাধিকার ও নিরাপত্তা রক্ষায় সব গণতন্ত্রকামী রাজনৈতিক দল ও দেশপ্রেমিক মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, দেশের মানুষ আর গুম-খুন, অগ্নিসন্ত্রাস ও ভোটাধিকার হরণের রাজনীতিতে ফিরে যেতে চায় না।

আজ বৃহস্পতিবার দুপুরে লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর পানি নিষ্কাশন খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন শেষে জেলা বিএনপি আয়োজিত জনসভায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

তারেক রহমান বলেন, ‘আসুন, আমরা ঐক্যবদ্ধ হই এবং এই সন্ত্রাসীদের সমুচিত জবাব দিই। সঠিকভাবে ও শক্তভাবে জবাব দিই, যাতে তারা ভবিষ্যতে বাংলাদেশের ভাগ্য এবং বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে না পারে।’

প্রধানমন্ত্রী বলেন, জনগণের ভোটে নির্বাচিত বিএনপি সরকার নারী-পুরুষ, শিশু, শিক্ষার্থী, বেকার যুবক, কৃষক ও শ্রমিকদের জন্য কাজ করার চেষ্টা করছে। এমন সময়ে দেশের বিরুদ্ধে একটি গোষ্ঠী ষড়যন্ত্র শুরু করেছে। এই গোষ্ঠী ১৬ বছর জনগণের বুকে বন্দুক ঠেকিয়ে দেশ শাসন করেছে এবং মানুষের কথা বলার ও ভোট দেওয়ার অধিকার কেড়ে নিয়েছে।

তিনি বলেন, ২০১৪ ও ২০১৮ সালের মতো নির্বাচন বাংলাদেশে আর দেখতে চায় না মানুষ। যারা নিশিরাতের নির্বাচন ও ‘আমি-ডামি’ নির্বাচন করেছে, তারা আবারও দেশের মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।

‘তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করেনি’

তারেক রহমান প্রশ্ন তুলে বলেন, ১৬ বছর ক্ষমতায় থেকেও তারা তিস্তা ব্যারাজের কাজ, তিস্তা মহাপরিকল্পনা ও পদ্মা ব্যারাজের কাজ করেনি কেন? এই অঞ্চলে গ্যাসলাইন আনেনি, ইপিজেডও স্থাপন করেনি কেন? তাঁর ভাষ্য, দেশের মানুষের প্রতি দরদ না থাকায় তারা এসব উন্নয়নকাজ করেনি। বরং প্রতিবছর বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার করেছে।

প্রধানমন্ত্রী আরও বলেন, যারা দেশ ছেড়ে পালিয়েছে, তারা আবারও দেশের মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত ভোটাধিকার, বাক্‌স্বাধীনতা ও গুম-খুন বন্ধের অধিকার তারা কেড়ে নিতে চায়।

তিনি বলেন, ২০২৪ সালে যেভাবে গণতন্ত্রপ্রিয় মানুষ ঐক্যবদ্ধ হয়ে খুনি-সন্ত্রাসীদের বিতাড়িত করেছিল, এখন আবার একইভাবে ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে। ক্ষমতায় থাকতে তারা মানুষের সম্পত্তি লুট করেছে, নির্যাতন ও গুম করেছে। পালিয়ে যাওয়ার পরও অগ্নিসন্ত্রাস ও মানুষ হত্যার রাজনীতি শুরু করেছে বলে অভিযোগ করেন তিনি।

তারেক রহমান বলেন, ক্ষমতা ধরে রাখতে তারা ১ হাজার ৪০০ মানুষকে হত্যা করেছে, যাঁদের মধ্যে ৬০ জন শিশু। যারা মানুষ হত্যা করে ক্ষমতায় টিকে থাকতে চায়, দেশ ও জনগণের প্রতি তাদের কোনো দায়িত্ব থাকতে পারে না।

প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের মানুষ এখন নিরাপত্তা চায়, স্বস্তি চায়, দেশের অগ্রগতি চায়।’ দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে ২০২৪ সালে গণতন্ত্রের জন্য আন্দোলন করা সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, সন্ত্রাসী, অগ্নিসন্ত্রাসী ও খুনিদের স্পষ্ট বার্তা দিতে হবে—‘এনাফ ইজ এনাফ, যথেষ্ট হয়েছে, আর নয়।’

পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খননের পরিকল্পনা

মহেন্দ্রনগর মডেল খাল পুনঃখনন সম্পন্ন হলে কৃষকেরা সেচসুবিধা পাবেন এবং খালের আশপাশের মানুষের পানির কষ্ট কিছুটা কমবে বলে জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, খালটির বিভিন্ন অংশ তরুণদের মধ্যে বরাদ্দ দেওয়ার পরিকল্পনা রয়েছে, যাতে তাঁরা মাছ চাষ ও হাঁস-মুরগি পালনের মাধ্যমে কর্মসংস্থান ও আয়ের সুযোগ তৈরি করতে পারেন।

তারেক রহমান বলেন, বিএনপি সরকার আগামী পাঁচ বছরে সারা দেশে ২০ হাজার কিলোমিটার খাল খননের সিদ্ধান্ত নিয়েছে। কৃষকের সেচসুবিধা, মানুষের পানির চাহিদা পূরণ এবং তরুণদের কর্মসংস্থানের লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

আগামী মাস থেকে ফ্যামিলি কার্ড বিতরণ

প্রধানমন্ত্রী বলেন, নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে ফ্যামিলি কার্ড দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল বিএনপি। এ কার্ডের তালিকা তৈরির কাজ প্রায় শেষ। আগামী মাস থেকে প্রথম পর্যায়ে অতিদরিদ্র ও দরিদ্র পরিবারগুলোকে কার্ড দেওয়া হবে।

তিনি জানান, প্রতিটি পরিবারে একজন নারী মাস শেষে সরকারের কাছ থেকে আড়াই হাজার টাকা করে পাবেন। এ অর্থ দিয়ে পরিবারের খরচ, সন্তানদের লেখাপড়া ও খাবারের ব্যবস্থা করতে পারবেন তাঁরা।

কৃষকদের জন্য কৃষক কার্ড দেওয়ার কথাও পুনর্ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, কৃষকেরা যাতে বছরে দুটি ফসল ফলাতে পারেন, সে জন্য অন্তত একটি ফসলের প্রয়োজনীয় সহযোগিতা সরকার দেবে।

এ ছাড়া মসজিদ-মাদ্রাসার ইমাম-মুয়াজ্জিনসহ অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানের ধর্মীয় ব্যক্তিত্বদের সম্মানী দেওয়ার উদ্যোগের কথা তুলে ধরেন তিনি। এ বছর ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিনসহ অন্যান্য ধর্মীয় ব্যক্তিত্বকে সম্মানী দেওয়ার ব্যবস্থা করা হবে বলে জানান প্রধানমন্ত্রী।

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বইয়ের পাশাপাশি স্কুল ড্রেস দেওয়ার পরিকল্পনার কথাও জানান তিনি। একই সঙ্গে ছেলে ও মেয়ে মিলিয়ে ৭০ লাখ শিক্ষার্থীকে উপবৃত্তি দেওয়ার কাজ আগামী এক-দুই মাসের মধ্যে শুরু হবে বলে জানান।

খুলনা থেকে পঞ্চগড় পর্যন্ত গ্যাসলাইন নেওয়ার পরিকল্পনা

লালমনিরহাটসহ রংপুর অঞ্চলে শিল্পায়ন ও কর্মসংস্থানের সুযোগ তৈরিতে খুলনা থেকে রংপুর হয়ে পঞ্চগড় পর্যন্ত গ্যাসলাইন নেওয়ার পরিকল্পনার কথা জানান তারেক রহমান।

তিনি বলেন, এই অঞ্চলে গ্যাস সরবরাহ করা সম্ভব হলে বিনিয়োগকারীরা শিল্প-কারখানা স্থাপনে আগ্রহী হবেন। এতে যুবসমাজের কর্মসংস্থানের সংকট অনেকাংশে কমবে। এ সময় লালমনিরহাটে ইপিজেড স্থাপনের প্রসঙ্গও উঠে আসে।

প্রধানমন্ত্রী আরও বলেন, গত কয়েক মাসে বিদেশে কাজ করতে পাঁচ লাখ যুবককে পাঠানো হয়েছে। মধ্যপ্রাচ্য ও মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে আরও কর্মসংস্থানের সুযোগ তৈরির চেষ্টা চলছে। বিদেশগামী কর্মীরা যাতে কম খরচে যেতে পারেন, সে ব্যবস্থাও নেওয়ার চেষ্টা করছে সরকার।

এর আগে প্রধানমন্ত্রী মহেন্দ্রনগর পানি নিষ্কাশন খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করেন। এক দিনের সফরে আজ সকালে হেলিকপ্টারে লালমনিরহাটে পৌঁছান তিনি। সকাল সাড়ে ১০টার দিকে তাঁকে বহনকারী হেলিকপ্টার লালমনিরহাট এয়ারফিল্ডে অবতরণ করে।

প্রধানমন্ত্রীকে একনজর দেখতে সড়কের দুই পাশে ভিড় করেন সাধারণ মানুষ। শিশুদের বর্ণিল পরিবেশনা ও দলীয় নেতা-কর্মীদের স্লোগানে মুখর হয়ে ওঠে জনসভাস্থল। সফরের কর্মসূচি শেষে সন্ধ্যায় হেলিকপ্টারে ঢাকায় ফেরার কথা রয়েছে তাঁর।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!