জাতীয়

ইইউর ডেনিম বাজারে শীর্ষস্থান ধরে রেখেছে বাংলাদেশ

আপডেট: নভে ২০, ২০২৬ : ০৫:৫৮ এএম ১০ ০
ইইউর ডেনিম বাজারে শীর্ষস্থান ধরে রেখেছে বাংলাদেশ

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ডেনিম বাজারে শীর্ষ রপ্তানিকারক দেশের অবস্থান ধরে রেখেছে বাংলাদেশ। চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত নয় মাসে ইউরোপের বাজারে আমদানি করা মোট ডেনিম পণ্যের প্রায় ৩০ শতাংশ সরবরাহ করেছে বাংলাদেশ। তবে আগের বছরের একই সময়ের তুলনায় রপ্তানি আয় ও বাজার হিস্যা—দুটিই কিছুটা কমেছে।

ইউরোপীয় পরিসংখ্যান সংস্থা ইউরোস্ট্যাটের তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম নয় মাসে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো মোট ৩৪২ কোটি ইউরো মূল্যের ডেনিম পণ্য আমদানি করেছে। আগের বছরের একই সময়ের তুলনায় এ আমদানি ৩ দশমিক ২৪ শতাংশ কম। এর মধ্যে বাংলাদেশ থেকে আমদানির পরিমাণ ছিল ১০১ কোটি ইউরো। বাজারে বাংলাদেশের হিস্যা দাঁড়িয়েছে ২৯ দশমিক ৪৮ শতাংশ।

গত বছরের একই সময়ে ইইউর ডেনিম বাজারে বাংলাদেশের হিস্যা ছিল ৩০ দশমিক ১৮ শতাংশ। অর্থাৎ এক বছরের ব্যবধানে বাজার হিস্যায় কিছুটা পতন হয়েছে। সামগ্রিক বাজার সংকোচনের পাশাপাশি প্রতিযোগী দেশগুলোর রপ্তানি বাড়াও এর একটি কারণ।

ইউরোস্ট্যাটের তথ্য বিশ্লেষণে দেখা যায়, ইইউর ডেনিম বাজারে বাংলাদেশের পর দ্বিতীয় অবস্থানে রয়েছে পাকিস্তান। দেশটি চলতি বছরের প্রথম নয় মাসে ৬০ কোটি ৯৭ লাখ ইউরো মূল্যের ডেনিম রপ্তানি করেছে। এতে বাজারে পাকিস্তানের হিস্যা দাঁড়িয়েছে ১৭ দশমিক ৮৫ শতাংশ।

অন্যদিকে তুরস্কের ডেনিম রপ্তানি ২০ দশমিক ২৭ শতাংশ কমে ৪৯ কোটি ৮১ লাখ ইউরোতে নেমেছে। দেশটির বাজার হিস্যাও আগের বছরের ১৭ দশমিক ৭০ শতাংশ থেকে কমে ১৪ দশমিক ৫৮ শতাংশ হয়েছে।

এ সময়ে মিসর ও চীনের ডেনিম রপ্তানিতে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি দেখা গেছে। মিসরের রপ্তানি বেড়েছে ৩৪ দশমিক ৯৭ শতাংশ, যার পরিমাণ ২২ কোটি ৫৭ লাখ ইউরো। চীনের রপ্তানি ২০ দশমিক ২৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২৩ কোটি ৫ লাখ ইউরোতে।

বিশেষ করে মিসরের ডেনিম রপ্তানি বেড়েছে ৫ কোটি ৮৪ লাখ ৯০ হাজার ইউরো। একই সময়ে বাংলাদেশের রপ্তানি কমার পরিমাণও প্রায় এর সমান।

বছরের শেষ দিকে ইতিবাচক প্রবণতা

বাংলাদেশ অ্যাপারেল ভয়েসের (বিএভি) প্রধান নির্বাহী কর্মকর্তা মহিউদ্দিন রুবেল বাসসকে বলেন, তুরস্ক ও পাকিস্তানের বাজার হিস্যা কমলেও সেই সুযোগ বাংলাদেশ পুরোপুরি কাজে লাগাতে পারেনি। তবে বছরের শেষ দিকে ইউরোপীয় ইউনিয়নের ডেনিম বাজারে ইতিবাচক প্রবণতা দেখা গেছে।

তিনি জানান, আগস্টে ইইউর ডেনিম বাজারে ১১ দশমিক ৯১ শতাংশ এবং সেপ্টেম্বরে ৩ দশমিক ৬৬ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। সেপ্টেম্বরে বাংলাদেশ থেকে ডেনিম আমদানি আগের বছরের একই মাসের তুলনায় শূন্য দশমিক ৭০ শতাংশ বেড়ে ১৪ কোটি ৩১ লাখ ২০ হাজার ইউরোতে দাঁড়িয়েছে।

সামগ্রিকভাবে ইউরোপের ডেনিম বাজারে বাংলাদেশের শীর্ষ অবস্থান দেশের তৈরি পোশাক খাতের জন্য গুরুত্বপূর্ণ অর্জন। তবে প্রতিযোগী দেশগুলোর অগ্রগতি এবং আন্তর্জাতিক বাজারের পরিবর্তিত পরিস্থিতি এ খাতের সামনে নতুন চ্যালেঞ্জও তৈরি করছে। এ অবস্থায় পণ্যের বৈচিত্র্য বাড়ানো, উৎপাদন সক্ষমতা উন্নত করা এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতার দক্ষতা জোরদার করা জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!