জাতীয়

অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া সফরে ঢাকা ছাড়লেন জামায়াত আমির

আপডেট: নভে ২০, ২০২৬ : ০৬:০৯ এএম ১০ ০
অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া সফরে ঢাকা ছাড়লেন জামায়াত আমির

অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া সফরের উদ্দেশে ঢাকা ছেড়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। ২০ থেকে ২৬ নভেম্বর পর্যন্ত সাত দিনের এই সফরে তিনি অস্ট্রেলিয়া সরকারের উচ্চপর্যায়ের ব্যক্তিদের সঙ্গে বৈঠক করবেন। পাশাপাশি দুই দেশে প্রবাসী বাংলাদেশিদের আয়োজিত বিভিন্ন কর্মসূচিতেও অংশ নেবেন।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দিবাগত রাত ১২টা ৫০ মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকা ত্যাগ করেন তিনি। জামায়াতে ইসলামীর পক্ষ থেকে জানানো হয়েছে, সফরকালে অস্ট্রেলিয়া সরকারের উচ্চপর্যায়ের ব্যক্তিদের সঙ্গে বৈঠকের পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন জামায়াত আমির। মালয়েশিয়াতেও প্রবাসীদের আয়োজিত কর্মসূচিতে তাঁর অংশ নেওয়ার কথা রয়েছে।

ডা. শফিকুর রহমানের সফরসঙ্গী হিসেবে রয়েছেন ডা. মোসলেহ উদ্দিন ফরিদ, পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাশেম আরমান এবং বিরোধীদলীয় নেতার এপিএস মুহাম্মদ নজরুল ইসলাম।

ঢাকা ত্যাগের সময় বিমানবন্দরে তাঁকে বিদায় জানান জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান ও অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। এ সময় নির্বাহী পরিষদের সদস্য মোবারক হোসাইন, ঢাকা মহানগর দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল এবং উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিনসহ দলের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

আগামী ২৬ নভেম্বর বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের দেশে ফেরার কথা রয়েছে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!