দেশের ৩০০টি সংসদীয় আসনে একটি ছেলেদের ও একটি মেয়েদের শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে সরকার। এ পরিকল্পনার আওতায় সারা দেশে ৬০০টি আধুনিক মডেল স্কুল ও কলেজ প্রতিষ্ঠা করা হবে। প্রাথমিকভাবে পাঁচ বছর মেয়াদি এ প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ৬৮ হাজার ৪০০ কোটি টাকা।
‘বাংলাদেশের নির্বাচিত এলাকায় ৬০০টি মডেল স্কুল অ্যান্ড কলেজ প্রতিষ্ঠা’ শীর্ষক এ প্রকল্পের লক্ষ্য হলো মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষার সুযোগ সম্প্রসারণ এবং শহর ও গ্রামের শিক্ষাবৈষম্য কমানো। প্রত্যন্ত অঞ্চল, চর, হাওর ও পাহাড়ি এলাকার শিক্ষার্থীদের জন্যও মানসম্মত শিক্ষার সুযোগ তৈরির পরিকল্পনা রয়েছে।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে পরিকল্পনা কমিশনে পাঠানো প্রাথমিক উন্নয়ন প্রকল্প প্রস্তাব (পিডিপিপি) অনুযায়ী, শিক্ষা মন্ত্রণালয়ের অধীন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) ২০৩১ সালের মধ্যে প্রকল্পটি বাস্তবায়নের পরিকল্পনা করেছে।
প্রকল্পের প্রাথমিক ব্যয়ের ৩০ শতাংশ, অর্থাৎ ২০ হাজার ৫২০ কোটি টাকা সরকার নিজস্ব অর্থায়নে জোগান দেবে। বাকি ৭০ শতাংশ বা ৪৭ হাজার ৮৮০ কোটি টাকা উন্নয়ন সহযোগীদের ঋণ ও অনুদান থেকে সংগ্রহের পরিকল্পনা রয়েছে।
পরিকল্পনা কমিশনের প্রাথমিক মূল্যায়নে বলা হয়েছে, পরিকল্পনামন্ত্রীর নীতিগত অনুমোদন পাওয়ার পর প্রকল্পের অর্থায়নের বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে প্রস্তাবটি অর্থনৈতিক সম্পর্ক বিভাগে (ইআরডি) পাঠানো যেতে পারে। এরপর ইআরডি সম্ভাব্য উন্নয়ন সহযোগীদের সঙ্গে আলোচনা করবে। তবে বিস্তারিত উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) তৈরির আগে সম্ভাব্যতা সমীক্ষা করার সুপারিশ করেছে কমিশন।
সম্ভাব্য অর্থায়নকারী হিসেবে বিশ্বব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি), এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংক (এআইআইবি), জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা), কোরিয়ার এক্সপোর্ট-ইমপোর্ট ব্যাংক, ইসলামী উন্নয়ন ব্যাংক, ইউনেস্কো ও ইউনিসেফের নাম প্রস্তাবে উল্লেখ করা হয়েছে।
পরিকল্পনা কমিশনের আর্থ-সামাজিক অবকাঠামো বিভাগের অতিরিক্ত সচিব রাহনুমা নাহিদ জানান, ২০২৬-২৭ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) নতুন প্রকল্প হিসেবে অন্তর্ভুক্তির জন্য মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে প্রাথমিক প্রস্তাব পাঠানো হয়েছে। প্রকল্পটির বাস্তবায়নযোগ্যতা যাচাইয়ে সম্ভাব্যতা সমীক্ষা করা হবে।
প্রতিষ্ঠানগুলোতে যেসব সুবিধা থাকবে
প্রস্তাব অনুযায়ী, প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পাঠদানের ব্যবস্থা থাকবে। প্রাথমিকভাবে প্রতিটি প্রতিষ্ঠানে ১ হাজার থেকে ১ হাজার ১০০ শিক্ষার্থী ভর্তির সক্ষমতা রাখার পরিকল্পনা করা হয়েছে। সব প্রতিষ্ঠান পূর্ণাঙ্গভাবে চালু হলে প্রায় ছয় লাখ শিক্ষার্থী পড়াশোনার সুযোগ পাবে। এর মধ্যে তিন লাখ ছাত্র ও তিন লাখ ছাত্রী থাকবে।
প্রতিটি প্রতিষ্ঠানে আধুনিক একাডেমিক ও প্রশাসনিক ভবন, বিজ্ঞানাগার, বিজ্ঞান-প্রযুক্তি-প্রকৌশল-গণিত (স্টেম), কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও প্রযুক্তি সুবিধা, কম্পিউটার ও ভাষা শিক্ষার ল্যাব, গ্রন্থাগার এবং ডিজিটাল লার্নিং সেন্টার নির্মাণের প্রস্তাব রয়েছে।
এ ছাড়া মিলনায়তন, সাংস্কৃতিক কর্মকাণ্ডের স্থান, চিকিৎসাকেন্দ্র, কেন্দ্রীয় রান্নাঘর, খাবার ঘর, খেলার মাঠ ও সুইমিংপুলের পরিকল্পনা রয়েছে। দূরবর্তী এলাকার শিক্ষার্থীদের সুবিধার্থে প্রতিটি প্রতিষ্ঠানে ১০০ আসনের আবাসিক হোস্টেল নির্মাণের প্রস্তাব করা হয়েছে।
মেয়েদের শিক্ষার সুযোগ বাড়াতে ৩০০টি স্বতন্ত্র বালিকা শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলা হবে। এসব প্রতিষ্ঠানে পৃথক ও নিরাপদ শৌচাগার, কমনরুম এবং মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনার সুবিধা রাখা হবে।
বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য র্যাম্প, লিফট, প্রতিবন্ধীবান্ধব শৌচাগার এবং বাধাহীন চলাচলের ব্যবস্থা রাখার পরিকল্পনাও রয়েছে।
সৌরবিদ্যুৎ ও ডিজিটাল ব্যবস্থাপনায় গুরুত্ব
প্রস্তাবিত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে পরিবেশবান্ধব ও জলবায়ু-সহনশীল করে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। এ জন্য ছাদে সৌরবিদ্যুৎ, বৃষ্টির পানি সংরক্ষণ, পানি পুনর্ব্যবহার, জ্বালানিসাশ্রয়ী সরঞ্জাম, বর্জ্য পৃথকীকরণ ও বৃক্ষরোপণের ব্যবস্থা রাখা হবে।
শিক্ষার্থীদের ভর্তি, উপস্থিতি, ঝরে পড়ার হার ও শিখনফল পর্যবেক্ষণে জাতীয় এডুকেশন আইডেন্টিটি (এডু-আইডি) এবং ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমের (এমআইএস) সঙ্গে প্রতিষ্ঠানগুলোকে যুক্ত করার প্রস্তাব রয়েছে।
প্রতিটি প্রতিষ্ঠানে প্রায় ৪৫ জন শিক্ষক নিয়োগের পরিকল্পনা করা হয়েছে। পাশাপাশি প্রশাসন, গবেষণাগার, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি, গ্রন্থাগার, চিকিৎসা ও অন্যান্য সহায়ক সেবার জন্য প্রয়োজনীয় জনবল রাখা হবে। ৬০০টি প্রতিষ্ঠান পূর্ণাঙ্গভাবে চালু হলে প্রায় ২৭ হাজার শিক্ষকের কর্মসংস্থানের সুযোগ তৈরি হতে পারে।
বাস্তবায়নের আগে হবে সম্ভাব্যতা সমীক্ষা
প্রকল্পের চূড়ান্ত নকশা ও ব্যয় নির্ধারণের আগে কারিগরি, আর্থিক ও প্রাতিষ্ঠানিক সম্ভাব্যতা যাচাই করা হবে। এ সমীক্ষায় জমির প্রাপ্যতা, স্থান নির্বাচন, নির্মাণমান, অবকাঠামোগত চাহিদা, শিক্ষার্থীর ধারণক্ষমতা, পরিবেশ ও সামাজিক সুরক্ষা এবং জনবল ব্যবস্থাপনার বিষয়গুলো পর্যালোচনা করা হবে।
পরিকল্পনা অনুযায়ী, প্রকল্পটি বাস্তবায়িত হলে দেশের প্রতিটি সংসদীয় এলাকায় আধুনিক শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে উঠবে। এর মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষার সুযোগ সম্প্রসারণ, বিজ্ঞান ও প্রযুক্তিভিত্তিক শিক্ষার প্রসার এবং ছেলে-মেয়েদের সমান অংশগ্রহণ নিশ্চিত করার সুযোগ তৈরি হতে পারে। তবে প্রকল্পটির বাস্তবায়ন ও অর্থায়ন এখনো প্রাথমিক প্রস্তাব ও সম্ভাব্যতা যাচাইয়ের পর্যায়ে রয়েছে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!