জাতীয়

লাইটার জাহাজের সংকটে চট্টগ্রাম বন্দরে পণ্য খালাসে ধীরগতি

আপডেট: নভে ২৩, ২০২৬ : ০৫:১২ এএম ৫ ০
লাইটার জাহাজের সংকটে চট্টগ্রাম বন্দরে পণ্য খালাসে ধীরগতি

লাইটার জাহাজের সংকটে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে বড় জাহাজ থেকে পণ্য খালাস কার্যক্রম ব্যাহত হচ্ছে। বর্তমানে বহির্নোঙরে ৮৫টি মাদার ভেসেল অবস্থান করছে। এসব জাহাজ থেকে পণ্য খালাসে অন্তত ৪২৫টি লাইটার জাহাজ প্রয়োজন হলেও পাওয়া যাচ্ছে মাত্র ৮৫টি। ফলে ৪৮টি মাদার ভেসেল থেকে পণ্য খালাস চললেও বাকি ৩৭টি জাহাজ অপেক্ষায় রয়েছে।

দুই মাসের ব্যবধানে আবারও এ সংকট দেখা দিয়েছে। গত এক সপ্তাহ ধরে প্রয়োজনীয় লাইটার জাহাজ না পাওয়ায় পণ্য খালাসে ধীরগতি তৈরি হয়েছে। এতে আমদানিকারকদের বাড়তি খরচ গুনতে হচ্ছে। ব্যবসায়ীরা আশঙ্কা করছেন, দ্রুত সংকটের সমাধান না হলে আসন্ন রমজানকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্য ও শিল্পের কাঁচামাল সরবরাহে সমস্যা দেখা দিতে পারে।

চট্টগ্রাম বন্দরের জেটিতে বড় জাহাজ ভেড়ানোর সুযোগ না থাকায় খাদ্যশস্য, সার ও শিল্পের কাঁচামালবাহী মাদার ভেসেল থেকে পণ্য ছোট লাইটার জাহাজে করে দেশের বিভিন্ন গন্তব্যে নেওয়া হয়। ৫০ হাজার টন পণ্যবাহী একটি জাহাজ থেকে পণ্য খালাস করতে প্রতিদিন পাঁচ থেকে আটটি লাইটার জাহাজ প্রয়োজন হয়।

বর্তমানে বহির্নোঙরে অবস্থানরত জাহাজগুলোতে খাদ্যশস্য, কনটেইনারভর্তি পণ্য, স্ক্র্যাপ, সার, চিনি, সিমেন্ট তৈরির কাঁচামাল ক্লিংকার, তেলসহ বিভিন্ন ধরনের পণ্য রয়েছে।

সিরিয়াল না মানায় সংকট

লাইটার জাহাজ বরাদ্দকারী সংস্থা ওয়াটার ট্রান্সপোর্ট কো-অর্ডিনেশন সেল (ডব্লিউটিসিসি) বলছে, রমজান সামনে রেখে ভোগ্যপণ্যবাহী বড় জাহাজের আগমন বেড়েছে। অন্যদিকে অনেক লাইটার জাহাজ দেশের বিভিন্ন নদীবন্দরে পণ্য নিয়ে আটকে আছে। ডব্লিউটিসিসির নির্ধারিত সিরিয়ালের বাইরে জাহাজ চলাচল এবং ঢাকার জাহাজমালিকদের পৃথক কমিটি গঠনের কারণেও বিশৃঙ্খলা তৈরি হয়েছে।

বন্দর সূত্র জানায়, গত আগস্টের মাঝামাঝি থেকে সেপ্টেম্বরের মাঝামাঝি পর্যন্ত একই ধরনের সংকট দেখা দিয়েছিল। পরে পরিস্থিতি স্বাভাবিক হলেও দুই মাসের ব্যবধানে আবারও লাইটার জাহাজের সংকট তৈরি হয়েছে।

লাইটার জাহাজমালিকদের দেওয়া তথ্য অনুযায়ী, চট্টগ্রামে নৌপথে প্রায় ৯০০টি লাইটার জাহাজ রয়েছে। এসব জাহাজ বিভিন্ন শিল্পগোষ্ঠী ও কোম্পানির মালিকানাধীন। তারা নিজেদের পণ্য ও কাঁচামাল পরিবহনে এসব জাহাজ ব্যবহার করে।

অন্যদিকে বাংলাদেশ ওয়াটার ট্রান্সপোর্ট কো-অর্ডিনেশন সেলের (বিডব্লিউটিসিসি) তালিকাভুক্ত লাইটার জাহাজ রয়েছে ১ হাজার ৫৬টি। এসব জাহাজকে সংস্থাটির নির্ধারিত সিরিয়াল মেনে চলাচল করার কথা। কিন্তু অভিযোগ রয়েছে, প্রায় অর্ধেক জাহাজ সিরিয়াল না মেনে বেশি ট্রিপ ও ভাড়ার আশায় চট্টগ্রামের বাইরে বিভিন্ন রুটে কয়লা, ক্লিংকারসহ অন্যান্য পণ্য পরিবহন করছে। ফলে বন্দরের বহির্নোঙরে জাহাজের সংকট তৈরি হচ্ছে।

শেখ এন্টারপ্রাইজের মালিক মো. জাহাঙ্গীর আলম বলেন, সিরিয়াল মেনে চললে একটি লাইটার জাহাজ মাসে এক থেকে দুটি ট্রিপ পায়। কিন্তু সিরিয়ালের বাইরে চলাচল করলে কম ভাড়ায় পাঁচ থেকে ছয়টি ট্রিপ পাওয়া যায়। এতে লাভ বেশি হওয়ায় অর্ধেকের বেশি জাহাজমালিক নির্ধারিত সিরিয়াল অনুসরণ করছেন না।

তিনি আরও বলেন, বিডব্লিউটিসিসির প্রতিদিন সিরিয়াল দেওয়ার কথা থাকলেও বর্তমানে তিন দিনে একবার সিরিয়াল দেওয়া হচ্ছে। কয়েক মাস আগে পরিস্থিতি স্বাভাবিক হয়েছিল। এখন আবার সংকট তৈরি হয়েছে। এর ফলে আমদানিকারকদের ডেমারেজ দিতে হচ্ছে, যার শেষ পর্যন্ত প্রভাব পড়ে সাধারণ ভোক্তাদের ওপর।

জাহাঙ্গীর আলমের মতে, এ সমস্যা সমাধানে নৌপরিবহন মন্ত্রণালয় ও সরকারকে কার্যকর ভূমিকা নিতে হবে।

এক সপ্তাহের মধ্যে সমাধানের আশ্বাস

বাংলাদেশ কার্গো ভেসেল ওনার্স অ্যাসোসিয়েশনের (বিসিভোয়া) সভাপতি গাজী বেলায়েত হোসেন মিঠু বলেন, রমজানকে সামনে রেখে অনেক পণ্যবাহী বড় জাহাজ একসঙ্গে বন্দরে এসেছে। এতে লাইটার জাহাজের ওপর চাপ তৈরি হয়েছে। পাশাপাশি আমদানিকারকদের একাংশ লাইটার জাহাজকে গুদাম হিসেবে ব্যবহার করায় সংকট আরও বাড়ছে।

তিনি বলেন, কিছু জাহাজ নির্ধারিত সিরিয়াল না মেনে কয়লা পরিবহনে ব্যবহৃত হচ্ছে। কোন মালিকেরা জাহাজগুলো অন্য রুটে আটকে রেখেছেন, তা শনাক্তের চেষ্টা চলছে।

গাজী বেলায়েত হোসেন বলেন, এক সপ্তাহের মধ্যে বর্তমান সমস্যার সমাধান এবং এক মাসের মধ্যে সিরিয়াল ব্যবস্থায় শৃঙ্খলা ফিরিয়ে আনার চেষ্টা করা হবে।

ব্যবসায়ীদের উদ্বেগ

চাক্তাই-খাতুনগঞ্জ আড়তদার সাধারণ ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ও ভোগ্যপণ্য আমদানিকারক মো. মহিউদ্দিন বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড ও দাউদকান্দি এলাকায় ওজন স্কেল বসানোর কারণে ১৩ টনের বেশি পণ্য পরিবহন করা যাচ্ছে না। এ অবস্থায় পণ্য পরিবহনে জলপথই ব্যবসায়ীদের প্রধান ভরসা। আমদানি বাড়ার সঙ্গে সঙ্গে লাইটার জাহাজের সংকটও বাড়ছে। তাই দ্রুত এ সমস্যার সমাধান প্রয়োজন।

চট্টগ্রাম চেম্বারের সাবেক পরিচালক মাহফুজুল হক শাহ বলেন, সমন্বয়হীনতার কারণে বারবার এ ধরনের পরিস্থিতি তৈরি হচ্ছে। সরকার, নৌপরিবহন মন্ত্রণালয়, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ও লাইটার জাহাজমালিকদের সমন্বিতভাবে কাজ করতে হবে। তা না হলে জাহাজের অপেক্ষমাণ সময় বাড়বে এবং আন্তর্জাতিক অঙ্গনে দেশের বন্দরের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হবে।

তিনি আরও বলেন, জাহাজের আকারভেদে আমদানিকারকদের প্রতিদিন ১৫ থেকে ২০ হাজার ডলার পর্যন্ত ডেমারেজ দিতে হচ্ছে। এ বাড়তি খরচ শেষ পর্যন্ত পণ্যের দামের সঙ্গে যুক্ত হয়ে ভোক্তাদের ওপর চাপ তৈরি করবে।

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে বছরে প্রায় ছয় কোটি টন পণ্য খালাস হয়। প্রায় ১ হাজার ৮০০টি লাইটার জাহাজ এসব পণ্য চট্টগ্রামের ১৬টি ঘাটসহ দেশের বিভিন্ন গন্তব্যে পরিবহন করে।

সমুদ্রপথে পণ্য পরিবহন নীতিমালার আওতায় ডব্লিউটিসিসির মাধ্যমে এসব জাহাজ পরিচালিত হলেও সম্প্রতি জাহাজমালিকদের একাংশ পৃথক কমিটি গঠন করেছেন। অন্যদিকে নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালকের আদেশে পৃথক তদারকি কমিটি গঠন নিয়েও বিরোধ তৈরি হয়েছে।

ব্যবসায়ীদের আশঙ্কা, দ্রুত এ অচলাবস্থা নিরসন করা না গেলে আমদানি করা নিত্যপ্রয়োজনীয় পণ্য ও শিল্পের কাঁচামালের সরবরাহব্যবস্থা ব্যাহত হবে। বিশেষ করে আসন্ন রমজানকে সামনে রেখে বাজারে পণ্যের সরবরাহ ও দামের ওপর এর নেতিবাচক প্রভাব পড়তে পারে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!