জাতীয়

৩১ ডিসেম্বর পর্যন্ত নোট-গাইড বই ছাপা ও বাঁধাই বন্ধের নির্দেশ

আপডেট: নভে ২৩, ২০২৬ : ০৫:১৪ এএম ৪ ০
৩১ ডিসেম্বর পর্যন্ত নোট-গাইড বই ছাপা ও বাঁধাই বন্ধের নির্দেশ

আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত সব ধরনের নোট, গাইড ও অনুশীলনমূলক সহায়ক বইয়ের মুদ্রণ ও বাঁধাই কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। ২০২৭ শিক্ষাবর্ষের বিনা মূল্যের পাঠ্যবই শিক্ষার্থীদের মধ্যে বিতরণ সম্পন্ন না হওয়া পর্যন্ত এ নির্দেশনা কার্যকর থাকবে।

গত ১৯ নভেম্বর এনসিটিবির সচিব অধ্যাপক শাহ মুহাম্মদ ফিরোজ আল ফেরদৌস স্বাক্ষরিত এক চিঠিতে দেশের সব মুদ্রণ ও বাঁধাই প্রতিষ্ঠানের মালিক বা স্বত্বাধিকারীদের এ নির্দেশনা দেওয়া হয়। চিঠিটি আজ রোববার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালকের কাছে পাঠানো হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, ২০২৭ শিক্ষাবর্ষে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের বিনা মূল্যে বিতরণের জন্য পাঠ্যবই মুদ্রণ, বাঁধাই ও সরবরাহের কাজ চলছে। এর আওতায় ইবতেদায়ি, মাধ্যমিক, দাখিল, দাখিল ভোকেশনাল, এসএসসি ভোকেশনাল, কারিগরি ও ব্রেইল পাঠ্যবই রয়েছে।

নির্ধারিত সময়ের মধ্যে সব শিক্ষার্থীর হাতে পাঠ্যবই পৌঁছে দেওয়া সরকারের গুরুত্বপূর্ণ জাতীয় দায়িত্ব উল্লেখ করে এনসিটিবি বলেছে, এ কার্যক্রম সুষ্ঠু, নির্বিঘ্ন ও সময়মতো সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রয়োজন।

এ লক্ষ্যেই বিনা মূল্যের পাঠ্যবই বিতরণ শেষ না হওয়া পর্যন্ত আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত সব শ্রেণির নোট, গাইড ও অনুশীলনমূলক সহায়ক বইয়ের মুদ্রণ ও বাঁধাই বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এ নির্দেশনা মেনে চলতে দেশের সব মুদ্রণ ও বাঁধাই প্রতিষ্ঠানের মালিকদের অনুরোধ জানিয়েছে সংস্থাটি।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!