জাতীয়

মুন্সীগঞ্জে পাঁচ ধাপে ৬৭ ইউনিয়নে নির্বাচন, ভোটার ১৩ লাখ ৩৯ হাজার

আপডেট: নভে ২৪, ২০২৬ : ০৬:৪১ এএম ৭ ০
মুন্সীগঞ্জে পাঁচ ধাপে ৬৭ ইউনিয়নে নির্বাচন, ভোটার ১৩ লাখ ৩৯ হাজার

মুন্সীগঞ্জ জেলার ৬৭টি ইউনিয়ন পরিষদের নির্বাচন পাঁচ ধাপে অনুষ্ঠিত হবে। আগামী ২০২৭ সালের ২১ জানুয়ারি প্রথম ধাপের ভোট গ্রহণের মধ্য দিয়ে এ নির্বাচন শুরু হবে। শেষ ধাপের ভোট হবে ২৭ মে। জেলায় মোট ভোটার রয়েছেন ১৩ লাখ ৩৯ হাজার ৩২৯ জন।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, প্রথম ধাপে আগামী ২১ জানুয়ারি মুন্সীগঞ্জ সদর উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে। এসব ইউনিয়নে মোট ভোটার ২ লাখ ৫৫ হাজার ৬৬ জন। তাঁদের মধ্যে পুরুষ ১ লাখ ৩৩ হাজার ৯৩০, নারী ১ লাখ ২১ হাজার ১৩৫ এবং তৃতীয় লিঙ্গের ভোটার একজন।

দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি গজারিয়া উপজেলার ৮টি ইউনিয়ন পরিষদে ভোট গ্রহণ করা হবে। এ উপজেলায় মোট ভোটার ১ লাখ ৫৫ হাজার ৭ জন। তাঁদের মধ্যে পুরুষ ৭৯ হাজার ৬৭৫ এবং নারী ৭৫ হাজার ৩৩২ জন।

তৃতীয় ধাপে ২৯ এপ্রিল টঙ্গিবাড়ী উপজেলার ১২টি এবং লৌহজং উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে। টঙ্গিবাড়ীতে মোট ভোটার ২ লাখ ৩ হাজার ১৭ জন। তাঁদের মধ্যে পুরুষ ১ লাখ ৫ হাজার ১৯৩ এবং নারী ৯৭ হাজার ৮২৪ জন। অন্যদিকে লৌহজংয়ে ভোটার রয়েছেন ১ লাখ ৭৭ হাজার ৮২১ জন। তাঁদের মধ্যে পুরুষ ৯১ হাজার ২৬ এবং নারী ৮৬ হাজার ৭৯৫ জন।

চতুর্থ ধাপে ১৩ মে শ্রীনগর উপজেলার ১৪টি ইউনিয়ন পরিষদে ভোট গ্রহণ করা হবে। এ উপজেলায় মোট ভোটার ২ লাখ ৭২ হাজার ৭৬৩ জন। তাঁদের মধ্যে পুরুষ ১ লাখ ৪০ হাজার ২৫৪, নারী ১ লাখ ৩২ হাজার ৫০৮ এবং তৃতীয় লিঙ্গের ভোটার একজন।

পঞ্চম ও শেষ ধাপে ২৭ মে সিরাজদিখান উপজেলার ১৪টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে। এ উপজেলায় মোট ভোটার ২ লাখ ৭৫ হাজার ৬৫৫ জন। তাঁদের মধ্যে পুরুষ ১ লাখ ৪২ হাজার ৩১৯ এবং নারী ১ লাখ ৩৩ হাজার ৩৩৬ জন।

জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জসিম উদ্দিন বাসসকে বলেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। ইতিমধ্যে প্রতিটি ইউনিয়নের ভোটকেন্দ্রের তালিকা তৈরির কাজ শেষ হয়েছে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!