বাংলার গ্রামীণ নারীদের হাতে প্রজন্মের পর প্রজন্ম ধরে তৈরি হয়ে আসা নকশিকাঁথা এখন দেশের সম্ভাবনাময় হস্তশিল্প পণ্যের একটি। একসময় পরিবারের প্রয়োজন মেটাতে পুরোনো শাড়ি, ধুতি ও লুঙ্গির কাপড় সেলাই করে তৈরি করা হতো এই কাঁথা।
সময়ের সঙ্গে সেই ঐতিহ্যবাহী শিল্প এখন বাণিজ্যিক পণ্যে রূপ নিয়েছে। দেশের গণ্ডি পেরিয়ে বিদেশের বাজারেও বাড়ছে এর চাহিদা। এই সম্ভাবনাকে কাজে লাগিয়ে নকশিকাঁথাকে আন্তর্জাতিক বাজারে আরও পরিচিত করতে চায় সরকার।
শিল্পসংশ্লিষ্ট ব্যক্তিদের দেওয়া তথ্য অনুযায়ী, প্রতিদিন প্রায় ৬০০টি নকশিকাঁথা বিদেশে বিক্রি হচ্ছে। এ শিল্পের সঙ্গে যুক্ত রয়েছেন হাজার হাজার নারী। তাঁদের অনেকেই ঘরে বসে কাজ করে পরিবারের আয়ে অবদান রাখছেন। কেউ কেউ উদ্যোক্তা হিসেবেও গড়ে তুলেছেন নিজেদের প্রতিষ্ঠান।
নকশিকাঁথার আন্তর্জাতিক বাজার সম্প্রসারণের বিষয়ে শিল্প মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খান বাসসকে বলেন, সরকার নকশিকাঁথাকে আন্তর্জাতিকভাবে বাণিজ্যিকীকরণ করতে চায়। এ পণ্যকে আন্তর্জাতিকভাবে স্বীকৃত বাণিজ্যিক পণ্য হিসেবে প্রতিষ্ঠিত করতে শিল্প মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনকে (বিসিক) প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি বলেন, দেশের অভ্যন্তরীণ চাহিদা পূরণের পাশাপাশি বিদেশের বাজার সম্প্রসারণেও সংশ্লিষ্ট সবাইকে এগিয়ে আসতে হবে। বাংলার এই ঐতিহ্যবাহী শিল্প যেন হারিয়ে না যায়, তা নিশ্চিত করা জরুরি।
গ্রামীণ জীবনের ঐতিহ্য থেকে বাণিজ্যিক পণ্য
নকশিকাঁথার ইতিহাস বাংলার গ্রামীণ জীবন ও নারীদের সৃজনশীলতার সঙ্গে গভীরভাবে জড়িত। একসময় পুরোনো কাপড়ের কয়েকটি স্তর একসঙ্গে সেলাই করে তৈরি করা হতো কাঁথা। সাধারণ সূঁচ ও রঙিন সুতা দিয়ে কাপড়ের ওপর ফুটিয়ে তোলা হতো ফুল, পাখি, গাছপালা, নদী, ঘরবাড়ি ও গ্রামীণ জীবনের নানা দৃশ্য।
মা ও দাদির কাছ থেকে মেয়েরা শিখতেন এ শিল্পের কৌশল। প্রতিটি কাঁথার নকশায় ফুটে উঠত নির্মাতার ব্যক্তিগত অনুভূতি, স্মৃতি, স্বপ্ন ও জীবনের গল্প। এ কারণে নকশিকাঁথা শুধু ব্যবহার্য পণ্য নয়, বাংলার নারীদের জীবন ও সংস্কৃতিরও একটি গুরুত্বপূর্ণ নিদর্শন।
বিংশ শতাব্দীতে সাহিত্য ও সংস্কৃতির অঙ্গনেও নকশিকাঁথা বিশেষ পরিচিতি পায়। রবীন্দ্রনাথ ঠাকুর ১৯১৫ সাল থেকে কুষ্টিয়ায় নকশিকাঁথা সংগ্রহ করেন। পরে পল্লিকবি জসীম উদ্দীনের ১৯২৯ সালে প্রকাশিত কাব্যগ্রন্থ ‘নকশী কাঁথার মাঠ’ এ শিল্পকে জাতীয় পর্যায়ে আরও পরিচিত করে তোলে। গবেষক ও সংগ্রাহক গুরুসদয় দত্ত এবং দীনেশচন্দ্র সেনও এ ঐতিহ্য সংরক্ষণ ও প্রচারে ভূমিকা রাখেন।
নকশিকাঁথার বড় কেন্দ্র জামালপুর
দেশের বিভিন্ন অঞ্চলে নকশিকাঁথা তৈরি হলেও জামালপুর বর্তমানে এ শিল্পের অন্যতম প্রধান বাণিজ্যিক কেন্দ্র। জেলার সাতটি উপজেলাতেই এ শিল্পের চর্চা রয়েছে। উপজেলাগুলো হলো জামালপুর সদর, সরিষাবাড়ী, মাদারগঞ্জ, মেলান্দহ, ইসলামপুর, দেওয়ানগঞ্জ ও বকশীগঞ্জ।
এসব এলাকার নারীরা ব্যক্তিগতভাবে কিংবা দলবদ্ধভাবে নকশিকাঁথা ও বিভিন্ন ধরনের বস্ত্রপণ্য তৈরি করেন। স্থানীয় উদ্যোক্তা ও হস্তশিল্প প্রতিষ্ঠানের মাধ্যমে এসব পণ্য বাজারজাত করা হয়।
২০২৪ সালের ফেব্রুয়ারিতে জামালপুরের নকশিকাঁথা ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্যের স্বীকৃতি পায়। এতে পণ্যটির আঞ্চলিক পরিচিতি ও বাণিজ্যিক সম্ভাবনা আরও বেড়েছে।
জেলায় এ শিল্পের সঙ্গে পাঁচ শতাধিক নারী উদ্যোক্তা যুক্ত রয়েছেন বলে জানা গেছে। তাঁদের উদ্যোগে আরও কয়েক শ নারী কাজের সুযোগ পাচ্ছেন। জামালপুর ছাড়াও যশোর, কুষ্টিয়া, ময়মনসিংহ, ফরিদপুর, রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জে নকশিকাঁথা তৈরি হয়। অঞ্চলভেদে নকশা ও সেলাইয়ের বৈচিত্র্য এ শিল্পকে আরও সমৃদ্ধ করেছে।
নারীর কর্মসংস্থান ও অর্থনৈতিক ক্ষমতায়ন
নকশিকাঁথার বাণিজ্যিক প্রসার গ্রামীণ নারীদের আয়ের নতুন সুযোগ তৈরি করেছে। সেলাই, নকশা তৈরি, পণ্যের শেষ পর্যায়ের কাজ ও বিপণনের সঙ্গে যুক্ত রয়েছেন বিপুলসংখ্যক নারী।
এ শিল্পের বড় সুবিধা হলো, নারীরা ঘরে বসেই কাজ করতে পারেন। ফলে সংসারের দায়িত্ব ও সন্তানদের দেখাশোনার পাশাপাশি আয় করার সুযোগ তৈরি হচ্ছে। অনেক নারী ছোট ব্যবসা প্রতিষ্ঠা করছেন, স্থানীয় কারুশিল্পীদের কাজের সুযোগ দিচ্ছেন এবং নিজস্ব ব্র্যান্ড গড়ে তুলছেন।
ডায়ালগ আর্থের ২০২১ সালের এক প্রতিবেদন অনুযায়ী, সে সময় নকশিকাঁথার বার্ষিক বাজারের আকার ছিল প্রায় ১২০ কোটি টাকা। বার্ষিক প্রবৃদ্ধির হার ছিল আনুমানিক ১৫ শতাংশ। এ শিল্পের বৃহত্তর পরিসরে প্রায় তিন লাখ মানুষের সম্পৃক্ততার কথাও প্রতিবেদনে উল্লেখ করা হয়। তাঁদের অধিকাংশই নারী কারুশিল্পী।
বাংলাদেশের সামগ্রিক হস্তশিল্প খাতেও রপ্তানির উল্লেখযোগ্য সম্ভাবনা রয়েছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্যের ভিত্তিতে বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউটের (বিএফটিআই) ২০২৪ সালের ডিসেম্বরের এক প্রতিবেদনে নকশিকাঁথাকে দেশের গুরুত্বপূর্ণ হস্তশিল্প পণ্য হিসেবে উল্লেখ করা হয়েছে।
২০২২-২৩ অর্থবছরে বাংলাদেশ প্রায় ২৯ দশমিক ৭৫ মিলিয়ন মার্কিন ডলারের হস্তশিল্পপণ্য রপ্তানি করেছে। তবে এ পরিসংখ্যান শুধু নকশিকাঁথার নয়, দেশের সামগ্রিক হস্তশিল্প খাতের রপ্তানি আয়।
কাঁথা ছাড়িয়ে ফ্যাশনপণ্যে নকশিকাঁথা
নকশিকাঁথার ব্যবহার এখন আর শুধু কাঁথার মধ্যে সীমাবদ্ধ নেই। উদ্যোক্তা ও ডিজাইনাররা এর সূচিশিল্প ব্যবহার করে তৈরি করছেন বেডস্প্রেড, কুশন কভার, বালিশের কভার, টেবিল রানার, হাতব্যাগ, মানিব্যাগ, দেয়ালসজ্জার সামগ্রী, শাল, পোশাক ও বিভিন্ন ফ্যাশন অনুষঙ্গ।
ঐতিহ্যবাহী নকশার সঙ্গে আধুনিক ডিজাইন, রং ও কাপড়ের সমন্বয় পণ্যটির বাজার সম্প্রসারণে ভূমিকা রাখছে। বিশেষ করে হাতে তৈরি, পরিবেশবান্ধব ও সাংস্কৃতিক ঐতিহ্যনির্ভর পণ্যের প্রতি আগ্রহী বিদেশি ক্রেতাদের কাছে নকশিকাঁথার আলাদা আকর্ষণ রয়েছে।
হস্তশিল্প প্রতিষ্ঠান, রপ্তানিকারক, অনলাইন ব্যবসা ও ব্যক্তিগত উদ্যোক্তাদের মাধ্যমে নকশিকাঁথা পৌঁছে যাচ্ছে বিদেশের বাজারে। ইউরোপ, উত্তর আমেরিকা ও এশিয়ার বিভিন্ন দেশে বাংলাদেশের হস্তশিল্পের বাজার রয়েছে। যুক্তরাষ্ট্র ও সুইডেনসহ বিভিন্ন দেশের ক্রেতাদের কাছেও পৌঁছেছে নকশিকাঁথা।
প্রসারে বাধা, প্রয়োজন প্রাতিষ্ঠানিক সহায়তা
সম্ভাবনা থাকলেও নকশিকাঁথাশিল্পে কিছু সমস্যা রয়েছে। জটিল নকশা তৈরি করতে দীর্ঘ সময় ও শ্রম দিতে হয়। অথচ অনেক ক্ষেত্রে কারুশিল্পীরা তাঁদের শ্রমের ন্যায্য মূল্য পান না। অর্থায়নের সীমাবদ্ধতা, প্রশিক্ষণের অভাব, আধুনিক বিপণনব্যবস্থা এবং আন্তর্জাতিক ক্রেতাদের সঙ্গে সরাসরি যোগাযোগের সুযোগ কম থাকায় ক্ষুদ্র উদ্যোক্তারা পিছিয়ে পড়ছেন।
এ ছাড়া আন্তর্জাতিক বাজারের মান বজায় রাখার পাশাপাশি ঐতিহ্যবাহী নকশা ও সেলাইয়ের বৈশিষ্ট্য অক্ষুণ্ন রাখাও বড় চ্যালেঞ্জ। আঞ্চলিক নকশার স্বাতন্ত্র্য সংরক্ষণ এবং কারুশিল্পীদের ন্যায্য পারিশ্রমিক নিশ্চিত করা জরুরি।
শিল্পসংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করেন, সহজ অর্থায়ন, দক্ষতা উন্নয়ন, আধুনিক প্রশিক্ষণ, পণ্যের বৈচিত্র্য এবং কার্যকর ব্র্যান্ডিংয়ের মাধ্যমে নকশিকাঁথার বাজার আরও সম্প্রসারণ করা সম্ভব। এ ক্ষেত্রে বিসিকের মাধ্যমে সরকারের পরিকল্পিত উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
বাংলার শতাব্দীপ্রাচীন এ ঐতিহ্যকে শুধু সাংস্কৃতিক সম্পদ হিসেবে নয়, কর্মসংস্থান ও বৈদেশিক মুদ্রা অর্জনের সম্ভাবনাময় খাত হিসেবেও বিবেচনা করা প্রয়োজন। তবে বিশ্ববাজারে নকশিকাঁথার অবস্থান শক্তিশালী করতে হলে গ্রামীণ নারীদের দক্ষতার যথাযথ মূল্যায়ন, ন্যায্য পারিশ্রমিক এবং উৎপাদন থেকে বিপণন পর্যন্ত কার্যকর সহায়তা নিশ্চিত করতে হবে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!