জাতীয়

হোটেল-পর্যটন খাতের উন্নয়নে শ্রমিকদের কল্যাণ জরুরি: বিমানমন্ত্রী

আপডেট: নভে ২৪, ২০২৬ : ০৬:৪৪ এএম ৭ ০
হোটেল-পর্যটন খাতের উন্নয়নে শ্রমিকদের কল্যাণ জরুরি: বিমানমন্ত্রী

হোটেল ও পর্যটন খাতের টেকসই উন্নয়নে শ্রমিক ও ব্যবস্থাপনার মধ্যে বিরোধের পরিবর্তে সহযোগিতামূলক সম্পর্ক গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেছেন, শ্রমিকদের অধিকার সুরক্ষা, সেবার মান উন্নয়ন এবং এ খাতের টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করতে পারস্পরিক সহযোগিতা জরুরি।

গতকাল সোমবার সন্ধ্যায় রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলের বলরুমে নবনির্বাচিত ইন্টারকন্টিনেন্টাল ঢাকা শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের অভিষেক ও পুনর্মিলনী অনুষ্ঠানে এসব কথা বলেন মন্ত্রী।

এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, ‘সংঘাত নয়, সহযোগিতা; বৈরিতা নয়, সৌহার্দ্য’—এই নীতি অনুসরণ করলে শ্রমিকদের অধিকার সুরক্ষার পাশাপাশি ব্যবসায়িক সাফল্য ও কর্মসংস্থানের সুযোগ বাড়বে।

কর্মক্ষেত্রে বিরোধ নিষ্পত্তিতে গঠনমূলক আলোচনার ওপর গুরুত্ব দিয়ে মন্ত্রী বলেন, শ্রমিকদের ন্যায্য দাবি ও অভিযোগ নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে ব্যবস্থাপনার কাছে তুলে ধরতে হবে। আলোচনার মাধ্যমে উভয় পক্ষের কাছে গ্রহণযোগ্য সমাধান খুঁজে বের করতে হবে।

তিনি বলেন, কোনো ন্যায্য দাবি থাকলে তা আলোচনার মাধ্যমে সমাধানের উদ্যোগ নিতে হবে। এ ক্ষেত্রে নির্বাচিত শ্রমিক প্রতিনিধিদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

হোটেল ও পর্যটন খাতের অগ্রগতিতে দক্ষ ও অভিজ্ঞ কর্মীদের অবদানের কথা তুলে ধরে মন্ত্রী বলেন, দক্ষ, অভিজ্ঞ ও নিবেদিতপ্রাণ কর্মীরাই একটি প্রতিষ্ঠানের সাফল্য ও অগ্রগতির মূল চালিকাশক্তি।

বিএনপির নির্বাচনী ইশতেহারের প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, সরকারের ‘সবার আগে বাংলাদেশ’ দর্শনে দক্ষ মানবসম্পদ উন্নয়ন, শ্রমিকদের কল্যাণ এবং পর্যটন ও হোটেল খাতের অগ্রগতিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

মন্ত্রী কর্মীদের ন্যায্য অধিকার সুরক্ষা, নিরাপদ ও সহায়ক কর্মপরিবেশ নিশ্চিত করা এবং শ্রমিক ও ব্যবস্থাপনার মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ গড়ে তোলার আহ্বান জানান।

ইন্টারকন্টিনেন্টাল ঢাকার কর্মীদের উদ্দেশে তিনি বলেন, এ হোটেলের সুনাম, ঐতিহ্য ও ধারাবাহিক অগ্রগতিতে প্রত্যেক কর্মীর গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। সেবার মান বাড়ানো এবং বাংলাদেশের হোটেল খাতের প্রতিযোগিতামূলক সক্ষমতা জোরদার করতে শ্রমিক ও ব্যবস্থাপনার সুসম্পর্ক বজায় রাখা প্রয়োজন।

নবনির্বাচিত ইউনিয়ন কমিটির নেতাদের উদ্দেশে মন্ত্রী বলেন, শ্রমিকদের অধিকার রক্ষার পাশাপাশি হোটেলের কার্যক্রমের দক্ষতা ও ব্যবসায়িক প্রবৃদ্ধি বাড়াতে ব্যবস্থাপনার সঙ্গে সমন্বয় করে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, কর্মী ও ব্যবস্থাপনার মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও সহযোগিতা উৎপাদনশীল কর্মপরিবেশ গড়ে তুলতে এবং নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে সহায়তা করবে।

অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, নবনির্বাচিত ইউনিয়ন কমিটির নেতারা এবং বাংলাদেশ সার্ভিসেসের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!