বর্তমান সরকারের সমালোচনা করে বাংলাদেশ খেলাফত মজলিস-এর আমির মাওলানা মামুনুল হক বলেছেন, সরকারকে শেখ হাসিনা-র ‘ভূতে’ ধরেছে।
সোমবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইডিবি) মিলনায়তনে আয়োজিত এক জাতীয় সেমিনারে সভাপতির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
‘গণভোটের রায়ের বিরুদ্ধে সরকার: সংকটের মুখোমুখি দেশ’ শীর্ষক এ সেমিনারের আয়োজন করে ১১ দলীয় ঐক্য।
মামুনুল হক বলেন, শেখ হাসিনার শাসনামলে জনগণকে উপেক্ষা ও অপমান করা হয়েছে। তার দাবি, সেই ধারা এখন বর্তমান সরকারের মধ্যেও দেখা যাচ্ছে। তিনি অভিযোগ করেন, সংসদে দাঁড়িয়ে জনগণকে তুচ্ছতাচ্ছিল্য করা হচ্ছে এবং দাম্ভিক আচরণ বাড়ছে।
বিএনপির ভূমিকাও সমালোচনা করে তিনি বলেন, ক্ষমতায় থাকলে দলগুলো জনগণকে অবমূল্যায়ন করে—এ প্রবণতা থেকে বের হওয়া প্রয়োজন। অন্যথায় রাজনৈতিক পরিণতি ভালো হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।
ক্ষমতার অপব্যবহার না করার আহ্বান জানিয়ে তিনি বলেন, জনগণের মতামত উপেক্ষা করে কোনো সরকার টিকে থাকতে পারে না। গণভোটের রায়কে উপেক্ষা করার উদাহরণ বিশ্ব ইতিহাসে বিরল বলেও মন্তব্য করেন তিনি।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর আমির ডা. শফিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টি-এর আহ্বায়ক নাহিদ ইসলাম।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মনির। এছাড়া আলোচক হিসেবে বক্তব্য দেন অধ্যাপক দিলারা জামান চৌধুরী, মাহমুদুর রহমান, ব্যারিস্টার শাহরিয়ার কবিরসহ বিভিন্ন রাজনৈতিক ও নাগরিক সমাজের প্রতিনিধিরা।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!