রাজনীতি

‘আন্দোলন শুরু হয়ে গেছে’: জামায়াত আমির

আপডেট: এপ্রি ১৪, ২০২৬ : ০৭:০০ এএম
‘আন্দোলন শুরু হয়ে গেছে’: জামায়াত আমির

দেশে আন্দোলন শুরু হয়ে গেছে এবং তা ধাপে ধাপে সফলতার দিকে নিয়ে যেতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

সোমবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইডিবি) মিলনায়তনে আয়োজিত এক সেমিনারে তিনি এ কথা বলেন। ‘গণভোটের রায়ের বিরুদ্ধে সরকার: সংকটের মুখোমুখি দেশ’ শীর্ষক এ সেমিনারের আয়োজন করে ১১ দলীয় ঐক্য।

সরকারের দ্বৈত নীতির সমালোচনা করে শফিকুর রহমান বলেন, একসময় গণভোটকে অগ্রহণযোগ্য বলা হলেও এখন সেটিকে আংশিকভাবে গ্রহণ করা হচ্ছে। সংসদে এ বিষয়ে কথা বলতে গিয়ে বাধার সম্মুখীন হওয়ার কথাও উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, জনগণের অধিকার আদায়ের লক্ষ্যে তারা সংসদে গেছেন, কোনো সুবিধা নেওয়ার জন্য নয়। প্রয়োজন ছাড়া কোনো সুযোগ-সুবিধা গ্রহণ করবেন না বলেও জানান তিনি।

গণঅভ্যুত্থান প্রসঙ্গে তিনি বলেন, এটি শুধু শিক্ষিত শ্রেণির আন্দোলন নয়; এতে শ্রমজীবী মানুষেরও বড় অংশগ্রহণ রয়েছে। তার দাবি, বহু শহীদের পরিবারে গিয়ে তিনি দেখেছেন, তাদের একটি বড় অংশ শ্রমজীবী মানুষ।

বর্তমান সংসদকে ‘জুলাই প্রোডাক্ট’ আখ্যা দিয়ে তিনি বলেন, এই পরিবর্তনের পেছনে জুলাইয়ের আন্দোলনের অবদান রয়েছে। গণভোটের রায়ের মাধ্যমে সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নের কথাও উল্লেখ করেন তিনি।

দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, এ আন্দোলন সবার জন্য এবং জনগণের সমর্থনই এর প্রধান শক্তি। কোনো ধরনের ‘পারিবারিক রাজতন্ত্র’ বা একক আধিপত্য মেনে নেওয়া হবে না বলেও মন্তব্য করেন তিনি।

সংসদে জনস্বার্থের বিষয় নিয়ে আলোচনার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, অপ্রয়োজনীয় বিষয় বাদ দিয়ে জনগণের সমস্যা সমাধানে মনোযোগী হওয়া প্রয়োজন।

সেমিনারে সভাপতিত্ব করেন বাংলাদেশ খেলাফত মজলিস-এর আমির মাওলানা মামুনুল হক। এতে আরও উপস্থিত ছিলেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টি-এর আহ্বায়ক নাহিদ ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!