রাজনীতি

টাইম ম্যাগাজিনে প্রধানমন্ত্রীর স্থান পাওয়া বাংলাদেশের জন্য গৌরব: মাহদী আমিন

আপডেট: এপ্রি ১৬, ২০২৬ : ০৬:০০ এএম
টাইম ম্যাগাজিনে প্রধানমন্ত্রীর স্থান পাওয়া বাংলাদেশের জন্য গৌরব: মাহদী আমিন

বিশ্বখ্যাত সাময়িকী টাইম-এর প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমানের অন্তর্ভুক্তিকে বাংলাদেশের জন্য গৌরবজনক অর্জন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।

বুধবার এক বার্তায় তিনি বলেন, এই স্বীকৃতি শুধু একজন নেতার ব্যক্তিগত অর্জন নয়, বরং এটি বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রার একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।

মাহদী আমিন বলেন, টাইম ১০০ মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পিপল অব ২০২৬ তালিকায় স্থান পাওয়ার মাধ্যমে প্রধানমন্ত্রীর নেতৃত্ব, সাহসিকতা এবং গণতন্ত্র পুনরুদ্ধারে তাঁর ভূমিকা আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পেয়েছে। তিনি দাবি করেন, কঠিন রাজনৈতিক পরিস্থিতিতে তারেক রহমান দৃঢ় নেতৃত্ব দিয়ে মানুষের অধিকার প্রতিষ্ঠায় ভূমিকা রেখেছেন।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ আবারও গণতান্ত্রিক ধারায় ফিরেছে। অবাধ ও সুষ্ঠু নির্বাচন, মতপ্রকাশের স্বাধীনতা, মানবাধিকার সুরক্ষা এবং আইনের শাসন প্রতিষ্ঠায় তাঁর ভূমিকা বিশ্বমঞ্চে প্রশংসিত হচ্ছে।

মাহদী আমিন উল্লেখ করেন, দেশে ফিরে তারেক রহমান যে উন্নয়ন পরিকল্পনার কথা বলেছিলেন, তার বাস্তবায়নে সরকার কাজ করে যাচ্ছে। স্বল্প সময়ের মধ্যেই নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে অগ্রগতি দেখা যাচ্ছে বলেও দাবি করেন তিনি।

এই স্বীকৃতিকে দেশের মানুষের প্রতি উৎসর্গ করে তিনি বলেন, এটি বাংলাদেশের জনগণের সম্মান। গণতন্ত্রের প্রতি মানুষের বিশ্বাস ও সংগ্রামেরই প্রতিফলন এই অর্জন।

মাহদী আমিনের ভাষায়, “এটি গণতন্ত্রের বিজয়, জনতার বিজয় এবং বাংলাদেশের বিজয়।”

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!