রাজধানীর মোহাম্মদপুরে জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহসভাপতি ও মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধানের বাড়ির সামনে হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
শুক্রবার (১৭ এপ্রিল) দলের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে এ নিন্দা জানান। বিবৃতিতে তিনি অভিযোগ করেন, পুলিশের উপস্থিতিতে বিএনপি সমর্থকদের ‘মব সৃষ্টি’ করে হামলার ঘটনা উদ্বেগজনক এবং এটি রাজনৈতিক সহিষ্ণুতার পরিপন্থী। তিনি বলেন, একটি বক্তব্যকে কেন্দ্র করে এ ধরনের হামলা নতুন রাজনৈতিক সংস্কৃতির প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
মিয়া গোলাম পরওয়ার বলেন, যে কোনো রাজনৈতিক মতভেদ রাজনৈতিকভাবেই মোকাবিলা করা উচিত। এ ধরনের ‘মব’ সংস্কৃতি গণতান্ত্রিক অধিকার ও আইনের শাসনের পরিপন্থী।
তিনি হামলার সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে রাশেদ প্রধান ও তাঁর পরিবারের নিরাপত্তা জোরদারের আহ্বান জানান।
বিবৃতিতে রাশেদ প্রধানের ব্যক্তিগত সচিব জনি নন্দীর ওপর হামলা ও আটক করার ঘটনাও নিন্দা জানানো হয়। তাঁর নিঃশর্ত মুক্তির দাবি জানায় দলটি।
এ ছাড়া সাম্প্রতিক সময়ে বিরোধী দলের নেতাকর্মীদের ওপর হামলা, চাঁদাবাজি ও সহিংসতার অভিযোগ তুলে সেগুলো বন্ধে সংশ্লিষ্টদের পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান জামায়াতের এই নেতা।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!