জুলাই সনদকে পাশ কাটিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই এবং তা হতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলাম। তিনি বলেন, ছাত্র–জনতার রক্তের ওপর দাঁড়িয়ে যারা ক্ষমতায় এসেছেন, তারা যদি সেই অঙ্গীকার ভঙ্গ করেন, তবে জাতি তাদের ক্ষমা করবে না।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাতে রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের কাউন্সিল হলে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াত আয়োজিত হজযাত্রীদের গাইডলাইন কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এটিএম আজহারুল ইসলাম বলেন, অস্ত্র বা পেশিশক্তি দিয়ে মানুষকে দীর্ঘদিন দমিয়ে রাখা যায় না। নতুন বাংলাদেশ গঠনে গণভোটের রায় মেনে জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করতে হবে। তিনি দাবি করেন, ইনসাফ ও ন্যায়বিচার প্রতিষ্ঠার আন্দোলনে তাঁর দল সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করেছে এবং বহু নেতা–কর্মী জীবন দিয়েছেন।
নিজের প্রসঙ্গ টেনে তিনি বলেন, মৃত্যুদণ্ডের আসামির কাঠগড়া থেকে আজ তিনি জনতার মঞ্চে এসেছেন এবং জনগণের দাবি আদায়ে সামনের সারিতে থাকবেন। এ সময় হজযাত্রীদের কাছে দেশের কল্যাণে দোয়া চান তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, সামর্থ্যবানদের জন্য হজ যেমন ফরজ, তেমনি সমাজে ন্যায় প্রতিষ্ঠাও গুরুত্বপূর্ণ দায়িত্ব। তিনি বলেন, রাজনৈতিক পদ-পদবি নয়, পরকালে মুক্তিই মানুষের প্রকৃত সফলতা।
ঢাকা মহানগর দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে এবং সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদের সঞ্চালনায় কর্মশালায় আরও বক্তব্য দেন তামীরুল মিল্লাত কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা খলিলুর রহমান মাদানী, ইসলামিক স্কলার মুফতি আলী হাসান ওসামা এবং পল্টন বটতলা মসজিদের খতিব মাওলানা জাকারিয়া নুর।
অনুষ্ঠানে হজের প্রস্তুতি ও করণীয় বিষয়ে একটি প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়। এছাড়া হজযাত্রীদের মধ্য থেকেও কয়েকজন অভিজ্ঞতা ও প্রত্যাশা তুলে ধরেন।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!