দারিদ্র্য দূর করে দেশের মানুষের জীবনমান উন্নয়ন এবং তাদের ভাগ্য পরিবর্তনে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার রাজধানীর মাদানী এভিনিউয়ের পিপার ট্রি বিডি ইভেন্ট ভেন্যুতে জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) কার্নিভাল–২০২৬ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, দেশের উন্নয়ন ত্বরান্বিত করতে দারিদ্র্য বিমোচন একটি প্রধান লক্ষ্য। এ লক্ষ্যে সরকার জনগণের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে। তরুণদের ভূমিকার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, নেতৃত্বের বিকাশ এবং সমাজসেবামূলক কর্মকাণ্ডে জেসিআই বাংলাদেশের ভূমিকা প্রশংসনীয়। সংগঠনটির কার্যক্রম আরও বিস্তৃত করে দেশের উন্নয়নে অবদান রাখার আহ্বান জানান তিনি।
মন্ত্রী আরও বলেন, স্বাধীনতার পর গত কয়েক দশকে বাংলাদেশ উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং কৃষি খাতের উন্নয়ন এ অগ্রগতির গুরুত্বপূর্ণ দিক। তরুণদের উদ্দেশে তিনি বলেন, নতুন স্বপ্ন ও উদ্যম নিয়ে দেশ গঠনে এগিয়ে আসতে হবে। টেকসই উন্নয়ন ও দারিদ্র্য দূরীকরণে তরুণ সমাজের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য। অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের তরুণ উদ্যোক্তা ও সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!