রাজনীতি

জ্বালানির দাম বৃদ্ধি ‘মরার ওপর খাঁড়ার ঘা’: জামায়াত আমির

আপডেট: এপ্রি ১৯, ২০২৬ : ০৪:৫৫ এএম
জ্বালানির দাম বৃদ্ধি ‘মরার ওপর খাঁড়ার ঘা’: জামায়াত আমির

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমলেও দেশে নতুন করে মূল্য বাড়ানোর সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি এ সিদ্ধান্তকে সাধারণ মানুষের জন্য ‘মরার ওপর খাঁড়ার ঘা’ বলে মন্তব্য করেছেন।

শনিবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ প্রতিক্রিয়া জানান। রোববার থেকে কার্যকর হতে যাওয়া নতুন মূল্যহার ঘিরে দেশজুড়ে আলোচনা চলার মধ্যেই তার এ মন্তব্য আসে।

পোস্টে ডা. শফিকুর রহমান লিখেছেন, ‘বিশ্ববাজারে যখন জ্বালানি তেলের দাম কমছে, তখন দেশে দর সমন্বয়ের নামে মূল্য বাড়ানো অত্যন্ত দুঃখজনক।’

তিনি বলেন, নিত্যপণ্যের ঊর্ধ্বগতির কারণে সাধারণ মানুষ এমনিতেই চাপে রয়েছে। জ্বালানির দাম বাড়ালে জীবনযাত্রার ব্যয় আরও বাড়বে, যা মানুষের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করবে।

এর আগে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের নতুন মূল্য নির্ধারণ করে। নতুন দামে প্রতি লিটার ডিজেল ১১৫ টাকা, কেরোসিন ১৩০ টাকা, অকটেন ১২০ টাকা এবং পেট্রোল ১১৬ টাকা নির্ধারণ করা হয়েছে, যা ১৯ এপ্রিল থেকে কার্যকর হবে।

এর আগে প্রতি লিটার ডিজেলের দাম ছিল ১০০ টাকা এবং কেরোসিন ১১২ টাকা। মন্ত্রণালয় জানিয়েছে, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের বাজারে জ্বালানির দাম সমন্বয় করা হয়েছে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!